Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে খেতাব জিততে ব্যর্থ হয়েছিলেন ভারতের ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। তাঁর মতোই স্বপ্নভঙ্গ হল ভারতের আর এক সাড়াজাগানো ব্যাডমিন্টন খেলোয়াড় আয়ুষ শেট্টির , রবিবার নিঙ্গবোয় এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপের ফাইনালে বিশ্বের ২ নম্বর ও বিশ্বচ্যাম্পিয়ন চীনের শি ইউ কির কাছে ৮-‌২১ ও ১০-‌২১ পয়েন্ট হেরে। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল আয়ুষকে।

এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সিঙ্গলস ইভেন্টে ভারতের ৬১ বছরের সোনা জয়ের অপেক্ষার অবসান হল না। ফাইনালে হারলেও টুর্নামেন্টের অবাছাই ২০ বছরের ম্যাঙ্গালোরবাসী আয়ুষের কৃতিত্ব এতটুকু খাটো করে দেখা যাবে না। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দীনেশ খান্নার পর আয়ুষ হলেন দ্বিতীয় খেলোয়াড় যিনি ফাইনালে জায়গা করে নিয়েছিলেন সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় কুলনাভুত ভিতিসদ্রামকে হারিয়ে। দীনেশ খান্না একমাত্র ভারতীয় খেলোয়াড়, যিনি ১৯৬৫তে সিঙ্গলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর ২০২৩য়ে সাত্বিকরাজ রেড্ডি ও চিরাগ শেট্টি, এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলস ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

বিশ্বের ২৫ নম্বর খেলোয়াড় আয়ুষ বছরের শুরুতে শি-‌র কাছেই হেরেছিলেন মালয়েশিয়া সুপার ১০০০ ও ইন্দোনেশিয়া মাস্টার্স টুর্নামেন্টে। সেতুলনায় এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে চমকপ্রদ ফর্ম দেখিয়ে ফাইনালে ওঠার পথে বিশ্বের ৭ নম্বর লি শি ফেং, বিশ্বের ৪ নম্বর জোনাথন ক্রিস্টি ও বিশ্বের ১ নম্বর কুনলাভুত ভিতিসদ্রামকে হারিয়েছিলেন আয়ুষ। কিন্তু ফাইনালে শি ইউ কির অ্যাটাকিং স্ট্রোক প্লের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ভারতীয় শাটলার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *