Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: রবিবার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা প্রথম ৫০ রানের উদ্বোধনী জুটিতে রেকর্ড গড়েই শুরু করেন। টস হেরে প্রথমে ব্যাট করতে যেতে হলেও সেটা যে তাদের জন্য বড় কো‌নও সমস্যা নয় সেটা টসে হারের পরই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। আর সেটাই কাজে করে দেখালেন দলের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। যদিও অভিষেকের খারাপ ফর্ম তাঁকে আলোচনায় রেখেছে প্রথম থেকেই। তবুও টিম ম্যানেজমেন্ট তাঁর উপর থেকে আস্থা হারায়নি। যার প্রতিদান দ্রুততম হাফসেঞ্চুরি করে দিলেন টি২০ ক্রিকেটের এই মুহূর্তের সব থেকে বিধ্বংসী ব্যাটার।

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে স্যামসন এবং অভিষেক কিউইদের নতুন বলের বোলারদের উড়িয়ে দিয়ে মাত্র চার ওভারে পঞ্চাশ রানের জুটি গড়েন। যা করতে ভারতীয় জুটি পাঁচটি চার এবং তিনটি ছক্কা হাঁকিয়ে ফেলেছে। এটাই টি২০ ক্রিকেটের সৌন্দর্য। যা রেকর্ডে পৌঁছে দিল ভারতকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এর আগে সর্বোচ্চ ওপেনিং জুটি ছিল ২০০৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের কামরান আকমল এবং শাহজাইব হাসানের ৪৮ রান। চিরশত্রু পাকিস্তানের রেকর্ড ভেঙেই নতুন রেকর্ড গড়ল ভারত। কোনও ভারতীয় জুটির এর আগের সর্বোচ্চ ছিল ২৫ রান, ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে গৌতম গম্ভীর এবং ইউসুফ পাঠানের ব্যাটে।

এর মধ্যে আরও একটি রেকর্ডও হল। ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ১৮ বলে হাফসেঞ্চুরি হাঁকালেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজের ঘুরে দাঁড়ানোর বার্তাটা দিয়ে গেলেন তিনি, আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম অর্ধশতক হাঁকিয়ে। যদিও ২১ বলে ৫২ রান করে ফিরলেন তিনি। তবে ততক্ষণে রেকর্ডে নাম লিখিয়ে ফেলেছেন সঙ্গে ভারতকে একটা সঠিক শুরুও দিয়ে দিয়েছেন।

সেমিফাইনালের পর ফাইনালেও হাফসেঞ্চুরি হাঁকালেন সঞ্জু স্যামসন। ৩৩ বলে করলেন ৫০ রান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *