Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ফিফা ২০২৬ বিশ্বকাপে যেগ্যতার্জনের জন্য ইতালির ফুটবলাররা বোনাসের দাবি করেছিলেন। এমন একটা রটনায় মর্মাহত ইতালির গোলকিপার জিয়ানলুকা ডোনারুম্মা। টাইব্রেকারে প্লেঅফ ফাইনালে বসনিয়া ও হার্জেহোভিনার কাছে ১-‌৪ গোলে হারায় বিশ্বকাপে খেলার সুযোগ খুইয়েছে ইতালি। এই নিয়ে টানা তিনবার। সেই দুঃখ কুরে কুরে খাচ্ছে ডোনারুম্মাকে। তারওপর বোনাসের অপবাদ দেওয়াটা তাঁকে আরও কষ্ট দিচ্ছে।

ডোনারুম্মা স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘‌ প্রচারমাধ্যমে এই বোনাসের মিথ্যা খবর পরিবেশনে মর্মাহত। ইতালি দলের অধিনায়ক হিসেবে দেশের হয়ে খেলার জন্য জীবনে কোনদিন এক ইউরোও দাবি করিনি। বোনাস তো দূরের কথা। ইতালির হয়ে খেলাটা আমার কাছে গর্বের। দলের বাকি ফুটবলারদের কাছেও। ইতালি যখন কোনও টুর্নামেন্টে ভাল করে , তখন সেটা আমাদের সবাইকে আনন্দ ও তৃপ্তি দেয়। সাফল্যটাই আমাদের কাছে বোনাস। ফেডারেশনের কাছে আমরা কেউ বাড়তি কিছু চাইনি বিশ্বকাপে খেলার জন্য। বিশ্বকাপে পরপর তিনবার মূল পর্বে উঠতে না পারার যন্ত্রণাটা যে কী, সেটা আমরা যারা খেলি, সেটা অনুভব করছি। দেশবাসী কতটা হতাশায় দিন কাটাচ্ছে সেটাও।’‌

চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইতালি এবার ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ হারানোয় রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করে ইতালির ফুটবল প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা গ্রাভিনা ও ডেলিগেশন প্রধান বিশ্বকাপজয়ী গোলকিপার জিয়ানলুইজি বুফোঁ পদত্যাগ করেছেন। ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়িয়েছেন ইতালির চিফ কোচ জেনারো গাতুসো।

ডোনারুম্মার প্রতিক্রিয়া, ‘‌ গাতুসো, বুফোঁ ও গাভিনার সঙ্গে আমার ব্যক্তিগত খুব ভাল সম্পর্ক আছে। আমার ওদের জন্য খুব খারাপ লাগছে। যা ঘটছে, তার জন্য আমাদের দায় আছে। কিন্তু যখন কোনও বিপর্যয় ঘটে, তখন এমনটাই হয়। একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। বলতে গেলে ইতালির প্রতিটি মানুষ মনঃকষ্টে ভুগছে ইতালি বিশ্বকাপে না থাকায়। আমাদের দুর্ভাগ্য বিশ্বকাপে যোগ্যতার্জন করতে পারিনি। এটা বেদনাদায়ক, কিন্তু মানতে হচ্ছে। ব্যক্তিগত ভাবে আমার হৃদয়ে রক্ত ঝরছে।’‌

ইওরো ২০২০তে ইতালিকে চ্যাম্পিয়ন করার পিছনে একটা বড় অবদান ছিল গোলকিপার ডোনারুম্মার। টাইব্রেকারে ম্যাচ জিতিয়েছিলেন। এবার পারেননি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার প্লেঅফ ফাইনালে। ইতালির হয়ে ৮১ ম্যাচ খেলা ডোনারুম্মার অঙ্গীকার, ‘‌ আমাদের নতুন করে আবার শুরু করতে হবে। নিজেদের তৈরি করতে হবে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে ফিরতে। পরের বিশ্বকাপ ৪ বছর দূরে। কিন্তু এখন থেকে বিশ্বকাপের কথা না ভেবে ইওরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, নেশনস লিগের মতো টুর্নামেন্ট জেতার জন্য ঝাঁপাতে দলটা ঢেলে সাজিয়ে। কোচের দায়িত্বে যিনিই আসুন না কেন, তাঁকে সর্বোতভাবে সহযোগিতা করা একান্ত কর্তব্য আমাদের সকলের।’‌

নেপোলির ৫৬ বছরের কোচ আন্তোনিও কন্তে ইতিমধ্যেই ইতালি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। যদিও এব্যাপারে এখন কোনও চুড়ান্ত সিদ্ধান্ত ইতালি ফুটবল ফেডারেশন নেয়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *