অলস্পোর্ট ডেস্ক: ইরান ফুটবল দলের ফিফা ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে একটা সংশয় চলেই আসছে অনেকদিন ধরে। তবে ফিফা ও ইরান ক্রীড়ামন্ত্রকের তরফে জোর দিয়ে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও ইরান ফুটবল দল বিশ্বকাপের ম্যাচ খেলবে আমেরিকার মাটিতে। কিন্তু নতুন করে বিতর্ক উসকে দিয়েছে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে, বুধবার কানাডায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিল বৈঠকে ইরান ফুটবল ফেডারেশন কর্তাদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ায়।
ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে দাবি করেছে, তাদের যে প্রতিনিধি দলকে ফিফা কাউন্সিল মিটিংয়ে জন্য পাঠানো হয়েছিল, তাদের টরন্টো পিয়ার্সন বিমানবন্দরে পা রাখা মাত্র ফেরত পাঠানো হয়েছে। তারা তুরস্কে ফিরে আসেন অল্পসম্যোর মধ্যে। ওই প্রতিনিধি দলে ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রাক্তন সদস্য মেহদি তাজ। তিনি অভিবাসন দপ্তরের কর্মীদের এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেছেন। ইরানের সেনাবাহিনীর অন্যতম কর্তার পক্ষে এটা অপমানজনক।
ফিফা অন্তর্ভুক্ত ২১১ সদস্য সংস্থার প্রতিনিধিদের বিশ্বকাপের আগে ফিফা কংগ্রেসে যোগদানের সুযোগ ছিল। ইরানের ফুটবল ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে ঘটা ঘটনায় কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, যা হয়েছে সেটা অনিচ্ছাকৃত। বলেছেন,‘ এটা আমার বিষয় নয়, এটা নিয়ে ভাল বলতে পারে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী।’
তবে অন্য এক বিবৃতিতে অভিবাসন দপ্তরের মন্ত্রী লিনা দিয়াবের প্রচার সচিব তাউত আইত জানিয়েছেন, ‘ কানাডায় ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পসের(আইআরজিসি) ঢোকার কোনও অনুমতি নেই।’ ২০২৪ সাল থেকে আইআরজিসিকে কানাডা উগ্রপন্থী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আইত বলেন, ‘ আইআরজিসি সম্পর্কে আমাদের সিদ্ধান্ত খুব পরিষ্কার। এইধরনের উগ্রপন্থী সংগঠনের সঙ্গে জড়িত মানুষের কানাডায় কোনও স্থান বা প্রবেশাধিকার নেই, এদেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে। তাই অভিবাসন দপ্তর যা করেছে তা সঠিক।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
