অলস্পোর্ট ডেস্ক: রবিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএল ২০২৬-এর ম্যাচে পঞ্জাব কিংসের হয়ে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন ২৩ বছর বয়সী ও এখনও আন্তর্জাতিক ম্যাচ না খেলা ব্যাটার সূর্যাংশ শেড়গে। পঞ্জাব কিংস যখন ৪ উইকেটে ৩৬ রান ধুঁকছিল, ঠিক সেই মুহূর্তে ব্যাট করতে নামেন সূর্যাংশ এরপর মাত্র ২৪ বলে এক ঝোড়ো অর্ধশতক হাঁকিয়ে দলের ইনিংসকে স্থিতিশীল করেন তিনি। তাঁর এই ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তটি আসে ১৪তম ওভারে, যখন তিনি গুজরাট টাইটান্সের স্পিনার মানব সুথারের এক ওভারেই ২৬ রান তুলে নেন—যার মধ্যে ছিল তিনটি ছক্কা ও দু’টি চার। শেষ পর্যন্ত ২৯ বলে ৫৭ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার হয়েই প্যাভেলিয়নে ফেরেন তিনি।
কে এই সূর্যাংশ শেড়গে?
সূর্যাংশ শেড়গে ২০০৩-এর ২৯ জানুয়ারি মুম্বইতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ব্যাটিং অলরাউন্ডার এবং বেশ কার্যকর মিডিয়াম পেস বোলিংও করে থাকেন। বিরাট কোহলি তাঁর আদর্শ হলেও, তিনি তাঁর সমসাময়িক সেরা অলরাউন্ডারদের—যেমন হার্দিক পাম্ড্যে ও বেন স্টোকসকেও—অনুসরণ করেন।
শেড়গের প্রতিভা প্রথম নজরে আসে তাঁর মায়ের; তিনিই মাত্র নয় বছর বয়সে তাঁকে একটি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করিয়ে দেন। ছেলের ক্রিকেট ক্যারিয়ারকে পূর্ণ সমর্থন জোগাতে তাঁর মা নিজের চাকরিও ছেড়ে দিয়েছিলেন।
মুম্বইয়ের অত্যন্ত প্রতিযোগিতামূলক ক্রিকেট মঞ্চে নিজেকে প্রমাণ করে আলাদাভাবে নজর কাড়াটা সবসময়ই কঠিন কাজ। কিন্তু শেড়গে ঠিক সেটাই করে দেখিয়েছিলেন, যখন তিনি ‘জাইলস শিল্ড অনূর্ধ্ব-১৪ আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টে’ মাত্র ১৩৭ বলে অপরাজিত ৩২৬ রানের এক অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন।
পরবর্তীতে এই ছেলে মুম্বই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্বও করেন, তবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ তিনি পাননি। তাঁর ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে শেড়গে বর্তমান কলকাতা নাইট রাইডার্স-এর প্রধান কোচ অভিষেক নায়ারের কাছেও প্রশিক্ষণ নিয়েছিলেন; অভিষেক নায়ার এর আগে রোহিত শর্মা ও কেএল রাহুলের মতো তারকা ক্রিকেটারদের নিয়েও কাজ করেছেন।
২০২৩ সালের আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়া জয়দেব উনাদকটের বদলি হিসেবে লখনউ সুপার জায়ান্টস দলে সুযোগ পেয়েছিলেন শেড়গে, তবে সেই সেবার কোনও ম্যাচ খেলার সুযোগ তিনি পাননি।
২০২৫ সালের আইপিএল মেগা নিলামে পঞ্জাব কিংস ৩০ লক্ষ টাকার বিনিময়ে সূর্যাংশ শেড়গেকে কিনে নেয়। কেনাটি এক প্রকার সস্তায় পাওয়া রত্নই মনে হচ্ছে, কারণ মুম্বইয়ের সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-২৫ জয়ের অভিযানে তিনি এক উজ্জ্বল তারকা হিসেবে উঠে এসেছিলেন।
একজন ‘ফিনিশার’ হিসেবে খেলে, শেড়গে নয় ইনিংসে ২৫১.৯২ স্ট্রাইক-রেটে ১৩১ রান করেছিলেন। তাঁর ব্যাটিং গড় ছিল ৪৩-এরও বেশি এবং ছয়টি ইনিংসে তিনি অপরাজিত ছিলেন।
আইপিএল ২০২৫-এ পিবিকেএস-এর হয়ে শেড়গে পাঁচটি ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেখানে ব্যাট করার জন্য দীর্ঘ সময় বা খুব বেশি সুযোগ তিনি পাননি। তবে এদিন সেই সুযোগ চলে এসেছিল তাঁর সামনে। যখন দলের টপ অডআর্র মুখ থুবড়ে পড়েছিল। সেই সময় ছয় নম্বরে ব্যাট করতে নামেন তিনি। জানতেন, এটাই সুযোগ যা তাঁকে কাজে লাগাতে হবে সঙ্গে দলকে ভরসাও দিতে হবে। আর তাঁর ব্যাটেই লজ্জার রানের হাত থেকে রক্ষা পায় লিগ টেবলের শীর্ষে থাকা পঞ্জাব কিংস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
