সচিন তেন্ডুলকার
অলস্পোর্ট ডেস্ক: নিঃসন্দেহে সচিন তেন্ডুলকর ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট এবং ওয়ানডে উভয় ক্ষেত্রেই তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক এবং ২৪ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তাঁর উজ্জ্বল পারফর্ম্যান্স আজও আলোচনার কেন্দ্রে থাকে। তেন্ডুলকরের অবসরকে যেভাবে পালন করা হয়েছিল তা হয়তো অন্য কারও ক্ষেত্রে হয়নি। ২০১৩-তে অবসর নেন সচিন। তবে, এখন জানা গিয়েছে যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁর অবসরের এক বছর আগে তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল। বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক সন্দীপ পাতিল এই বিষয়ে তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি আকর্ষণীয় কথোপকথন সামনে এনেছেন।
২০১২ তেন্ডুলকরের জন্য একটি খারাপ বছর ছিল। ন’টি টেস্টে তাঁর গড় ছিল মাত্র ২৩.৮০, একটিও সেঞ্চুরি ছিল না। তাঁর ওয়ানডে গড়ও খুব বেশি ভালো ছিল না, ১০টি ম্যাচে ৩১.৫০।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে, সেই সময়ে বিসিসিআই নির্বাচন কমিটির চেয়ারম্যান পাতিল জানিয়েছেন যে ভারতীয় দল থেকে তাঁকে বাদ দেওয়ার কথা শুনে তেন্ডুলকর অবাক হয়ে গিয়েছিলেন। ঠিক কী কথপোকথন হয়েছিল, দু’জনের মধ্যে—
“আপনার পরিকল্পনা কী?” সচিনের কাছে জানতে চান পাতিল।
“তিনি বলেন ‘কেন?’ আমি তাকে বললাম কমিটি একজন বদলি খুঁজছে। তিনি অবাক হয়ে যান। তিনি আবার আমাকে ফোন করে জানতে চান, ‘আপনি কি সত্যিই বলছেন?’ আমি হ্যাঁ বলেছিলাম,” ভিকি লালওয়ানির সঙ্গে এক সাক্ষাৎকারে পাতিল বিষয়টি সামনে আনেন।
তিনি জানান, নির্বাচক কমিটির কোনও খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করার ক্ষমতা নেই। তবে আতঁর বদলি খোঁজা হচ্ছে শোনার পরও জোড় করে দলে থেকে যাওয়ার মানুষ সচিন নন। তার পরই তিনি অবসরের সিদ্ধান্ত নেন বলে জানান সন্দীপ পাতিল। সেই সময় সিদ্ধান্তের কথা স্বয়ং সচিন তাঁকে জানিয়ে ছিলেন।
“নির্বাচকরা একজন খেলোয়াড়কে বাদ দিতে পারেন। নির্বাচকরা কোনও খেলোয়াড়কে বলতে পারেন না যে তার ক্যারিয়ার শেষ। আমরা তার পরিকল্পনা জিজ্ঞাসা করেছি। তিনি বলেছিলেন যে তিনি চালিয়ে যেতে চান। আমরা বলেছিলাম ঠিক আছে,” পাতিল বলেন।
“আমি বুঝতে পারছি কেন মানুষ রেগে গিয়েছিল। তিনি সচিন তেন্ডুলকর। কিন্তু কেউ সেগুলো নিয়ে কথা বলে না যখন আমরা শামী, বুমরাহ, অশ্বিন, জাদেজা, রাহানেদের দলে নিয়েছিলাম। কেউ সেই নির্বাচনগুলো নিয়ে কথা বলে না। তারা কেবল মনে রাখে যে আমরা সচিনকে বাদ দিয়েছিলাম,” পাতিল বলেন।
২০১৩ সালের নভেম্বরে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাঁর ঘরের দর্শকদের সামনে তেন্ডুলকর তাঁর শেষ টেস্ট খেলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
