Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক :‌ জেভিয়ার মাসচেরানো ইন্টার মিয়ামির চিফ কোচের পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। আপাতত মাসচেরানোর জায়গায় কোচের দায়িত্ব সামালাবেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টার গিলোরমো হয়োস। ইন্টার মিয়ামির অন্যতম অংশীদার ডেভিড বেকহ্যাম জানিয়েছেন, দলের নতুন চিফ কোচ নিয়োগে কোনও তাড়াহুড়ো করবেন না। বরং এব্যাপারে সময় নেবেন।

সিবিএস স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে বেকহ্যামের বক্তব্য, ‘‌ ২ দিন আগে কোচের পদ থেকে জেভিয়ারের সরে দাঁড়ানোটা দুর্ভাগ্যজনক। গত মরশুমে জেভিয়ারের কোচিংয়েই মিয়ামি প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে। এবারও ওর কোচিংয়ে দল ভালই শুরু করেছিল। জেভিয়ার একজন শুধু বড় কোচ নয়, ভাল মানুষও। ফুটবলাররা ওকে পছন্দ করত। তবে এইধরনের ঘটনা ফুটবল ক্লাবে ঘটেই থাকে। আর তা মেনে নিয়েই এগোতে হয়। আমাদের নতুন কোচের খোঁজ জারি রাখতে হবে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্তে আসার পক্ষপাতী নই। কারণ আগে এব্যাপারে একটু থিতু হওয়া জরুরি। ক্লাবের একজন অংশীদার হিসেবে এইধনের চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয়।’‌

দেড়বছরের মতো ইন্টার মিয়ামির চিফ কোচের পদে ছিলেন জেভিয়ার মাসচেরানো। ২০২৪ সালের নভেম্বের জেরার্ডো মার্টিনোর জায়গায় কোচ হন তিনি। প্রথম বছরেই মাসচেরানোর কোচিংয়ে ২০২৫ এমএলেএস কাপ জেতার পাশাপাশি, লিগ কাপ ফাইনাল ও কানকাকাফ সেমিফাইনালে ওঠে ইন্টার মিয়ামি। দল আপাতত ইস্টার্ন কনফারেন্স টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ৩টি জয়, ৩টি ড্র ও ১টি হারের সুবাদে। কনকাকাফ চ্যাম্পিয়নশিপের প্রিকোয়ার্টারফাইনাল পর্যায়ে নাশভিলে এফসির সঙ্গে লড়াইয়ে ইন্টার মিয়ামি ছিটকে গেছে। ঘনিষ্ঠ সূত্রের খবর, ১১ এপ্রিল এনইউ স্টেডিয়ামে নিউইয়র্ক রেড বুলসের সঙ্গে ২-‌২ ড্র করার পরই কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন মাসচেরানো।

মাসচেরানো জানান,‘‌ আমি এই সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তিগত কারণে। ইন্টার মিয়ামি ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই তারা আমার ওপর এতকাল আস্থা রাখায়, সবরকম সহযোগিতা করায়। দলের কর্তা, সাপোর্ট স্টাফ, ক্লাবের সঙ্গে জড়িত কর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাফল্য পেতে। তবে কোচ হিসেবে স্মরণীয় মুহূর্ত উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য ফুটবলারদের অবদান সবচেয়ে বেশি।’‌

আর্জেন্টিনা জাতীয় দলে ও বার্সিলোনার জার্সিতে লিওনেল মেসির সঙ্গে খেলেছিলেন মাসচেরানো ফুটবলার হিসেবে। ইন্টার মিয়ামিতে মেসির সঙ্গে তাঁর ছিল কোচ-‌ফুটবলারের সম্পর্ক। তা নিয়ে কোনও সমস্যার কথা কিছু শোনা যায়নি। তবে তলায় তলায় নতুন কিছু ঘটেছে কিনা বলা মুশকিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *