Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী, জামশেদপুর: সেদিক থেকে দেখতে গেলে ভৌগলিক দূরত্ব নেহাতই কম নয়, প্রায় ২৮০ কিলোমিটার। আবার এতটাও নয় যে ফুটবলের টানে পৌঁছে যাওয়া যাবে না সেখানে। তার উপর যখন প্রিয় দলের রীতিমতো মরণবাচন ম্যাচ। আর সেই দলের টানেই কলকাতা থেকে জামশেদপুর পাড়ি দেবেন সবুজ-মেরুন সমর্থকরা। তার জন্য তৈরি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের ওয়েস্ট আপার স্ট্যান্ড গ্যালারি। তার আগে স্টেডিয়াম জুড়ে সাজ সাজ রব। জামশেদপুরে পা রাখলেই আইএসএল-এর আবহে ঢুকে পড়তে হবে মুহূর্তে। এমনিতেই খেলার শহর, তার সঙ্গে জুড়ে গিয়েছে আইএসএল-এর ফুটবল দল জামশেদপুর এফসি। যা ঘিরে উন্মাদনাও রয়েছে দেখার মতো। শনিবার সেই আবহেই আরও একবার মাঠে নামছে ওয়েন কোয়েলের দল। প্রতিপক্ষ যে মোহনবাগান তা তো প্রথমেই বলেছি। আর এই ম্যাচ, এবারের আইএসএল-এর চ্যাম্পিয়ন নির্ধারিত করে দেওয়ার ক্ষমতা রাখে।

এই ম্যাচে যখন দুই দল মুখোমুখি হবে তখন কেউ এগিয়ে বা কেউ পিছিয়ে নেই। দুই দলই ছয় ম্যাচ খেলে চারটি জয়, একটি ড্র ও একটি হার নিয়ে ১৩ পয়েন্ট করে সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে নামবে গ্ৰুপ শীর্ষে যাওয়ার লক্ষ্যে। কারণ শীর্ষে থাকা মুম্বই এফসি রয়েছে মাত্র এক পয়েন্টে এগিয়ে। তাই এই ম্যাচে যে জিতবে সেই হবে এক নম্বর দল। শুধু তাই নয়, এক লেগের ম্যাচে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ খুবই কম। তাই এই ম্যাচের গুরুত্ব আকাশ ছোঁয়া। প্রতি দল এবার ১৩টি করে ম্যাচ খেলবে।

আর সে কারণেই আইএসএল ২০২৫-২৬-এর সব ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ সব দলের জন্য। এই মুহূর্তে দুই ও তিন নম্বরের ম্যাচ যে আইএসএল-এর চ্যাম্পিয়নশিপ নির্ধারক হয়ে উঠবে তা কে জানত। দুই দলেরই পাঁচ পয়েন্ট নষ্ট করে একে অপরের বিরুদ্ধে খেলতে নামাই এখন টক অফ টাউন। শনিবার সেই দিন, যার আগে দুই কোচ ওয়েন কোয়েল আর সার্জিও লোবেরা মেনে নিচ্ছেন এই লড়াই কঠিনতম হতে চলেছে। যে জিতবে সে এগিয়ে যাবে অন্য দল পিছিয়ে পড়বে অনেকটাই।

যদিও মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে বার বার ঘুরে ফিরে জামশেদপুর কোচের মুখে শোনা গেল কলকাতার দুই দল ইস্টবেঙ্গল, মোহনবাগানের প্রশংসা। যে ইস্টবেঙ্গলকে তাদের ঘরের মাঠেই হারিয়ে প্রথম ধাক্কা দিয়েছিল জামশেদপুর। এবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগানকে পেয়েও তাদের হালকাভাবে নিচ্ছেন না কোয়েল। বরং বলছেন, “ওরা চ্যাম্পিয়ন, ওরা এবারও চ্যাম্পিয়ন হতে পারে। ওরা দারুণ দল।” এর সঙ্গে তিনি আরও জুড়ে দেন, “আগামীকালের মতো ম্যাচ আমাদের জন্য পরীক্ষা।’’ যদিও এমন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে মাদিহ তালালের মতো গুরুত্বপূর্ণ প্লেয়ারকে পাচ্ছে না জামশেদপুর। তা নিয়ে আফসোস থাকলেও তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘‘একজন প্লেয়ার হিসেবেই হোক বা কোচ হিসেবে, আমি সব সময় সেরা দল, সেরা প্লেয়ারদের বিরুদ্ধেই খেলতে পছন্দ করি।’’ আর তাঁর কথাই মোহনবাগান তেমনই দল।

মোহনবাগান কোচ সার্জিও লোবেরা অবশ্য জানিয়ে দিলেন তিনি এই ম্যাচের জন্য মুখিয়ে রয়েছেন। বলছিলেন, ‘‘এটা একটা অন্য ম্যাচ, অন্য খেলা। শেষ ম্যাচ হতাশার ছিল।’’ তবে এর সঙ্গে তিনি এও জানিয়ে দিলেন, দলকে আরও উন্নতি করতে হবে। বলছিলেন, ‘‘আমাদের আরও উন্নতি করতে হবে।  প্রতিদিন উন্নতি করাটা আমার কাজ। তবে আমরা এই ম্যাচের জন্য তৈরি। যে জিতবে সে শীর্ষে চলে যাবে। তবে আমার হাতে খুব ভালো দল রয়েছে। আমি ভাগ্যবাণ আমি এমন একটা দলের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছি।’’

এর পাশাপাশি প্রতিপক্ষকেও সমীহ করছেন লোবেরা। বলছিলেন, ‘‘কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা। আমরা অতীতে বড় সু]ওগ নষ্ট করেছিল। এখন আর ভুল করার কোনও জায়গা নেই। আমরা পাঁচ পয়েন্ট নষ্ট করেছি।’’ তবে খেলা, সমর্থকদের প্রত্যাশা এই সব নিয়ে তিনি চাপ নিতে পছন্দ করেন না, তা স্পষ্ট জানিয়ে দিলেন। বলছিলেন, ‘‘গোটা বিশ্ব এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা চাপ। যখন তুমি তোমার পরিবারের জন্য টাকা রোজগার করতে পার না, সেটা চাপ, যখন তোমার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি থাকে, তাহলে সেটাও চাপ। বাকি যা পেয়েছি সেটা আশীর্বাদ।’’

মোহনবাগান মাঝমাঠের অন্যতম ভরসা লিস্টন কোলাসো, অবশ্য নিজের খেলায় মোটেও খুশি নন। তবে আশা করছেন পরিস্থিতি বদলাবে, পজিটিভ ফল আসবে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ‘স্বার্থপর ফুটবলার’এর তকমার কথা শুনে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ‘‘আশা করছি ভালো ফল পাবো। আমি অবশ্যই আমার পারফমের্ন্সে খুব খুশি নই এই মরসুমে। তবে আমি মোটেও স্বার্থপর নই, এটার সঙ্গে আমি একমত নই।’’ তবে খেলতে নামার আগে লোবেরাকে বন্ধু বলেই সম্বোধন করলেন কোয়েল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *