ছবি: মোহনবাগান সুপার জায়ান্ট
মুনাল চট্টোপাধ্যায়: পাঞ্জাব এফসি ম্যাচে সাহাল আব্দুল সাহালের চোখ জুড়োন গোলের ছবি সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল আগেই। ম্যাচ শেষে মোহনবাগান সমর্থকদের মুখে মুখেও সেই গোলের কথা বারবার ঘুরেফিরে এসেছে। মোহনবাগান সুপার জায়ান্ট কোচ সের্জিও লোবেরাও অকুন্ঠ প্রংশসা করেন সাহালের দর্শনীয় গোলের। সবচেয়ে বড় কথা সাহালের পেশাদারি মনোভাবের দিকটা বেশি করে তুলে ধরেছিলেন লোবেরা সেদিন ৩-২ গোলে পাঞ্জাব ম্যাচ জেতার পর।
সেকথাই আবার চলে এল লোবেরার মুখে নর্থইস্ট ম্যাচে খেলতে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে। পাঞ্জাব ম্যাচে এমন একটা গোল আর পারফরমেন্সের পর সাহালকে কি প্রথম একাদশে বেশি করে দেখা যাবে, এই প্রশ্নে লোবেরার উত্তর, ‘সাহাল ফুটবল হিসেবে অসাধারন। ওকে আমি দীর্ঘসময় ধরে দেখছি। কাজ করছি। তাই জানি ওর কী প্রতিভা ও দক্ষতা। ওর মতো পেশাদারি মনোভাবের ফুটবলার খুব কম আছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে,প্রতি ম্যাচের প্রতিপক্ষ ও চরিত্র ভিন্ন। সেইমতো দল গঠন করতে হয়, কৌশলে হদল আনতে হয়। তাছাড়া আমার হাতে সমদক্ষতাসম্পন্ন অনেক ফুটবলার। প্রয়োজনমতো তাদের ব্যবহার করতে হয় খেলার গতিপ্রকৃতি অনুযায়ী। যেটা করেছিলাম পাঞ্জাব ম্যাচে। সাহাল বদলি হিসেবে মাঠে নেমেই গোল করে বুঝিয়েছে নিজের ক্ষমতা, সুযোগের সদ্ব্যবহার করেছে। এটাই একজন ফুটবলারের মস্ত গুন।’
একই প্রশ্ন ছিল সাহালের জন্যও। এমন একটা বিশ্বমানের গোলের পর মনে হচ্ছে মোহনবাগানের প্রথম একাদশে খেলার নিয়মিত সুযোগ মিলবে? সাহালের বুদ্ধিদীপ্ত উত্তর, ‘ সব ফুটবলারেরই নিয়মিত প্রথম একাদশে খেলার স্বপ্ন থাকে। আমারও আছে। তবে সবার আগে দল, ও তার জয়, সাফল্য পাওয়া। কোচ লোবেরার প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা ও আস্থা আছে। উনি জানেন কখন কাকে ব্যবহার করতে হয়। তাই এনিয়ে মাথা না ঘামিয়ে যখনই মাঠে নামার সুযোগ পাব, তখনই গোল করে দলকে জেতানোর চেষ্টা চালিয়ে যাব।’
পাঞ্জাব ম্যাচ আপনি গোল করেছিলেন। আর আপনার বন্ধু বেঙ্গালুরু এফসির ফুটবলার আশিক কুরুনিয়ান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল করেছেন। আপনাদের মাঝে এনিয়ে কোনও বার্তা বিনিময় হয়েছে কি? সাহালের জবাব, ‘ হ্যাঁ, আমার গোলের পর আশিক ফোন করে অভিনন্দন জানিয়েছিল। আমিও ওকে ইস্টবেঙ্গল ম্যাচে গোলের পর অভিনন্দন বার্তা পাঠিয়েছে। আমাদের মাঝে শুভেচ্ছা বিনিময় চলতেই থাকে। আমরা ভিন্ন দলে থাকলেও, বন্ধুত্ব অটুট আছে।’
পাঞ্জাব এফসি ম্যাচের দর্শনীয় গোলটা খেলোয়াড় জীবনে ঠিক কোন জায়গায় রাখবেন? সাহালের প্রতিক্রিয়া, এখনও পর্যন্ত সেরা বলতে পারেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
