অলস্পোর্ট ডেস্ক: একটি নতুন গোষ্ঠীর মালিকানাধীন হওয়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কি তাদের নাম পরিবর্তন করবে? এই প্রশ্নটিই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। এর কারণ হল, মঙ্গলবার আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম বা জোট আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১০০ শতাংশ মালিকানা বা ইক্যুইটি শেয়ার কিনে নিয়েছে। বর্তমান মালিক ‘ইউনাইটেড স্পিরিটস লিমিটেড’-এর কাছ থেকে এই শেয়ার কিনতে তাদের খরচ হয়েছে বিশাল অঙ্কের ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৭০৬ কোটি টাকা)। এই কনসোর্টিয়ামে যুক্ত থাকা অন্যান্য পক্ষগুলো হলো—ব্ল্যাকস্টোনের ‘পারপেচুয়াল প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজি’ বা বিএক্সপিই (যে প্রতিষ্ঠানটির সিইও হলেন ভাইরাল প্যাটেল), মার্কিন বিনিয়োগকারী ডেভিড ব্লিটজারের মালিকানাধীন ‘বোল্ট ভেঞ্চার্স’ এবং সংবাদমাধ্যম গোষ্ঠী ‘টাইমস অফ ইন্ডিয়া’।
আরসিবি হলো আইপিএল-এর সেই আটটি ফ্র্যাঞ্চাইজির একটি, যারা ২০০৮ সালে এই লিগ শুরুর সময় থেকেই এর অংশ। যদিও তারা ২০২৫ সালে তাদের প্রথম আইপিএল শিরোপা জেতে। তবে, আদিত্য বিড়লা গ্রুপের অন্যতম পরিচিত মুখ অনন্যা বিড়লার একটি পোস্ট যদি সঠিক হয়, তবে আরসিবি-র নাম সম্ভবত আর পরিবর্তন করা হবে না। অনন্যা তাঁর ইনস্টাগ্রাম ‘স্টোরি’-তে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে দলটির নাম অপরিবর্তিতই থাকবে।
আরসিবি মালিমকানার এই হাত পরিবর্তন দলটিকে আইপিএল-এর ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে দামী দলে পরিণত করেছে—ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক বিবৃতিতে জানিয়েছে, “ইউনাইটেড স্পিরিটস লিমিটেড তাদের পরিচালনা পর্ষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ঘোষণা করছে যে, তারা তাদের পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান ‘রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড’-এর ১০০ শতাংশ ইক্যুইটি শেয়ার একটি কনসোর্টিয়ামের কাছে বিক্রির বিষয়ে চূড়ান্ত চুক্তিতে উপনীত হয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “এই কনসোর্টিয়ামে অন্তর্ভুক্ত রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ, টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স এবং ব্ল্যাকস্টোনের পারপেচুয়াল প্রাইভেট ইক্যুইটি স্ট্র্যাটেজি। সম্পূর্ণ নগদ অর্থের বিনিময়ে সম্পন্ন হওয়া এই লেনদেনের মোট মূল্য নির্ধারিত হয়েছে ১৬৬.৬ বিলিয়ন ভারতীয় টাকা।”
এই লেনদেনের আওতাভুক্ত রয়েছে আরসিবি-র পুরুষ দল এবং মহিলা দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
