অলস্পোর্ট ডেস্ক: ডেনমার্কের হরসেনসের ব্যাডমিন্টন কোর্টে ভারতীয় দলের প্রথম দিনটা গেল মিশ্র ফল প্রাপ্তিতে। পিভি সিন্ধু নিজের দুটি ম্যাচ জিতলেও উবের কাপে গ্রুপ এ-র শুরুর ম্যাচে ভারতের মহিলা ব্যাডমিন্টন দল ডেনমার্কের কাছে হেরেছে ২-৩ ফলে। সেখানে টমাস কাপের লড়াইয়ে লক্ষ্য সেনের হারের পরেও ভারতের পুরুয দল কানাডার বিরুদ্ধে ৪-১ ফলের জয় ছিনিয়ে নিয়েছে।
প্রাক্তন টমাস কাপ চ্যাম্পিয়ন ভারতের হয়ে লক্ষ্য সেন প্রথম সিঙ্গসল খেলতে নেমে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ভিক্টর লাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত শুরু করেও নিজের ছন্দ ধরে রাখতে ব্যর্থ হন। প্রথম গেম ২১-১৮ জেতার পর মনে হয়েছিল ম্যাচটা লক্ষ্য পকেটে পুরে ফেলবেন পরের গেমটাও জিতে। কিন্তু লক্ষ্যর ম্যাচের মাঝে খেই ও নার্ভ হারানোর পুরোন রোগটা এখনও সারেনি। যা তাঁকে প্যারিস অলিম্পিক্সে নিশ্চিত পদক জয় থেকে বঞ্চিত করেছিল। লাই দ্বিতীয় গেম থেকে সেই সুযোগ দুরন্তভাবে ঘুরে দাঁড়ান শুধু নয়, এক ঘন্টা ১১ মিনিট লড়াই শেষে ম্যাচটাই জিতে নেন ২১-১৯ ও ২১-১০ ফলে।
তবে লক্ষ্য হারের পরও নিজেদের ফোকাস নষ্ট করেননি দলের বাকি সদস্যরা। বরং এশিয়ান গেমসে সোনাজয়ী সাত্বিকরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি ডাবলসে ২১-১০ ও ২১-১১ পয়েন্ট জোনাথন লাই ও কেভিন লিকে হারিয়ে প্রতিদ্বন্দ্বিতায় সমতা ফেরান। এরপর এশিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্স নিজের চেনা ছন্দে দ্বিতীয় সিঙ্গলসে ব্রায়ান ইয়ংকে ২১-১৩ ও ২১-১৭ পয়েন্ট হারিয়ে ভারতের পক্ষে লিড বাড়িয়ে নেন ২-১ ফলে।
কানাডার বিরুদ্ধে লড়াইটা জিতে নেন ভারতের আর এক ডাবলস জুটি হরিহরণ আমসাকারুনন ও এম আর অর্জুন জুটি, ৩-১ ফলে এগিয়ে দিয়ে। টাই আলেকজান্ডার লিন্ডেম্যান ও নিল ইয়াকুরা জুটিকে ২১-৭ ও ২১-১৫ পয়েন্টে হারিয়ে। নিয়মরক্ষার শেষ সিঙ্গলস ম্যাচটা বিশ্বের প্রাক্তন একনম্বর ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্তের ২১-১৭ ও ২১-১২ পয়েনটে জিততে খুব একটা কষ্ট করতে হয়নি জোসুয়া এনগুয়েনের বিরুদ্ধে।
টমাস কাপে ভারতীয় পুরুয় দলের শুরুটা ভাল হলেও, উবের কাপে মহিলা দলের সাফল্য আসেনি ডেনমার্কের বিরুদ্ধে। দু’বারের অলিম্পিক্স পদক জয়ী পিভি সিন্ধু প্রথম সিঙ্গলস ম্যাচটা একঘন্টার সামান্য বেশি সময় লড়াইয়ের পর লাইন ক্রিস্টোফার্সনকে ২১-১৩, ১৮-২১ ও ২১-১৭ পয়েন্ট হারিয়ে ভারতীয় দলকে এগিয়ে দিয়েছিলেন।
কিন্তু সেই লিড ভারতীয় মহিলা দল ধরে রাখতে পারেনি পরের সিঙ্গসলে উন্নতি হুডা ১২-২১ ও ২৩-২৫ পয়েন্টে লাইন কাইজারফেল্টের কাছে হারায়। সেই ছন্দ বজায় রেখে লিডটা আরও বাড়িয়ে নেয় ডেনমার্কের মহিলা দল। ডাবলস ম্যাচটা আমেলিয়া কুডস্ক ও মেতে ওয়ার্জে ২১-১৭, ১১-২১ ও ২৩-২১ পয়েন্টে ভারতীয় জুটি শ্রুতি মিশ্র ও প্রিয়া কোনজেংবামকে হারিয়ে। ডেনমার্ক নিজেদের জয়টা নিশ্চিত করে ফেলে আমেলিয়া শুলজ ১৯-২১, ২১-১৬ ও ২১-১৬ পয়েন্টে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপে ভারতের রুপোজয়ী শাটলার তানভি শর্মাকে হারালে।
নিয়মরক্ষার শেষ ডাবলস ম্যাচে কোর্টে নেমেছিলেন পিভি সিন্ধু স্বদেশীয় তানিশা ক্রাস্তোর সঙ্গে জুটি বেঁধে ডেনমার্কের আলেকজান্দ্রা বোয়ে ও বস্কের বিরুদ্ধে। কিন্তু ম্যাচের মাঝপথে ডেনমার্ক জুটি ১৯-১৭ ও ১৭-১৪ পয়েন্টের মাথায় অবসর নিয়ে ফেলায় পিভি সিন্ধু ও তানিশা ক্রাস্তো জয়ী হন। তাতে অবশ্য বিশেষ লাভ হয়নি। উবের কাপের প্রথম লড়াইটা সিন্ধুদের হারতেই হল ২-৩ ফলে।
টমাস কাপে সোমবার ভারতীয় পুরুষ দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সেখানে শনিবার উবের কাপে ভারতীয় মহিলা দলের লড়াই ইউক্রেনের বিপক্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
