অলস্পোর্ট ডেস্ক: আরও একবার স্বপ্নভঙ্গ ইতালির। মঙ্গলবার জেনিকার মাঠে শুরুতে বসনিয়া-হার্জেগোভিনার বিরুদ্ধে প্লেঅফের ম্যাচে ১-০ এগিয়ে যাওয়ার পরও লাল কার্ড দেখে ১০ জন হয়ে পড়ে, গোল হজম করে, শেষপর্যন্ত টাইব্রেকারে ১-৪ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইতালি। এই নিয়ে পরপর ৩টি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ গাতুসোর কোচিংয়ে থাকা আজুরি বাহিনী। ২০০৬ জার্মানি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ২০২৪ বিশ্বকাপ পর্যন্ত মূল পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে ইতালি।
সেখানে ২০১৪র পর আবার বিশ্বকাপের মূল মঞ্চে খেলবে বসনিয়া-হার্জেগোভিনা। স্বাভাবিকভাবেই বসনিয়ার মানুষের মধ্যে প্রবল উচ্ছ্বাস। বসনিয়া-হার্জেগোভিনা ২০২৬ বিশ্বকাপে গ্রুপ বি-তে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের সঙ্গে লড়বে নকআউটে জায়গা করে নিতে। এর আগে বসনিয়ারও এমন স্বপ্নভঙ্গ হয়েছিল প্লেঅফ ফাইনালে হেরে ২০১০ বিশ্বকাপে উঠতে না পেরে। তবে এবার তাদের স্বপ্নপূরণ হয়েছে শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েও। টাইব্রেকারে ইতালির গোল করার ব্যর্থতার পাশাপাশি ম্যাচে বসনিয়ার গোলকিপারের সেভের কথাও একইরকম গুরুত্বপূর্ণ।
১৫ মিনিটে মোয়েস কিনের গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। কিন্তু বিশ্রি ফাউল করে ইতালির আলেসান্দ্রো বাসতোনি ৪২ মিনিটে লাল কার্ড দেখে নিজের দলের বিপদ ডেকে আনেন। ৭৯ মিনিটে গোল করে বসনিয়া-হার্জেগোভিনার পক্ষে সমতা ফেরান হ্যারিস তাবাকোভিচ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে, পরে টাইব্রেকারে। বসনিয়ার পক্ষে টাইব্রেকারে তাহিরোভিচ, তাবাকোভিচ, আলাজবেগোভিচ ও বাজরাকতারেভিচ গোল করতে ভুল করেননি। সেখানে ইতালির পক্ষে তোনালি একটি গোল করলেও এপোসিতো পেনাল্টি বাইরে মেরে ও ক্রিসতান্তে ক্রশপিসে শট মেরে বিশ্বকাপে খেলার অমূল্য সুযোগ নষ্ট করেন।
ম্যাচ শেষে বসনিয়া কোচ সের্গেই বারবারেজের মুখে দলের ফুটবলারদের ভূয়সী প্রশংসা। বলেন, ‘ ফুটবলাররা মোক্ষম সময়ে নিজেদের লড়াকু চরিত্রটা তুলে ধরেছে। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি। টাইব্রেকারে নিজেদের নার্ভ ধরে রেখেছিল। তার ফল মিলেছে।’
অন্যদিকে, ম্যাচের পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ইতালির ফুটবলাররা। তাঁদের সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাননি ইতালির কোচ গাতুসো। ২০০৬ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন গাতুসো। তাঁর প্রতিক্রিয়া, ‘ এই হারটা, বিশ্বকাপে আরও একবার খেলার সুযোগ না পাওয়াটা হজম করতে কষ্ট হচ্ছে। এটা প্রত্যাশিত ছিল না। ফুটবলাররা দারুন লড়েছে। তবু ছিটকে যেতে হল। দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ব্যর্থতার জন্য।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
