Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: এদিনের যুবভারতী ছিল ডার্বির। তবে ফুটবলের নয়। এতদিন শুধুই ফুটবলের ডার্বি দেখেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। রবিবার দেখল হকির ডার্বি। ডার্বি মানেই টান টান উত্তেজনা, সমর্থকদের গ্যালারি ভরানো। এদিনও তার অন্যথা হয়নি, হোক না সেটা হকি খেলছে তো ইস্টবেঙ্গল আর মোহনবাগা‌ন। হুঙ্কার থেকে টিফো সবই ছিল এদিনের গ্যালারিতে। কে বলবে, এটা ছিল হকির ডার্বি। সদ্য খুলেছে যুবভারতীর হকির অ্যাস্ট্রেটার্ফ গ্রাউন্ড। বেটন কাপ দিয়ে উদ্বোধন হয়েছিল এই মাঠের। তার পর থেকে অবশ্য খালিই পড়েছিল এই মাঠ। শেষ পর্যন্ত আবার বল গড়াল এই মাঠে, যেখানে ইস্টবেঙ্গলে ৪-১ গোলে হারিয়ে এই মাঠের প্রথম ডার্বিতে নাম লিখিয়ে ফেলল মোহনবাগান।

এদিন মোহনবাগানের হয়ে জোড়া গোল করেছেন ববি সিং ধামি। বাকি গোলগুলি মহম্মদ রাহিল এবং শ্রেয়স ধুপের। ইস্টবেঙ্গলের হয়ে একমাত্র গোলটি করেন সিমরনজোৎ সিং। এদিন প্রথম থেকেই দাপট দেখায় মোহনবাগান। তাদের আক্রমণাত্মক হকির সামনে দাঁড়াতে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বি ইস্টবেঙ্গল।

জোড়া গোল করে দলকে জিতিয়ে খুশি ববি সিং ধামি। তিনি বলেন, “ভালো লাগছে দলকে জেতাতে পেরে। দল জিতেছে, সেটাই সবচেয়ে বড় কথা। ডার্বি জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এবার আমাদের লক্ষ্য ট্রফি জেতা,” বলেন তিনি। কলকাতা ডার্বি সম্পর্কে তিনি যে যথেষ্টই ওয়াকিবহাল তা তাঁর কথাতেই স্পষ্ট। যে কারণে দলের ডার্বি জয়ে ভূমিকা রাখতে পেরে খুশি তিনি। ইতিমধ্যেই অনেক গোল করে ফেলেছেন তিনি। তবে মনে নেই ক’টা হল। চেষ্টা করে বললেন, ‘‘ছয় বা সাত হবে, ঠিক মনে নেই। দেখতে হবে।’’ তবে গ্যালারির উচ্ছ্বাস দেখে স্বভাবতই খুশি তিনি।

এদিন মোহনবাগানের সদ্য প্রয়াত সমর্থক শান্তি চক্রবর্তীকে স্মরণ করে হকির মাঠেই টিফো নামান সবুজ-মেরুন সমর্থকেরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *