Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: একটি প্রতিবেদন অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের (সিএসকে) আইকন এমএস ধোনি আইপিএল ২০২৬-এর এপ্রিল মাসের শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন। তাঁর শুরুতেই মাঠে নামতে না পারার খবর সিএসকে নিশ্চিত করার একদিন পরই এমন খবরও সামনে আসছে। তাদের প্রাক্তন অধিনায়ক এই মরসুমের প্রথম দু’টি ম্যাচে খেলতে পারবেন না, বলে জানিয়েছিল সিএসকে কর্তৃপক্ষ। কারণ তিনি বর্তমানে পায়ের পেশিতে টানের সমস্যার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। ‘দ্য টাইমস অফ ইন্ডিয়া’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ৪৪ বছর বয়সী এই তারকা ছ’বারের চ্যাম্পিয়ন দলটির হয়ে ছ’টি ম্যাচ পর্যন্ত মিস করতে পারেন। ১৪ এপ্রিল চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে যে হাই-ভোল্টেজ ম্যাচটি রয়েছে, তাতেও ধোনির অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।

যা নিশ্চিতভাবেই চেন্নাই সুপার কিংসের জন্য বড় ধাক্কা। কারণ সিএসকে এবং ধোনি সমার্থক হয়ে গিয়েছে প্রথম থেকেই। এদিকে এটি নিশ্চিত করা হয়েছে যে, সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচের জন্য গুয়াহাটিগামী দলের সঙ্গে ধোনি যাননি। দলের তরফে জানা গিয়েছে এখন তিনি বিশ্রামে আছেন এবং দল চাইছে তিনি যত দ্রুত সম্ভব দলে ফিরে আসুক।

এদিকে চেন্নাই সুপার কিংস-এর উদ্বোধনী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান ব্যাটার ডিওয়াল্ড ব্রেভিসকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে। অনুশীলনের সময় ব্রেভিস ‘সাইড স্ট্রেইন’-এ (পাজরের পেশিতে টান) আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। রবিবার এসিএ স্টেডিয়ামে আয়োজিত প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং বলেন, “সিএসকে আশাবাদী যে, ব্রেভিস দ্রুত ফিট হয়ে উঠবে।” ব্রেভিসের চোট সমস্যাকে আরও বাড়ালো কারণ দলের ফাস্ট বোলার নাথান এলিস ইতিমধ্যেই পুরো মরসুমের জন্য ছিটকে গিয়েছেন।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ধোনি আইপিএল-এ খেলা চালিয়ে যাচ্ছেন। প্রতিটি আইপিএল মরসুম শেষে ৪৪ বছর বয়সী এই তারকার আইপিএল ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায়। যেহেতু ধোনি এখন শুধুমাত্র আইপিএল-ই খেলেন, তাই তাঁর পক্ষে ম্যাচের উপযোগী শারীরিক সক্ষমতা বজায় রাখা কিছুটা কঠিন হয়ে পড়ে।

যদিও রুতুরাজ গায়কোয়াড় বর্তমানে দলটির অধিনায়ক, তবুও ধোনিই এই ফ্র্যাঞ্চাইজির প্রকৃত বা নেপথ্যের নেতা হিসেবে রয়ে গিয়েছেন। ২০০৮ সাল থেকে (প্রতিযোগিতা থেকে দলটির সাময়িক নিষেধাজ্ঞার সময়টুকু বাদ দিলে) তিনি সবসময়ই এই দলের সঙ্গে যুক্ত ছিলেন।

গত আইপিএল মরসুমে ধোনি ১৪টি ম্যাচ খেলেছিলেন এবং ইনিংসের শেষদিকে ঝোড়ো ব্যাটিং করে দলকে চূড়ান্ত গতি এনে দেওয়ার লক্ষ্যে তিনি ব্যাটিং অর্ডারের নিচের দিকে নামতেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর থেকেই তাঁকে বারবার হাঁটুর সমস্যার মুখে পড়তে হয়েছে এবং ২০২৩ সালে তিনি হাঁটুর একটি অস্ত্রোপচারও করিয়েছিলেন।

ধোনির অনুপস্থিতিতে সিএসকে-র হয়ে সম্ভবত সঞ্জু স্যামসনই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। আইপিএল ২০২৬-এর নিলামের আগেই রাজস্থান রয়্যালস (আরআর) থেকে স্যামসনকে দলে নিয়েছিল সিএসকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *