অজিঙ্ক রাহানে
অলস্পোর্ট ডেস্ক: দেড় বছর পর টেস্ট দলে প্রত্যাবর্তন হয়েছেন অজিঙ্ক রাহানে । বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হচ্ছে ভারতের পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সফর। এই সিরিজের সহঅধিনায়কের ভূমিকায় ফিরছেন রাহানে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত। ডমিনিকায় বুধবার থেকে শুরু হবে প্রথম টেস্ট।
আইসিসি বিশ্বকাপ ২০২৩-এ এই প্রথমবার জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে নিতে চাইছেন না রাহানে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘আমরা টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত। অনুশীলনের সময় আমাদের দল খুব ভাল খেলেছে। প্রতিপক্ষ দলকে আমরা হালকাভাবে নিচ্ছি না। শেষ কিছু বছর ধরেই ওয়েস্ট ইন্ডিজ নিজের দেশের মাটিতে ভাল খেলে এসেছে। বিশেষত টেস্ট ম্যাচে তাঁরা বরাবরই ভাল খেলে। আমরা আমাদের ১০০শতাংশ দিয়ে খেলব।’’
ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ঝাঁক তরুণ ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে। তাঁদের একজন হলেন যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টেস্ট ম্যাচই মুম্বইয়ের এই ব্যাটারের প্রথম আর্ন্তজাতিক সফর হতে চলেছে। সিরিজ শুরুর আগে যশস্বীকে নিয়ে ভারতের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানের গলায় আশার সুর শোনা গিয়েছে।
যশস্বীকে নিয়ে রাহানে বলেছেন, ‘‘ওর জন্য আমি খুবই খুশি। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে যেমন ভাল পারফর্ম করেছে তেমনই আইপিএলেও নজর কেড়েছে সবার। গত বছর দলীপ ট্রফিতেও দারুণ পারফর্ম করেছিল। ওর প্রতি বার্তা থাকবে, আন্তর্জাতিক ক্রিকেটে যেন বেশি চাপ না নেয়। নিজের মতো খেলুক। যেটুকু সুযোগ আসবে, সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করুক।’’
আইপিএল ২০২৩-এ ১৫টি ম্যাচে যশস্বীর মোট রান ৬২৫ এবং গড় রান ৪৮.০৭। এই মরসুমে তাঁর ঝুলিতে মোট সঞ্চয় একটি শতরান এবং পাঁচটি অর্ধশতরান। আইপিএল সর্বোচ্চ রানের তালিকায় তিনি রয়েছেন পাঁচ নম্বরে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে চেতেশ্বর পূজারা না থাকায় অনেকে মনে করছেন তিন নম্বরে নামানো হতে পারে যশস্বী জয়সওয়ালকে। রাহানে জানান পূজারার জায়গায় যেই সুয়োগ পাক তাঁর কাছে এটা দারুণ সুযোগ হবে।
ভারতীয় দলে এবারে থাকতে পেরে আনন্দ প্রকাশ করেছেন রাহানে। তার সঙ্গে সহঅধিনায়কের দায়িত্ব পেয়েও খুশি। তিনি বলেছেন, ‘‘এর আগে পাঁচ বছর সহঅধিনায়কের পদে ছিলাম। আবার দলে ফিরে এসে ভাল লাগছে। আমার বয়স এখনও অনেক কম। ভবিষ্যৎ-এ এখনও অনেক ম্যাচ খেলা বাকি আছে। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটেও আমার পারফর্ম্যান্স ভাল ছিল। আমি এখন ভবিষ্যৎ-এর কথা ভাবতে চাইছি না। এখন প্রতিটা ম্যাচ আমার কাছে গুরুত্বপূর্ণ। এখন শুধু এই চেস্ট ম্যাচেই ফোকাস করতে চাই।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
