Cart Total Items (0)

Cart

All Sports
আনোয়ার আলি

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের সেরা স্টপার আনোয়ার আলি-র সঙ্গে চুক্তি সেরে ফেলল মোহনবাগান সুপার জায়ান্ট। সদ্য সাফ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। তার আগে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতীয় ফুটবলে নিজেকে পরিচিত করিয়েছিলেন তিনি। আনোয়ার মোহনবাগানে যোগ দেওয়ায় দলের রক্ষণ যে অনেক শক্তিশালী হবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।  যদিও আনোয়ার আলি তাঁর ফুটব কেরিয়ার শুরু করেছিলেন স্ট্রাইকার হিসেবে। মিনার্ভা অ্যাকাডেমির ফসল পঞ্জাবের আনোয়ার ছোট থেকেই ফুটবলে নিজের জাত চেনাতে শুরু করেছিলেন।

স্কুল ফুটবল থেকে মিনার্ভা অ্যাকাডেমি হয়ে ভারতীয় যুব দলের যাত্রাটা আনোয়ারের উত্থানের মধ্যে দিয়েই হয়েছে। মিনার্ভা অ্যাকাডেমিতে গিয়েই স্ট্রাইকার থেকে হয়ে গেলেন ডিফেন্ডার। কারণ যদিও অন্যরকম। সেই সময় মিনার্ভায় অনেক স্ট্রাইকার ছিলেন সেই তুলনায় ডিফেন্ডার ছিলেন কম। তাই ছ’ফুট লম্বা আনোয়ারের উচ্চতাকে কাজে লাগাতে তাঁকে করে দেওয়া হল ডিফেন্ডার। স্ট্রাইকিং দক্ষতা থাকায় রক্ষণ থেকে উঠে গিয়ে ডেড বল সিচুয়েশনে হেডে গোল করার একটা সহজাত প্রতিভা রয়েছে তাঁর। সব মিলে আনোয়ারের অন্তর্ভূক্তি সবপপজ-মেরুন ব্রিগেডের কাজেই লাগবে। তাঁর পাসিং দক্ষতাও চোখে পড়ার মতো। অনূর্ধ্ব-২০ আর্জেন্তিনা দলের বিরুদ্ধে গোল রয়েছে তাঁর। সেটিই ছিল জয়সূচক গোল। জাতীয় সিনিয়র দলের হয়ে বাহরিনের বিরুদ্ধেও গোল করেছেন তিনি।

কলকাতার ফুটবল তথা মোহনবাগানে খেলার স্বপ্ন দেখেছিলেন আনোয়ার। শেষ পর্যন্ত সেই স্বপ্ন সফল হতে চলেছে তাঁর। প্রিয় ক্লাবের সঙ্গে চুক্তির পর আনোয়ার বলেন, ‘‘কলকাতায় খেলার স্বপ্ন থাকে সব ফুটবলারেরই। আমিও ছোটবেলা থেকেই কলকাতায় খেলার স্বপ্ন দেখতাম। আর মোহনবাগানের মতো ক্লাবে খেলা যেখানে খেলে গিয়েছেন অনেক কিংবদন্তী ফুটবলার, ভাবলেই রোমাঞ্চিত লাগছে। এই জার্সি পরে আমি মাঠে নামব। এখন থেকেই সমর্থকদের মেসেজ পাচ্ছি। এত সমর্থন, হাজার হাজার সমর্থকদের সামনে খেলা অনুপ্রেরণা। আমি সবে কেরিয়ার শুরু করেছিল তাই এখনও অনেককিছু শেখার রয়েছে। বড় ক্লাবে নিজেকে মানিয়ে নেওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ।’’

সমর্থকদের উদ্দেশে তিনি বার্তা দিয়েছেন, সবার সমর্থ চেয়েছেন এবং তিনি সবার তাঁকে ঘিরে যে স্বপ্ন তা পূরণ করার কথাও দিয়েছেন। তিনি বলেন, ‘‘আমি মোহনবাগান সুপার জায়ান্টে খেলতে এসেছি তিনটি লক্ষ্য নিয়ে। এক, কলকাতা ডার্বি খেলব, যেটা আমার স্বপ্ন।  ডার্বি জিতে মোহনবাগান সমর্থকদের সম্মান জানাতে চাই। দুই, আমি জাতীয় দলের জার্সিতে কাপ জিতলেও কখনও আইএসএল জিতিনি। মোহনবাগান যা দল গড়েছে তাতে আমার আইএসএল ট্রফি ছোঁয়ার স্বপ্ন পূরণ হবে বলে মনে হচ্ছে। তিন, মোহনবাগান দেশের সেরা ক্লাব। শুধু দেশ নয় আন্তর্জাতিক মঞ্চেও ক্লাবের নাম উজ্জ্বল করতে পারে ক্লাব। ভারতের হয়ে অনেক আন্তর্জাতিক মঞ্চে খেলেছি এবার ক্লাবের জার্সিতে জিততে চাই।’’ সামনেই এএফসি কাপ। আনোয়ারের লক্ষ্য এএফসি কাপে খেলে দলকে জেতানো।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *