Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ মঙ্গলবার বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানে আইপিএল ২০২৬ মরশুমের জন্য সদ্য টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ক্রিকেটার রিংকু সিংয়ের নাম সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স(‌কেকেআর)‌। আজিঙ্কে রাহানে অধিনয়াকের দায়িত্ব সামালাবেন তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের। গোটা কেকেআর দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে মঞ্চে তুলে পরিচয় করানোর কাজটা সারা হয় এদিন সমর্থকদের তুমুল জয়ধ্বনির মধ্যে।

অনুষ্ঠানের শেষে ছিল আর একটা চমক। এক আবেগঘন পরিবেশে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর মঞ্চে ডেকে নেন দলের প্রাক্তন ক্রিকেটার, যিনি বর্তমানে দলের সাপোর্ট স্টাফ, সেই আন্দ্রে রাসেলকে। তাঁর হাতে ১২ নম্বর জার্সি তুলে দিয়ে বলেন, রাসেলের পরিহিত ১২ নম্বর জার্সিটা তাঁর সম্মানে বরাবরের জন্য ‘‌অবসরে’‌ পাঠানো হল। এই জার্সি দলের আর কেউ ব্যবহার করবেন না। এই ঘোষণার পর হলে উপস্থিত কেকেআর ক্রিকেটার, কোচিং স্টাফ ও সমর্থকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানান রাসেলকে। তখন রাসেলের চোখের কোনটা চিকচিক করে উঠতে দেখা গেছে। রাসেল নিজেও বলেন, যে সম্মান কেকেআর তাঁকে দিল, তা কোনদিন ভোলার নয়। খেলোয়াড় হিসেবে যেভাবে তিনি কেকেআর দলেরল সাফল্যের জন্য মাঠে লড়েছিলেন, সহকারী কোচের ভূমিকায় চিফ কোচ অভিয়েক নায়ারের সঙ্গে হাত মিলিয়ে ট্রফি জেতার কাজ করবেন এখন থেকে।

রিংকু সিংকে সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া নিয়ে চিফ কোচ অভিষেক নায়ার বলেন, ‘‌ এটাই সঠিক সময় রিংকুর বাড়তি দায়িত্ব নেওয়ার। কলকাতায় প্রথমবার এসে সাপোর্ট স্টাফের ভূমিকায় খুব কাছ থেকে রিংকুকে দেখেছিলাম। যতদিন গেছে রিংকু নিজের খেলায় উন্নতি করেছে। দিনে দিনে রিংকু একজন দুরন্ত ক্রিকেটার থেকে লিডার হয়ে উঠেছে দলে। মাঠের ভেতর ও বাইরে ও দলকে উজ্জীবিত করে। দারুন ফিনিশার। গোটা দল ওর ওপর ভরসা রাখে। টি২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য রিংকু। তাই সহ অধিনায়ক হিসেবে আজিঙ্কে রাহানোর সঙ্গে ম্যাচে দায়িত্ব ভাগ করে নেওয়ার কাজটা রিংকু ভালই পারবে বলে মনে করি।’‌

২০২৩ মরশুমে গুজরাট টাইটানসের বিরুদ্ধে রিংকুর ব্যাট থেকে টানা ৫টি ছক্কা এসেছিল। সেসময় থেকেই রিংকুর পাশে বিগ হিটারের পাশাপাশি ‘‌পরিত্রাতা ক্রিকেটার’‌ শব্দটা বসে গেছে। সহ অধিনায়কের দায়িত্ব পেয়ে রিংকুর প্রতিক্রিয়া, ‘‌ কেকেআর মালিক ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আমাকে এমন একটা পদের জন্য যোগ্য মনে করায়। আমি এই আস্থার মর্যাদা রাখতে জান লড়িয়ে দেব। অধিনায়ক আজিঙ্কে রাহানের সঙ্গে কাজ করতে তৈরি দলের সাফল্য আনতে। সমর্থকদের বলছি, পাশে থাকুন, এবার আইএসএল ট্রফি কেকেআরের ঘরেই আসবে।’‌

অধিনায়ক আজিঙ্কে রাহানের মুখেও রিংকুর প্রশংসা। বলেন, ‘‌রিংকুর মতো একজন ক্রিকেটারের সঙ্গে দায়িত্ব ভাগ করে নেওয়ার সুযোগ পাওয়ায় চাপটা অনেক কমে যাবে। প্রতি বছরই খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে ভিন্ন চ্যালেঞ্জ সামনে আসে। এবারের দলটা বেশ ভাল। অনেক প্রতিভাবান ক্রিকেটারে ভরা। চোটের জন্য আমরা কয়েকজন গুরুত্বপূর্ণ বোলারকে মিস করব। তবে ওরা দলে আছে। পরে পাওয়া যেতেই পারে। সে যাই হোক, আমরা ইতিবাচক মনোভাব নিয়ে এবার মাঠে নামতে তৈরি। গতবার আমাদের ফল ভাল হয়নি। এবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে সেই আক্ষেপ মেটাতে চাই।’‌

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *