সৌরভ গঙ্গোপাধ্যায়
অলস্পোর্ট ডেস্ক: জন্মদিনেই নতুন ঘোষণা সৌরভ গঙ্গোপাধ্যায়-এর। বেশ কয়েকদিন ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন। শেষ পর্যন্ত মোক্ষম দিনে খোলসা করলেন তিনি। যখন সবাই সোশ্যাল মিডিয়ায় সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত তখনই সোশ্যাল মিডিয়াতেই সেই ঘোষণা করে দিলেন তিনি। আনতে চলেছেন একটি অ্যাপ। যেখানে অনলাইনে করানো হবে বিভিন্ন কোর্স। ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’ নামক এই অ্যাপ ঘিরে শুরুতেই তৈরি হয়েছে আগ্রহ। তাঁর নামেই যে এই অ্যাপের সঙ্গে যুক্ত হবেন ছাত্র-ছাত্রীরা তা নিয়ে কোনও সংশয় নেই।
এদিন একটি লম্বা টুইট করেছেন সৌরভ। সেখানে তিনি লেখেন, ‘’১৬ বছরের বেশি সময় ধরে আম্তর্জাতিক ক্রিকেট এবং পরে অসংখ্য ম্যাচ খেলেছি। আমার ৫১তম জন্মদিনে আমি আমার সব শিক্ষাকে আপনাদের জন্য একত্রিত করেছি। এখন সেগুলো আপনাদের! ঘোষণা করছি ‘সৌরভ গাঙ্গুলি মাস্টারক্লাস’ লার্নিং অ্যাপের। এটি আমার প্রথম অনলাইন কোর্স লিডারশিপ নিয়ে।’’
তবে এই কাজে তিনি একা নামেননি। ক্লাসপ্লাস অ্যাপের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করতে চলেছেন সৌরভ। তিনি তাঁর টুইটে লেখেন, ‘‘ধন্যবাদ জানাই ক্লাসপ্লাস অ্যাপ এবং টেক সাপোর্ট টিমকে যাঁরা এটি করতে সহযোগিতা করেছেন। আপনারা সব সময়ই আমার পরিবারের মতো।’’
তিনি আরও লেখেন, ‘‘ক্লাসপ্লাস এবং আমি মিলে অবহেলিতদের শিক্ষায় সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই এই কোর্সের জন্য।’’ বৃহস্পতিবার রাতে সৌরভ একটি টুইটে লিখেছিলেন, ৮ জুলাই তাঁর জন্মদিনে একটি বড় ঘোষণা তিনি করতে চলেছেন। কী সেই ঘোষণা তা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। আর জন্মদিনের দিন সকাল সকাল ঘোষণা করে দিলেন।
অনেকেই ধরে নিয়েছিলেন, তাঁর বায়োপিক নিক নিয়ে কোনও ঘোষণা করবেন তিনি। যা নিয়ে অনেকদিন ধরেই চলছে আলোচনা। যদিও সেই ধারণা সত্যি হয়নি। তবে ক্রিকেটার সৌরভকে যে নতুন ভূমিকায় দেখা যাবে তা ভেবেই উচ্ছ্বসিত তাঁর ভক্তরা। তিনি এমন একজন ক্রিকেটার যাঁর হাত ধরে বিধ্বস্ত ভারতীয় দল নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল। একঝাঁক তরতাজা নতুন মুখকে নিয়ে তিনি প্রমান করে দিয়েছিলেন, ম্যানম্যানেজমেন্ট কাকে বলে। আর এবার সেই পারাটাই তিনি ছড়িয়ে দিতে চান সাধারণের মধ্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
