অলস্পোর্ট ডেস্ক: খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত বাংলা পুরুয় ফুটবল দলের। শুক্রবার ছত্তিসগড়ের রায়পুর কোটায় সোনা জিতে নিয়েছে তারা টুর্নামেন্টের শুরু থেকে আগাগোড়া ভাল ফুটবল খেলে। ফাইনালে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ছত্তিসগড়কে ১-০ গোলে হারিয়েছে বাংলার আদিবাসী ফুটবলারদের নিয়ে গড়া দল। ৪৪ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন চাকু মান্ডি পেনাল্টি থেকে।
বাংলা দলের এই সাফল্যের পেছনে কোচ রঞ্জন ভট্টাচার্যের অবদান অবশ্যই অনস্বীকার্য। সোনা জয়ের পর রঞ্জন স্বাভাববিকভাবেই ছিলেন খুব খুশি। বাড়তি উচ্ছ্বাসে রঞ্জন বলেন, ‘ এই জয় ফুটবলে বাংলার শ্রেষ্ঠত্ব আবার প্রমাণিত হল। ফুটবলাররা চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুরু থেকেই জান দিয়ে লড়ে গিয়েছিল। প্রচন্ড পরিশ্রম করেছিল। আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি , সচিব অনিবার্ন দত্ত সহ অন্যান্যদের সবরকম সহযোগিতা পাওয়ায়, সকলের কাছে কৃতজ্ঞ। আশা করব, এই ফুটবলারদের শুধু বাংলার নয়, ভারতীয় ক্লাব মূল স্রোতে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে। ভারতীয় দলে জায়গা করে নেওয়ার সুযোগ দেওয়া হবে।’
বাংলা দলের অধিনায়ক অমিত টুডুর গলাতেও কোচ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকার ভূয়সী প্রশংসা। বলেন, গোটা দলটাকে কোচ একসুতোয় বাঁধতে সক্ষম হয়েছিলেন। মাঠের ভেতরের মতো বাইরের বোঝাপড়া ছিল চমৎকার।
যাঁর করা পেনাল্টি গোলে বাংলা ট্রাইবাল গেমসে সোনা জিতেছে, সেই চাকু মান্ডির শাপমোচন ঘটল বললে খুব একটা ভুল হবে না। দু’মাস আগে সন্তোষ ট্রফিতে পেনাল্টি মিস করেছিলেন চাকু মান্ডি। সেই আক্ষেপ তাঁকে ভেতরে ভেতরে কুরে কুরে খাচ্ছিল। এবার ট্রাইবাল গেমসের ফাইনালে পেনাল্টি থেকে তাঁর করা জয়ের গোলে সেই আক্ষেপ এতদিনে ঘুচল, বলে জানিয়েছিল চাকু।
প্রথমবার অংশ নিয়েই খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের ফুটবলে লিগ ও নকআউটে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়া নিয়ে আইএফএ সচিব অনিবার্ন দত্তর প্রতিক্রিয়া, জঙ্গলমহল, আদিবাসী অধ্যুসিত এলাকার ফুটবলাররাই এখন বাংলা ফুটবলের মূল স্ট্রেংথ। কলকাতা ফুটবলে বিভিন্ন ক্লাবে এদের সংখ্যা নজর কাড়ার মতো। আমার বিশ্বাস ছিল এই ফুটবলাররা রঞ্জন ভট্টাচার্যের কোচিংয়ে ভাল কিছু করে দেখাবে। সেটা সত্যি হওয়ায় খুব খুশি। সন্তোষ ট্রফি না জেতায় একটা মন খারাপ করা ব্যাপার ছিল সকলের মধ্যে। ট্রাইবাল গেমসের ফুটবলে বাংলা দলের সোনা জয়ে সেই মন খারাপটা কিছুটা কমল।
আইএফএ সচিব অনিবার্ন দত্ত জানান, চ্যাম্পিয়ন এই বাংলা দলের ফুটবলারদের নিশ্চয়ই সংবর্ধনা দেওয়া হবে, তবে কবে, কীভাবে সেটা নিয়ে এখনও ভাবেননি। কমিটির সকলের সঙ্গে আলোচনা করে জানাবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
