অলস্পোর্ট ডেস্ক: দলীপ ট্রফি-র সেমিফাইনালে উত্তরাঞ্চলকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়ে গেল দক্ষিণাঞ্চল। কিন্তু ম্যাচ শেষে বির্তক দেখা দিল উত্তরাঞ্চলকে ঘিরে। সময় নষ্ট করার জন্য ক্রিকেটারদের স্পোর্টম্যান স্পিরিটের দিকে আঙুল তুলছেন অনেকেই। জয়ন্ত যাদবের নেতৃত্বে উত্তরাঞ্চল দল ৫.৫ ওভার করতে সময় নেয় ৫৩ মিনিট। একেই বৃষ্টির জন্য ১০০ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছিল। তার ওপর ইচ্ছাকৃত সময় নষ্ট করার জন্য ক্ষোভ দেখা দেয় সকলের মধ্যে।
ব্যাটিং-এ তেমন সুবিধা করতে পারেনি উত্তরাঞ্চল। কম রানের ম্যাচে বোলিং দিয়েই তাঁরা ম্যাচের দখল নেওয়ার চেষ্টা করেছিল। বেশি সময় নিয়ে বল করলে ব্যাটাররা অনেকসময় মনোসংযোগ হারান। প্রতিপক্ষকে এই ফাঁদে ফেলেই তাঁরা ম্যাচ জিততে চেয়েছিল। কিন্তু এত কিছু করেও ম্যাচের দখল নিজেদের কাছে রাখতে পারেননি তাঁরা। ম্যাচ জেতার জন্য দক্ষিণাঞ্চলের ৫.৫ ওভারে মাত্র ৩২ রান করতে হত। আর তা করতেই সময় লেগে যায় ৫৩ মিনিট।
৫.৫ ওভারের প্রতি তিন ওভারে সময় লাগে দশ মিনিট। এবং বাকি দুই ওভারের একটিতে ১২ মিনিট এবং শেষ ওভারে ৭ মিনিট নেন বোলাররা। ৩০ গজে বোলারদের বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছিল অনেকটা দৌঁড়ে এসে বল করতে। যাতে আরও বেশি সময় নষ্ট হয়। যার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে।
যদিও দক্ষিণাঞ্চলের অধিনায়ক এই বির্তককে তেমন আমল দিতে চাননি। হনুমা বিহারী জানিয়েছেন জয়ন্ত যাদবের জায়গায় থাকলে হয়তো তিনিও একই জিনিস করতেন।
তিনি বলেছেন, ‘‘আমি বহু ম্যাচ খেলেছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি এইরকম পরিস্থিতিতে যে কোনও দল প্রতি ওভারেই সময় নিতে চায়। এটা কোনও দিক থেকেই ভুল নয়। অনেকেই বলে এতে নাকি স্পোর্টম্যান স্পিরিট নষ্ট হয়, কিন্তু আমি বলব না। আমিও একজন অধিনায়ক। আমি নিজে ওই জায়গায় থাকলে একই কাজ করতাম।’’
ফাইনালে দক্ষিণাঞ্চল নামতে চলেছে পূর্বাঞ্চলের বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
