ছবি— সিএসকে এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: এবারও জয়ের মুখ দেখা হল না কলকাতা নাইট রাইডার্সের। আবারও হার, এবার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। সোমবার প্রতিপক্ষের ঘরের মাঠে খেলতে নেমেছিল কেকেআর। তবে ব্যাটে, বলে ব্যর্থতা আবারও যেন প্রকট হয়ে উঠল। এখনও পর্যন্ত একটাই পয়েন্ট পেয়েছে দল, তাও আবার ম্যাচ ভেস্তে যাওয়ার দৌলতে। কোথায় ভুল হয়ে গেল কলকাতার দলের তা এখন আর কাটাছেড়া করে লাভ নেই, তাই হয়তো এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে পরের মরসুমে নতুন করে দল সাজাতে হবে শাহরুখ খান, জুহি চাওলাদের। এদিন টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠান কলকাতা অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করে ১৯২-৫-এ থামে চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে ১৬০-৭-এই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ৩২ রানে জিতে লিগ টেবলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রয়েছে চেন্নাই। আর ৫ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে সবার শেষে ১০ নম্বরে রয়েছে কলকাতা।
এদিন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে চেন্নাই ইনিংসের ওপেন করতে নেমেছিলেন সঞ্জু স্যামসন। গায়কোয়াড় মাত্র ৭ রানে ফিরে গেলেও তিন নম্বরে নামা আয়ুষ মাত্রের সঙ্গে চেন্নাই ইনিংসকে শক্ত ভিত দেন সঞ্জু। তাঁর ব্যাট থেকে আসে ৪১ রান। ১৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন আয়ুষ। এর পর দেওয়াল্ড ব্রেভিসের ৪১, সরফরাজ খানের ২৩ রান চেন্নাইকে ১৯২ রানে পৌঁছে দেয়। ১৩ রানে শিভম দুবে ও ৭ রানে জেমি ওভারটন অপরাজিত থাকেন।
কলকাতার হয়ে বল হাতে দুই উইকেট নেন কার্তিক ত্যাগী। একটি করে উইকেট নেন বৈভব অরোরা, অনুকূল রয় ও সুনীল নারিন। বোলিং ব্যর্থতার পাশাপাশি ব্যাটিং ব্যর্থতাও প্রকট হয়ে ওঠে ১৯৩ রানের লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে।
কলকাতার হয়ে ফিন অ্যালেন ১, সুনীল নারিন ২৪, অজিঙ্ক রাহানে ২৮, অঙ্গক্রিশ রঘুবংশী ২৭, রিঙ্কু সিং ৬, ক্যামেরন গ্রিন ০ রানে আউট হওয়ার পর কলকাতা ইনিংসের সাময়িক হাল ধরেন রোভমান পাওয়েল ওরমনদীপ সিং। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সাত ও আট নম্বরে নেমে ৩১ রানে অপরাজিত থাকেন রোভমান ও ৩৫ রানের ইনিংস খেলেন রমনদীপ। ১ রানে অপরাজিত থাকেন অনুকূল রয়। হাতে উইকেট থাকলেও ৩২ রান আগেই থামতে হয় কলকাতাকে।
চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন নূর আহমেদ। ম্যাচের সেরার পুরস্কারও উঠেছে তাঁরই হাতে। ২ উইকেট নেন অনশূল কাম্বোজ। একটি করে উইকেট খলিল আবদেন ও আকিল হোসেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
