অলস্পোর্ট ডেস্ক: ঠিক যেমনটা প্রথমে রায়ান উইলিয়ামসের সঙ্গে হয়েছিল। ভারতীয় দলের সঙ্গে শিবিরে যোগ দিয়েও খেলতে পারেননি ছাড়পত্র না আসায়। অবনীত ভারতীর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে হংকং ম্যাচের প্রস্তুতিতে কোচিতে রয়েছে ভারতীয় দল। ৩১ মার্চ সেখানেই খেলবে দুই দল। তার আগে ভারতীয় শিবিরে অবনীত ভারতীকে ডেকে নিয়েছিলেন কোচ খালিদ জামিল। কিন্তু ম্যাচের মাত্র দু’দিন আগে জানা গিয়েছে এএফসির ছাড়পত্র ছাড়া ভারতের হয়ে খেলতে পারবেন না অবনীত কারণ তাঁর জন্ম স্থান হিসেবে নেপাল রয়েছে। এই পরিস্থিতিতে রবিবার তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ভারতীয় দল। যদিও তাঁকে ছেড়ে দেওয়ার কারণ হিসেবে সঠিকভাবে কিছু জানানো হয়নি ফেডারেশনের পক্ষ থেকে, শুধু বলা হয়েছে, অবনীত তাঁর বলিভিয়ার ক্লাবে ফিরছেন।
#BlueTigers squad update 🇮🇳
Defender Abneet Bharti has been released from the Indian senior men’s team camp in Kochi and has returned to his club in Bolivia, Academia del Balompié Boliviano.
Wishing him the very best ahead of the new season of the Bolivian league. #ACQ2027…
— Indian Football (@IndianFootball) March 29, 2026
তবে অবনীত সোশ্যাল মিডিয়ায় তাঁর ভারতীয় শিবির ছেড়ে বলিভিয়ার ক্লাবে ফিরে যাওয়ার কারণ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘‘আমাকে জানানো হয়েছে, এএফসির তরফে এনওসি না থাকলে সরকারিভাবে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করা সম্ভব নয়। কারণ আমার জন্মস্থান হিসেবে নেপালের কাঠমান্ডু রয়েছে। শনিবার বিকেলে জানা যায় যে আমার সেই এনওসি ম্যাচের আগে এসে পৌঁছবে না।’’

২০১৯-২০ মরসুমে ভারতীয় ফুটবলে পা রেখেছিলেন তিনি। খেলেছিলেন আইএসএল দল কেরালা ব্লাস্টার্সের হয়ে। সেদিক থেকে দেখতে গেলে তাঁর হোম গ্রাউন্ডেই হতে চলেছে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ। যা অবস্থা তাতে তাঁকে আরও খানিকটা অপেক্ষা করতে হবে ভারতীয় দলের জার্সিতে খেলার জন্য। আপাতত বলিভিয়ার ক্লাবেই ফিরে যাবেন তিনি। তবে যা খবর পরের শিবিরে ডাকা হতে পারে অবনীতকে কারণ তাঁকে পছন্দ হয়েছে খালিদ জামিলের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
