অলস্পোর্ট ডেস্ক: আফগানিস্তানের মহিলা ফুটবলারদের জন্য বিরাট খুশির খবর। আফগানিস্তান মহিলা সংযুক্তি দলের পরিচয়ে অস্ট্রেলিয়া, মধ্য প্রাচ্য ও ইওরোপ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বাস্তু ফুটবলারদের জাতীয় মহিলা দল হিসেবে সরকারিভাবে সব প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতি দিল ফিফা। তালিবান সরকারের অনুমতির প্রয়োজন নেই বলেই জানিয়েছে ফিফা।
বুধবার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। নিয়মের বদল ঘটিয়ে। এর আগের নিয়মানুযায়ী ফুটবল দলের খেলার স্বীকতি পেতে তালিবান সরকার ও প্রশাসন নিয়ন্ত্রিত আফগান ফুটবল ফেডারেশনের অনুমতি নিতে হত ফিফাকে। উল্লেখযোগ্য বিষয় হল, তালিবান সরকার ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের খেলাধুলোর ওপর বিধিনিষেধ আরোপ করায় আফগানিস্তান মহিলা ফুটবল দলের বিশ্বের কোথাও খেলার অনুমতি ছিল না।
গত তিনবছরে আফগানিস্তানের মহিলা ফুটবলাররা ও তাঁদের সমর্থকরা ফিফার হস্তক্ষেপের দাবি করে আসছিলেন তালিবানি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে। তাঁদের দাবি ছিল, ফিফা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তাঁদের খেলা স্বীকৃতি দিক সরকারিভাবে, সঙ্গে আর্থিক সহযোগিতা প্রতিযোগিতায় অংশ নেওয়ার, যেটা আফগানিস্তান সরকার দিতে অস্বীকার করেছে।
আফগান মহিলা সংযুক্তি দল গঠন হয় ২০২১য়ে তালিবান ক্ষমতায় আসার পর। তারপরই ২০০৭ সালে তৈরি মহিলা জাতীয় ফুটবল দলকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। মহিলা ফুটবলাররা বিভিন্ন দেশে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হন। এবার নতুন নিয়মে ত্রিস্তরীয় পদ্ধতি প্রয়োগ করে আফগানিস্তানের মহিলা দলের পাশে দাঁড়ানো সিদ্ধান্ত নিয়েছে ফিফা। তাদের খেলার সুযোগ করে দেওয়ার উদ্যোগও নিচ্ছে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর প্রতিক্রিয়া, ‘ এটা বিশ্বের খেলাধুলোর ক্ষেত্রে একটা শক্তিশালী ও অভূতপূর্ব পদক্ষেপ। ফিফা সবসময় মহিলা ফুটবলারদের খেলা চালিয়ে যাওয়ার জন্য সবরকম সহযোগিতা করে আসছে। এক্ষেত্রেও আফগানিস্তানের মহিলা ফুটবলারদের স্বার্থ রক্ষার জন্য তাদের আবেদনে সাড়া দিয়েছে। আফগানিস্তানের মহিলা ফুটবলারদের তাদের দেশের হয়ে সরকারিভাবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে পেরে খুশি ফিফা।’
আফগানিস্তান মহিলা ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক খালিদা পোপালের প্রতিক্রিয়া, ‘ দারুন ব্যাপার। ঐতিহাসিক ঘটনা বললেও ভুল হবে না। নিজের দেশ আফগানিস্তানের হয়ে খেলার সুযোগ মিলবে মহিলা খেলোয়াড়দের। এটা ওদের সম্মান, মর্যাদা ও আশা জোগাবে। ফিফাকে ধন্যবাদ এই স্বীকৃতি ও সুযোগ মহিলা ফুটবলারদের দেওয়ার জন্য। বিশ্বাস রাখি, মহিলা ফুটবলাররা আরও বড় ধরনের সাফল্য পাবে।’
আফগানিস্তান মহিলা ফুটবল দল প্রথম বড় ধরনের প্রীতি ম্যাচে মরক্কোর মাঠে লিবিয়ার বিরুদ্ধে ৭-০ গোলের জয় পেয়েছে। ফিফার সহযোগিতায় আফগানিস্তান মহিলা ফুটবল দল পরবর্তী শিবির চালাবে ১-৯ জুন নিউজিল্যান্ডে। ওইসময় তারা কুক আইল্যান্ডের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
