অলস্পোর্ট ডেস্ক: ধরুন আপনি কাজে বা অন্য কোনও কারণে ৩০ হাজার ফুট উঁচু দিয়ে আকাশে মেঘের মাঝখান দিয়ে বিমানে উড়ে চলেছেন গন্তব্যস্থলের দিকে। তখন অনেক নীচে মাটিতে ফিফা ২০২৬ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে। খেলছে আপনার প্রিয় দল ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, বা ফ্রান্স। আপনি কি তাহলে আপনার প্রিয় দলের বিশ্বকাপের ম্যাচ দেখা থেকে বঞ্চিত হবেন? না, তা যাতে না হয়, তার জন্য এক অভিনব উদ্যোগ নিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। বিমানে লম্বা উড়ানের সময় ম্যাচ দেখা থেকে যাতে যাত্রীরা বঞ্চিত না হন, তার জন্য বিমানের মধ্যেই বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করছেন এয়ারলাইন্স সংস্থা।
ক্রিসওয়ার্ল্ড লাইভ টিভির মাধ্যমে ১১জুন থেকে ১৯ জুলাই বিশ্বকাপ চলাকালীন সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের বাছাই করা কিছু ফ্লাইটে ম্যাচ দেখার এই সুবিধা রাখছে আকাশের ৩০ হাজার উচ্চতায়। এই সুবিধা থাকছে বোয়িং ৭৮৭-১০, ৭৩৭-৮, এয়ারবাস এ ৩৫০-৯০০ ও বোয়িং এয়ারক্রাফ্ট ৭৭৭-৩০০ ইআর-এতে ভ্রমণকারীদের জন্য। এই এয়ারক্রাফ্টগুলির সঙ্গে ক্লিসওয়ার্ল্ড লাইভ টিভির সরাসরি যোগাযোগ থাকবে বিশ্বকাপের ম্যাচে নিজস্ব সিটে বসে দেখার জন্য।
এমনকি ম্যাচের উপযোগী পরিবেশও থাকবে বিমানের মধ্যে। যাতে ম্যাচ উপভোগ করার আমেজ নিতে পারেন যাত্রীরা। সঙ্গে বিশেষ ধরনের খাদ্য ও পানীয়র ব্যবস্থা। বিশ্বকাপ ম্যাচ সংক্রান্ত অন্যান্য অনুষ্ঠানও সম্প্রচারিত হবে বিমানের সামনে থাকা টিভিতে। যাতে পাশে বসে থাকা সঙ্গীর সঙ্গে যাত্রীরা নিজেদের মত বিনিময় করতে পারেন। এছাড়া বিমানে থাকবে ১৯০০ ইনফ্লাইট বিনোদনের ব্যবস্থাও, যাতে যাঁরা খেলা দেখতে ইচ্ছুক নন, তাঁরা অন্যভাবে সময় কাটাতে পারেন উড়ানের সময়। তার জন্য স্পোর্টস ২৪ ও বিবিসি নিউজের কানেকশনও থাকবে বিমানে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
