Cart Total Items (0)

Cart

All Sports

পিএসজি ৫(‌ডেম্বেলে-‌২,কোয়ারাতখেলিয়া-‌২,নাভাস)‌                         বায়ার্ন ৪(‌কেন,ওলিসে,দায়োত,দিয়াজ)‌‌

 

অলস্পোর্ট ডেস্ক:‌ স্কোরলাইন দেখলে মনে হবে টাইব্রেকারের ফল বুঝি। তা কিন্তু মোটেই নয়। ফ্রান্সের পার্ক দ্য প্রঁসের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম দফায় ৯০ মিনিটের রোমাঞ্চকর ৯ গোলের ম্যাচে বায়ার্নকে ৫-‌৪ ফলে হারিয়ে সামান্য সুবিধাজনক অবস্থায় আছে পিএসজি। আর সে কারণেই পিএসজি কোচ লুই এনরিকের উপলব্ধি, এটা তাঁর কোচিং জীবনের সেরা ম্যাচ।

সম্প্রতি বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ৫ গোল হজম এই মরশুমে প্রথম। তাছাড়া এটা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর হার বায়ার্নের। মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তৃতীয় হার। অথচ তারাই পিএসজির বিরুদ্ধে ১৭ মিনিটে হ্যারি কেনের করা গোলে এগিয়ে গিয়েছিল ম্যাচে। এটা কেনের এই মরশুমে ৫৪তম গোল। বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের টানা ৬ ম্যাচেগ গোল পেলেন কেন।

তবে ঘরের মাঠে পিএসজি ঘুরে দাঁড়াতে দেরি করেনি। ৭ মিনিটের মধ্যে পিএসজির পক্ষে সমতা ফেরান কভিশা কোয়ারাতখেলিয়া। প্রতিযোগিতায় তাঁর নবম গোল। ৩৩ মিনিটে কর্নার কিকে ভেসে আসা বলে হেডে বায়ার্ন গোলকিপার ম্যানুয়েল নয়ারকে হার মানিয়ে পিএসজির পক্ষে ২-‌১ করেন জোয়াও নাভাস। বিরতির এক মিনিট বাকি থাকতে মাইকেল ওলিসের গোলে সমতা ফেরায় বায়ার্ন(‌২-‌২)‌।

তখনও প্রথমার্ধের শেষে নাটক বাকি ছিল। সংযুক্তি সময়ে ভার প্রয়োগ করে পিএসজির পক্ষে পেনাল্টি দেন রেফারি। বায়ার্নের বক্সের মাঝে আলফান্সো ডেভিসের হাতে বল লাগায়। ওসুমানে ডেম্বেলে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে ৩-‌২ গোলের লিড এনে দেন বিরতির ঠিক আগে।

দ্বিতীয়ার্ধে শুরুর দিকে বায়ার্নকে ম্যাচে দাঁড়াতেই দেয়নি পিএসজি। ২ মিনিটের ব্যবধানে কোয়ারাতখেলিয়া ও ডেম্বেলে ২ গোল করে ৫৮ মিনিটের মাথায় পিএসজির পক্ষে ব্যবধান ৫-‌২ করে ফেলেন। মনে হয়েছিল, বায়ার্ন বুঝি এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু দায়োত উপামেসানো ও লুই দিয়াজ গোল করে ম্যাচটা ৪-‌৫ অবস্থায় শেষ করে জার্মানির চ্যাম্পিয়ন দল বায়ার্নকে দ্বিতীয় দফায় ঘরের মাঠে লড়াইয়ে রেখে দিলেন।

এমন একটা শিহরণ জাগানো লড়াইয়ের পর পিএসজি কোচ লুই এনরিকে বলেই দিলেন, ‘‌ এটা আমার কোচিং জীবনের সেরা ম্যাচ। এককথায় অসাধারন। ম্যাচ জুড়ে একটা ছন্দ ছিল। আক্রমণাত্মক ফুটবলের সেরা নমুনা। দু’‌দলই তাদের সেরা খেলা উপহারক দিয়েছে। মনে করি সকলে ম্যাচটা উপভোগ করেছে। ভাল লাগছে ম্যাচটা শেষপর্যন্ত জিতে প্রথম দফায় এগিয়ে থাকায়।’‌

ঘরের মাঠে সেমিফাইনালে দ্বিতীয় দফার ম্যাচে ৫ মে মাঝরাতে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন তারকা হ্যারি কেনের প্রতিক্রিয়া, ‘‌ আমরা ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় দফার আগে লড়াইয়ে আছি। ৫ গোল হজম করলেও বলব আমাদের ডিফেন্ডাররা দারুন খেলেছে। দুই ‌আক্রমণাত্মক সেরা দল মুখোমুখি হলে এমনটাই হওয়া স্বাভাবিক। আমাদের বিরুদ্ধে দেওয়া পেনাল্টিটা লঘু পাপে গুরুদন্ড বললে ভুল হবে না। তবে ম্যাচটা তার আগে আমরা পকেটে পোরার সুযোগ পেয়েছিলাম। সেটা হাতছাড়া করায় পিএসজি ঘাড়ে চেপে বসেছিল। শেষপর্যন্ত লড়ে ম্যাচ ফেরা সম্ভব হয়েছে। সবসময় খেলায় উন্নতি করার জায়গা রয়েছে। আমরা ঘরের মাঠে আলিয়াঁজ এরিনায় দ্বিতীয় দফার ম্যাচ খেলব। আমাদের হারানোর কিছু নেই। সঙ্গে থাকবে আমাদের সমর্থকরা। তাঁদের প্রেরণা নিয়ে সেরা দিতে ঝাঁপাব।’‌

এখন দেখার ৩০ মে হাঙ্গেরি বুদাপেস্টের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি ও বায়ার্নের মধ্যে কোন দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনালে ম্যাচ বিজয়ী দলের মুখোমুখি হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *