ছবি— ফিফা
অলস্পোর্ট ডেস্ক: ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জোরালো ভাবে দাবি করেছেন ২০২৬ বিশ্বকাপে আমেরিকার মাটিতে তাদের ম্যাচ খেলবেই ইরান। কিন্তু দু’দিন আগে কানাডা প্রশাসন ফিফা কাউন্সিল বৈঠকে ইরানের ফুটবল ফেডারেশন কর্তাদের যোগ দেওয়ার অনুমতি দেয়নি। ইরানের প্রতিনিধি দলকে টরন্টো বিমানবন্দরে পা দেওয়া মাত্র ফেরত পাঠিয়ে দেয় কানাডার অভিবাসন দপ্তর। এনিয়ে তীব্র ক্ষোভের সঞ্চার ঘটেছে ইরান ফুটবল ফেডারেশন কর্তাদের মধ্যে। এই ধরনের আচরণকে রীতিমত অপমানজনক বলে ইরানের বিভিন্ন প্রচারমাধ্যমে তুলে ধরা হয়েছে। এতেই নতুন করে বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এর আগে মেক্সিকো সরকারের তরফেও জানিয়ে দেওয়া হয়, ইরানের দাবি মেনে তাদের দেশে আমেরিকা থেকে বিশ্বকাপের ম্যাচ সরানোকে সমর্থন করছে না। তারা ইরানের ম্যাচ মেক্সিকোতে আয়োজন করতে আগ্রহী নয়। ইরানকে আমেরিকাতেই খেলতে হবে, ফিফা যেমনটি চাইছে। এসব কারণে নতুন করে একটা জট তৈরি হয়েছে ইরানের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। আর সেই জট ছাড়াতে চলতি মাসেই ফিফা ও ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা আলোচনার টেবিলে বসবেন বলে জানা গেছে। আর এই বৈঠক ফিফার সদর দপ্তর জুরিখে হবে বলেই শোনা যাচ্ছে।
ফিফা অন্তর্ভুক্ত ২১১ টি সদস্য দেশের মধ্যে একমাত্র ইরানের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন কানাডায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিল বৈঠকে। আর সেটা সম্ভব হয়নি কানাডার অভিবাসন দপ্তরের কড়া মনোভাবে। ইরানের প্রচারমাধ্যম জানিয়েছে, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ও আর একজন ফুটবল কর্তাকে ভ্যাঙ্কুভার যেতে দেওয়াই হয়নি। তাঁদের টরন্টো বিমানবন্দর থেকেই ইরানে ফিরতে বাধ্য করে কানাডার অভিবাসন দপ্তর। কানাডা অভিবাসন দপ্তরের তরফে এব্যাপারে বলা হয়েছে, যেহেতু কানাডার চোখে নিষিদ্ধ সংগঠন ইসলামিক রেভিলিউশনারি গার্ড কর্পসের প্রাক্তন সদস্য ছিলেন ইরান ফুটবল ফেডারেশনের মেহদি তাজ, তাই কানাডার নিরাপত্তার নিয়ম মেনে তাঁর সেদেশে প্রবেশের অনুমতি নেই। এতে বেশ চটেছেন ইরানের ফুটবল কর্তারা।
ফিফা কাউন্সিল বৈঠকে ইরানের প্রতিনিধি দলের অনুপস্থিতি সত্ত্বেও স্বাগত ভাষণে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বাকি সব সদস্য দেশের প্রতিনিধিদের জানান, ইরান ২০২৬ বিশ্বকাপে অংশ নেবেই, আর তাদের গ্রুপ পর্যায়ের সব ম্যাচ খেলবে আমেরিকার মাটিতেই।’ এর আগে ইরানের অংশগ্রহণ নিয়ে বিতর্ক ও ইতালিকে ইরানের বিকল্প হিসেবে খেলানোর আজগুবি সব আলোচনার মাঝে আমেরিকার প্রসানিক কর্তা মার্কো রুবিও জানান, আমেরিকায় বিশ্বকাপে খেলার জন্য তাঁরা স্বাগত জানাচ্ছে ইরানকে। ইরান ফুটবলারদের নিরাপত্তার দায়িত্ব নিতে তাঁরা তৈরি। এখন দেখার ফিফার সঙ্গে ইরান ফুটবল কর্তাদের আলোচনা শেষপর্যন্ত কতটা ফলপ্রসূ হয়?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
