সুচরিতা সেন চৌধুরী, জামশেদপুর: তিনি নাকি স্বার্থপর! শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের আগের সাংবাদিক সম্মেলনে এসে এমন অভিযোগে সাময়িক থমকেছিলেন লিস্টন কোলাসো। যিনি গত কয়েক মরসুম ধরে মোহনবাগান মাঝ মাঠকে ভরসা দিয়ে আসছেন। তাঁর মাঝ মাঠের উপর নিয়ন্ত্রণ, উইং ধরে দ্রুত গতিতে বল নিয়ে গোলের কাছে পৌঁছে যাওয়া, এবং নিখুঁত প্লেসিংয়ে গোলের মুখ খুলে ফেলার মতো দক্ষতা গত কয়েক বছর বাগান সমর্থকদের মনে রীতিমতো দোলা দিয়েছে প্রতিনিয়ত। কঠিন সময়ে মনে হয়েছে, আর কেউ থাকুক না থাকুক লিস্টন রয়েছেন। কিন্তু এই মরসুমে যেন তাঁর সেই রঙ কিছুটা ফিকে। যেন তাঁর সেই চমক আর দেখা যাচ্ছে না অ্যাটাকিং থার্ডে। নিন্দুকেরা বলছেন, বল পায়ে পেলে বড্ড স্বার্থপর হয়ে উঠছেন লিস্টন।
সম্প্রতি যেটা বার বার দেখা যাচ্ছে, তিনি তাঁর চেনা ছন্দেই আক্রমণে উঠছেন, প্রায় গোলের কাছেও পৌঁছে যাচ্ছেন কিন্তু নিজেও গোল করতে পারছেন না আবার, বলও ছাড়ছেন না কারও জন্য। আর তাতেই গোল মিসের বহর বাড়ছে মোহনবাগানে। আর তার ফলেও পিঠে লেগে গিয়েছে ‘স্বার্থপর’এর তকমা। জামশেদপুর এফসির বিরুদ্ধে শনিবার চলতি আইএসএল-এর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামছে মোহনবাগান। এই মরসুমে দারুণ ছন্দে রয়েছে জামশেদপুর। পিছিয়ে নেই মোহনবাগানও। সমসংখ্যক ম্যাচে, সমান পয়েন্ট নিয়েই নামছে দুই দল। তবে এর মধ্যেই কোচ সার্জিও লোবেরা যখন বলে দিচ্ছেন, এই ম্যাচে ভুল করার কোনও জায়গা নেই তখন লিস্টন কোলাসো স্বীকার করে নিচ্ছেন, তিনি নিজেও নিজের খেলায় খুশি নন।
গত কয়েক মরসুমের ফর্ম এখনও ফিরে পাননি তিনি। নিজের খেলায় মোটেও খুশি নন। তবে আশা করছেন পরিস্থিতি বদলাবে, পজিটিভ ফল আসবে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা ‘স্বার্থপর ফুটবলার’এর তকমার কথা শুনে উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ‘‘আশা করছি ভালো ফল পাবো। আমি অবশ্যই আমার পারফমের্ন্সে খুব খুশি নই এই মরসুমে। তবে আমি মোটেও স্বার্থপর নই, এটার সঙ্গে আমি একমত নই।’’ এর সঙ্গে তিনি জুড়ে দেন, ‘‘আমি বল নিয়ে, বল হোল্ড করেই খেলতে পছন্দ করি। ওটাই তাঁর খেলার স্টাইল।
এদিকে, জামশেদপুরের গরম ভাবাচ্ছে দুই দলকেই। তবে সেটাকে অজুহাত করতে নারাজ তাঁরা। বলছিলেন, ‘‘গরম তো অবশ্যই রয়েছে, তবে আমরা সেটাকে অজুহাত হিসেবে ব্যবহার করতে পারি না।’’ একই কথা বললেন হোম টিমের কোচ ওয়েন কোয়েলও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
