Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ শাকিরা মানেই একটা আলাদা সেনসেশন। কলম্বিয়ার গায়িকা ও নৃত্যশিল্পী শাকিরা ফিফা ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে বানিয়েছেন হৃদয়ে ঝড় তোলা গান। আর তা নিয়ে বিশ্বকাপের আসরে বিশ্বের ফুটবলপ্রেমীদের মন মজাতে তৈরি তিনি। বৃহস্পতিবার বিশ্বকাপের ‘‌দাই দাই’‌ গানের অ্যালবামের টিসার বিশ্ববাসীর সামনে এনে শাকিরা জানিয়েছেন, ১৪ মে বিশ্বের সকল মানুষের জন্য গানটি আনুষ্ঠানিক প্রকাশ ঘটাবেন।

গানের টিসার তুলে ধরে শাকিরা লিখেছেন, মারাকানা স্টেডিয়াম থেকে বলছি। ‘‌দাই দাই’‌ ফিফা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান। আসছি পুরো গানটা নিয়ে ১৪ মে। আমরা তৈরি।’‌
ইতালির ভাষায় ‘‌দাই দাই’‌ মানে হল ‘‌কাম অন , কাম অন’‌। এই গানটি স্প্যানিশ ও ইংরাজি ভাষায় শাকিরার সঙ্গে গেয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্ণা বয়।

ফিফা ইতিমধ্যেই জানিয়েছিল, ২০২৬ বিশ্বকাপের জন্য বিশেষ অ্যালবাম প্রকাশিত হয়েছে। তাতে তিনটি গান ‘‌ লাইটার’‌, ‘‌পোর এলা’‌, ও ‘‌একো’‌র উল্লেখ ছিল। আরও কিছু গান ওই অ্যালবামে জুড়তে পারে এটাও জানিয়েছিল ফিফা। কিন্তু শাকিরার গান যে তাদের ভাবনায় আছে, সেটা ঘুনাক্ষরেও প্রকাশ করেননি। সেদিক থেকে বলতে গেলে, এটা একটা চমক।

ফুটবল বিশ্বকাপের খেলার সঙ্গে গান বেশ কিছুসময় ধরে অঙ্গাগীভাবে জড়িয়ে গেছে। একটা আলাদা আবেগ কাজ করে। এতদিন পর্যন্ত যে সমস্ত গান বিশ্বকাপকে সামনে রেখে ফিফা প্রকাশ করেছিল, তা ফুটবলপ্রেমীদের মোটেই খুশি করেনি। এখন শাকিরার গানের আত্মপ্রকাশ ঘটতে চলেছে জেনে একটা আলাদা সাড়া পড়ে গেছে সকলের মধ্যে।

শাকিরা পোস্ট করেছেন, ‘‌ এমন কোনও বিশ্ব হতে পারে না, যেখানে শাকিরার গান নেই।’‌ তার উত্তরে একজন সমর্থক মন্তব্য করেছেন, ‘‌ ধন্যবাদ শাকিরা, ফিফার আগের গানগুলোর থেকে আমাদের রেহাই দেওয়ায়।’‌ আর একজনের প্রতিক্রিয়া, ‘‌ দুরন্ত প্র‌ত্যাবর্তন। আপনাকে স্বাগত শাকিরা। আপনি ২০২৬ বিশ্বকাপের বোরিং গানগুলো শোনার হাত থেকে আমাদের বাঁচালেন।’‌

৪৯ বছরের গায়িকা ও নৃত্যশিল্পী শাকিরা এর আগে অসংখ্যা হিট গান উপহার দিয়েছেন। তার মধ্যে সেরা ছিল ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ উপলক্ষে পরিবেশিত বিশ্বজুড়ে হৃদয় ও মনে ঝড় তোলা ‘‌ওয়াকা ওয়াকা(‌দিস টাইম ফর আফ্রিকা’‌ গানটা। ওটা ছিল শাকিরার গাওয়া বিশ্বকাপের অফিসিয়াল প্রথম গান। এবার ‘‌দাই দাই’‌ গানটা সেদিক থেকে বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল গান হিসেবে সামনে আসছে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের সময় শাকিরার গাওয়া ‘‌লা লা লা’‌ গানটিও খুব জনপ্রিয় হয়েছিল। শাকিরা এর আগে ও পরে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ফুটবলপ্রেমীদের আনন্দ দিয়েছেন। ২০০৬ জার্মানি বিশ্বকাপের ফাইনালের আগে বার্লিনের স্টেডিয়ামের মঞ্চে সমাপ্তি অনুষ্ঠানে শাকিরার গাওয়া ‘‌হিপস ডোন্ট লাই(‌‌ব্যাম্বু)‌’‌ তার মধ্যে অন্যতম। ২০ বছর বাদে ২০২৬ বিশ্বকাপে বার্ণা বয়ের সঙ্গে জুটি বেঁধে শাকিরা আবার সুরের ঝর্ণায় ফুটবলপ্রেমীদের ভাসিয়ে নিয়ে যেতে তৈরি।

শাকিরা ছাড়াও বিশ্বকাপে অফিসিয়াল গান উপহার দিয়েছেন বিভিন্ন সময় পিটবুল, জেনিফার লোপেজ, নিকি জ্যাম, উইন স্মিথ ও জাংকুক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *