Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ২০২৬‌ বিশ্বকাপের কথা মাথায় রেখে লাল ও হলুদ কার্ডের ক্ষেত্রে নিয়মবদলের পথে হাঁটল ফিফা। যাতে কম ফুটবলার খেলা বাইরে না থাকে বিশ্বকাপ চলাকালীন। বর্ধিত আকারের ফিফা বিশ্বকাপের ম্যাচ সংখ্যার প্রতি সামঞ্জস্য রেখে দুটি হলুদ কার্ড দেখার জন্য ফুটবলারদের নির্বাসনের মেয়াদ কমানো হচ্ছে। ফিফা কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

ফিফা বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘‌ ২০২৬ বিশ্বকাপে অতিরিক্ত এক রাউন্ড থাকায় ফিফা কাউন্সিল খেলার নিয়মে রদবদল ঘটিয়েছে। বিশ্বকাপের মূল পর্বের গ্রুপ পর্যায়ের শেষে কোনও ফুটবলারের একটি কার্ড দেখা থাকলে, সেটা আর নকআউটে ধরা হবে না। অর্থাৎ সেই ফুটবলার কার্ডমুক্ত অবস্থায় নকআউটে খেলা শুরু করতে পারবেন। কোয়ার্টারফাইনাল পর্যায়ের পরও একইভাবে একটি হলুদ কার্ড দেখার শাস্তি রদ হয়ে যাবে।

বিশ্বকাপে দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখলে এক ম্যাচ বসতে হয় ফুটবলারকে। হলুদ কার্ডের ছাড়ের সুযোগ এতদিন পর্যন্ত কোয়ার্টারফাইনাল পর্যায়ের পরই মিলত। তাতে সেমিফাইনালে একটি হলুদ কার্ড দেখার জন্য কোনও ফুটবলারকে ফাইনাল খেলা থেকে বঞ্চিত হতে হত। তাই এবার ৪৮ দলের বিশ্বকাপের ফরম্যাটে, যেখানে অতিরিক্ত একটি রাউন্ড খেলা হহে, সেখানে ফিফা হলুদ কার্ডের নিয়মে বদল এনে ফুটবলারদের মাঠের বাইরে রাখা নয়, খেলায় রাখার ব্যবস্থা করেছে। গ্রুপ পর্যায়ে ৩ ম্যাচে একটি হলুদ কার্ড দেখা ফুটবলারের নকআউটে খেলা আটকাবে না রাউন্ড অফ ৩২য়ে। এতে নকআউটে খোলামনে নকআউটে খেলা শুরু করতে পারবেন সেই ফুটবলার।

এছাড়া ফুটবলারদের মাঠে অখেলোয়াড়োচিত আচরণের জন্য লাল কার্ডে নতুন এক সংযুক্তিকরণ ঘটাচ্ছে ফিফা। চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়ারের প্রতি বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ান্নির মুখ ঢেকে বৈষম্যমূলক মন্তব্য লুকোনোর চেষ্টা ও আফ্রিকান নেশনস কাপে মরক্কোর বিরুদ্ধে ফাইনালে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর সঙ্গে অখলোয়াড়োচিত মন্তব্য করে মাঠে ছেড়ে সেনেগালের চলে যাওয়ার ঘটনা মোটেই ভাল ভাবে নেননি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। মূলত তাঁর উদ্যোগেই ফুটবলের নিয়ম তৈরির প্যানেল, ইন্টারন্যাশানাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (‌আইএফএবি)‌ সিদ্ধান্ত নিয়েছে, কোনও ফুটবলার মুখ চাপা দিয়ে প্রতিপক্ষ ফুটবলার সম্পর্কে কোনওরকম কটূ মন্তব্য করলে তাঁকে তৎক্ষণাত লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবেন। তারপর শৃঙ্খলারক্ষাকারী কমিটি বিচার করবে, আর কী শাস্তি ওই ফুটবলারের প্রাপ্য। ফুটবলের খেলার আইনে এতদিন এই নিয়মটা ছিল না। কিন্তু ২০২৬য়ের বিশ্বকাপে এটা বলবত হচ্ছে।

এমনকি কোনও ফুটবলার রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠ ছাড়লে বা অখলোয়াড়োচিত আচরণ করলেও লাল কার্ড দেখবেন। আর রিজার্ভ বেঞ্চে থাকা কোচ, কোচিং স্টাফ, ম্যানেজার বা কর্তা রেফারির সিদ্ধান্তে অখুশি হয়ে মাঠে ছাড়েন, বা ফুটবলারদের মাঠ ছাড়ার জন্য উসকানি দেন, যেটা সেনেগাল কোচ করেছিলেন আফকন ফাইনালে, তাহলে তাঁকেও লাল কার্ড দেখাবেন রেফারি। এই নয়া নিয়ম প্রয়োগের কথা বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দলকে জানিয়েছে ফিফা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *