Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ চলতি বছরের আগস্ট মাসে হল্যান্ডের আমস্টেলভিনের ওয়াগানার হকি স্টেডিয়ামে বিশ্বকাপ হকির অভিযান শুরু করবেন অধিনায়ক হরমনপ্রীত ও তাঁর সতীর্থরা। এবার পুল ডি-‌তে ভারতের সঙ্গে আছে ওয়েলস, ইংল্যান্ড ও পাকিস্তান। ভারতীয় হকি দলের প্রথম ম্যাচ ওয়েলসের বিরুদ্ধে ১৫ আগস্ট। ১৭ আগস্ট প্রতিপক্ষ ইংল্যান্ড। ১৯ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। কাগজে কলমে পাকিস্তানের থেকে এগিয়ে থাকলেও, বা টানা ১৭ ম্যাচ অপরাজিত রইলেও, নতুনভাবে জেগে ওঠা পাকিস্তানকে হাল্কা ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের কোচ ক্রেগ ফুলটন তাঁর খেলোয়াড়দের।

ভারতীয় হকি দলের চিফ কোচ ফুলটন মনে করেন পকিস্তানের যতই মাঝে খারাপ দিন যাক না কেন, তারা আবার নতুন করে নিজেদের মেলে ধরে বিশ্বকপে যোগ্যতার্জন করেছে। পকিস্তান হকির ঐতিহ্যের কথা মাথায় রেখে ফুলটনের প্রতিক্রিয়া, ‘‌ সূচী নিয়ে বেশ উত্তেজিত। পুলটা বেশ কঠিন। বিশ্বকাপে এটাই স্বাভাবিক ঘটনা। সেরাদের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা যাচাই ও প্রমাণের জায়গা। খেলোয়াড়রা সকলেই সেটা জানে। সেভাবেই শিবিরে তারা ঘাম ঝরাচ্ছে। খোশমেজাজে কাটাচ্ছে প্র‌্যাকটিসে। ওদের মধ্যে ভাল কিছু করার একটা খিদে আছে। একইসঙ্গে উজ্জীবিতও। প্রতিপক্ষ সম্পর্কে পরিষ্কার ধারনা থাকায় নিজেদের তৈরি করতে সুবিধা হচ্ছে।’‌

পুলে থাকা প্রতিপক্ষরা কেমন, তাদের বিরুদ্ধে খেলার কৌশল কী হবে , তার একটা আভাস দিয়েছেন কোচ ফুলটন। বলেছেন, ‘‌ এই পুলের সব দলকেই গুরুত্ব দিতে হবে। তার মানে এই নয় যে ভয় পেতে হবে। শীর্ষ বাছাই দল ইংল্যান্ড। ওরা সংগঠিত ও শক্তিশালী প্রতিপক্ষ। ফিজিকাল সাইড। পাকিস্তান একটা ঐতিহ্যশালী দল। ওরা কখন কী করবে বলা মুশকিল। তাই ওদের হাল্কাভাবে নিলে ভুগতে হবে। ওয়েলস আন্তর্জাতিক স্তরে নিজেদের ছাপ রাখছে ভাল পারফর্ম করে। ওদের মধ্যে শক্তি ও কিছু করে দেখানোর একটা জোস আছে। সেটা বুঝেই ওদের মোকাবিলা করা জরুরি।’‌

আগস্টে বিশ্বকাপের আসরে নামার আগে প্রস্তুতির অনেকটা সময় মিলছে। সেটা পুরোপুরি কাজ লাগাতে চান ফুলটন। তিনি দলের বোঝাপড়া, প্রেসিং ও ফিনিশিংয়ের ওপর জোর দিচ্ছেন অনুশীলনে। ফুলটনের মতে, ‘‌ বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার শেপ ও শৃঙ্খলার পাশাপাশি আমাদের প্রেসিং ও ফিনিশিং একটা বড় ফ্যাক্টর হবে সাফল্য পেতে। আমাদের পুলের প্রতিটি প্রতিপক্ষের একটা নিজস্ব খেলার ধরন ও কৌশল আছে। শক্তির তারতম্যও। সেটা বিশ্লেষণ করেই নিজেদের গেমটা সাজাতে হবে ম্যাচ জিততে। ঠিক সময়ে নিজেদের ফর্মটা তুঙ্গে নিয়ে যেতে হবে। বিশ্বকাপে বড় সাফল্য পেয়ে ভারতকে গর্বিত করাই লক্ষ্য। খেলোয়াড়রা জানে দেশের জার্সি গায়ে খেলা কতটা সম্মানের। দেশের মানুষই বা তাদের কাছে কী প্রত্যাশা করে। তাদের জন্য আমাদের একটা বার্তা, সঙ্গে থাকুন, প্রাণখুলে আমাদের সমর্থন করুন, আমার আপনাদের হতাশ করব না। চক দে ইন্ডিয়া।’‌

ফুলটনের ভারতীয় হকি দল অবশ্য কিছুটা চাপে ও সমালোচনার মুখে পড়েছিল, ঘরের মাঠে প্রো হকি লিগে ৪টি ম্যাচ হেরে। তবে সেই চাপ সামান্য হলেও কাটিয়েছে গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে দুটি ম্যাচ ড্র রাখতে পেরে। ভারতীয় দলের পরের সফর রয়েছে হল্যান্ড ও ইংল্যান্ডে। ওখানে হকি প্রোলিগের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবেন হরমনপ্রীতরা বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *