ছবি— কেকেআর এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। এই জয় এতটাই গুরুত্বপূর্ণ ছিল, যা না হলে এখনই ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যেত। এই জয় কলকাতাকে অঙ্কের হিসেবে তাও টিকিটে রাখল আইপিএল ২০২৬-এ। তবে প্লে-অফে যেতে গেলে অনেক লড়াই আর অনেকটা হিসেব-নিকেশের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপাতত জয়ের সঙ্গে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়ে ঝুলিতে আরও জয় তুলে নেওয়ার দিকেই নজর দিতে হবে কেকেআর শিবিরকে। রবিবার ঘরের মাঠে কলকাতার ভয়ঙ্কর গরমের মধ্যেই দুপুরে ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫৫-৯-এ থামে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে দুই বল বাকি থাকতে ৬ উইকেটে ১৬১ রান তুলে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখল কলকাতা। আর এই মরসুমে এই প্রথম হাসি মুখে বাড়ি ফিরলেন প্রায় ৫১ হাজার সমর্থক।
এদিন রাজস্থানের হয়ে ওপেন করতে নেমে শুরুটা ভালোই করে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল। ওপেনিং জুটিতে ৮১ রান তুলে ভিত গড়ে দিয়েছিলেন দু’জনে। তবে দুই ওপেনার ফিরতেই ধরাশায়ী হয়ে যায় রাজস্থান ব্যাটিং। তিন নম্বরে নেমে মাত্র ৫ রান করেই ফিরে যান ধ্রুব জুরেল। ৮১ রানে এক উইকেট থেকে ১৫৫ রানে ৯ উইকেটে থামতে হয় রাজস্থানকে। এছাড়া রিয়ান পরাগ ১২, শিমরন হেটমেয়ার ১৫, দোনোভান পেরেরা ৭, রবীন্দ্র জাডেজা ৯, জোফরা আর্চার ৮, রবি বিষ্ণোই ০ রানে ফেরেন প্যাভেলিয়নে। রাজস্থান ইনিংসে সর্বোচ্চ ২৮ বলে ৪৬ রান করেন বৈভব আর দ্বিতীয় সর্বোচ্চ জয়সওয়ালের ৩৯।
কলকাতার হয়ে বল হাতে সফল কার্তিক ত্যাগী ও বরুণ চক্রবর্থী। দু’জনের ঝুলিতেই আসে তিনটি করে উইকেট। দুই উইকেট নেন সুনীল নারিন। ১৫৬ রানের লক্ষ্যে নেমে শুরুতেই জোড় ধাক্কা খায় কলকাতা শিবির। দুই ওপেনার ফিরে যান রানের খাতা না খুলেই। সেখান থেকে যে জয়ের মুখ দেখতে পারবে কলকাতা তা হয়তো স্বয়ং শাহরুখ খানও ভাবেননি। কিন্তু সবাইকে ভুল প্রমান করে শেষ পর্যন্ত লড়াই দিয়ে জয় ছিনিয়ে আনলেন সহঅধিনায়ক রিঙ্কু সিং।
প্রথম ওভারের প্রথম বলেই ফেরেন টিম সিফার্ট। দ্বিতীয় উইকেট যখন পড়ে তখন দলগত রান ৫। অজিঙ্ক রাহানের নামের পাশে যদিও ০। এখান থেকেই একটু একটু করে খেলার হাল ধরতে শুরু করে দলের মিডল অর্ডার। অঙ্গকৃশ রঘুবংশী ১০ রান করে ফিরে যান। এর পর ক্যামেরন গ্রিন ২৭ ও রোভমান পাওয়েল ২৩ রান করে ফিরে গেলে একাই লড়াই শুরু করেন রিঙ্কু। ৩৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের মুখ দেখানোর পাশাপাশি নিজের ফর্মও ফিরে পেলেন কলকাতার সহঅধিনায়ক। এছাড়া রমনদীপ সিং ১০ রানে আউট হন। ২৯ রান করে রিঙ্কু সঙ্গে অপরাজিত থাকেন অনুকূল রয়। ১৯.৪ ওভারে ১৬১-৬ তুলে জয়ের মুখ দেখে কলকাতা।
রাজস্থানের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণোই ও যশ রাজ পাঞ্জার। ম্যাচের সেরা হয়েছেন বরুণ চক্রবর্থী। এই জয়ের সঙ্গে সাত ম্যাচ তিন পয়েন্ট নিয়ে ন’নম্বরে উঠে এল কলকাতা। মুম্বই নেমে গেল ১০-এ। শীর্ষে পঞ্জাব কিংস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
