ছবি: আইএসএল
অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ইরান ফুটবল দলের এক বিশেষ বিদায় সংবধর্নার আয়োজন করেছিল ইরান ফুটবল সংস্থা। আমেরিকার মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলা নিয়ে সংশয়ের মাঝেই তেহরানের ইনকেলাব স্কোয়ারে ইরান ফুটবল দলকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার সমর্থকের সমাগম হয়। বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরান ফুটবল দলের সদস্যরাও তেহরান স্কোয়ারের মঞ্চ থেকে এক আবেগঘন বক্তব্য রাখেন সমর্থকদের উদ্দেশ্যে।
বিদায় সংবর্ধনা মঞ্চে ইরানের বিশ্বকাপের দলের সদস্যদের হাতে অফিসিয়াল কিটস তুলে দেওয়া হয়। ইরানের ফুটবলাররা তুরস্ক রওনা হল বিশ্বকাপের চুড়ান্ত প্রস্তুতি সারতে। ইরান ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ বলেন, ‘ গত ৪টি বিশ্বকাপের মধ্যে এবারের এই বিদায় সংবর্ধনা জানানোটা সবদিক থেকে সেরা। এই ফুটবলাররা মানুষের সঙ্গে আছে। আর ইরানের জনতাও ফুটবলারদের পাশাপাশি দেশের সম্মান, গর্ব ও শক্তি রক্ষার্থে সবসময় পাশে থাকতে তৈরি। কোনওকিছুতেই তারা মাথা নোয়াবে না। বিশ্বকাপে ম্যাচের ফল যাই হোক, ইরানের পতাকার মর্যাদা অক্ষুন্ন থাকবে, আর তার জন্য লড়ে যাবে ফুটবলাররা জান দিয়ে।’
ইরানের ফুটবল প্রেসিডেন্ট মেহদি তাজের একটা ক্ষোভ রয়েছে, তাঁকে ও তাঁর সঙ্গে থাকা প্রতিনিধি দলকে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দেওয়ার অনুমতি না দেওয়া। গত মাসে টরন্টো বিমানবন্দর থেকে তাঁদের ফেরত পাঠিয়ে দেয় কানাডার অভিবাসন দপ্তরের কর্মীরা বৈধ ভিসা থাকা সত্ত্বেও। এতে রীতিমতো ক্ষুব্ধ মেহদি তাজ। এটাকে ইরানের মানুষের প্রতি ঘোর অণ্যায় ও অপমানজনক আচরণ বলে প্রচারমাধ্যমে জানিয়েছেন তিনি। এমনকি ফিফার কাছেও এর প্রতিকার চেয়েছেন।
ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যদের প্রতি কানাডা সরকারের মনোভাব খুব স্পষ্ট। তাদের সাফ কথা, ইরান ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত কোনও ব্যক্তিকেই তারা কানাডায় প্রবেশের অধিকার দেবে না। এতেই এটা ধাঁধা তৈরি হয়েছে। কারণ কানাডার মতো আমেরিকাও আইআরজিসির সদস্যদের সেদেশে ঢুকতে দিতে চায় না। আর এব্যাপারে যদি কড়া মনোভাব নেয় আমেরিকা, তাহলে ইরান ফুটবল দলের কয়েকজন কর্তা তো বটেই এমনকি ফুটবলারদের কেউ কেউ আমেরিকার মাটিতে পা রাখতে পারবেন না বিশ্বকাপে খেলতে। এমন একটা সমস্যা মেটানোর দায়িত্ব এখন ফিফার হাতে।
ইরান ফুটবল ফেডারেশনের সচিব হিদায়াত মোমবেইনি জানিয়েছেন, আমেরিকার মাটিতে খেলা তাঁর দলের বিশ্বকাপের ম্যাচ নিয়ে জট এখনও ছাড়েনি। ভিসাই পায়নি ইরানের ফুটবলার ও দলের বাকি সদস্যরা। ফিফা প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বকাপের আগে হাতে সময় থাকতেই যাবতীয় সমস্যার সমাধান ঘটাবে। এটা হলেই ভাল, নইলে তুরস্কের প্রস্তুতি শিবির শেষে ইরান দল কী করবে, তা জানা নেই। ভিসা না পেলে দল বিশ্বকাপে খেলবে কীভাবে?
ইরান ফুটবল দল বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে ২৯ মে গাম্বিয়ার বিরুদ্ধে আন্টালিয়ায় প্রীতি ম্যাচে অংশ নেবে। মোমবেইনি জানিয়েছেন, তুরস্কে প্রস্তুতি সারার সময় আরও ইরানের জন্য আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলানোর ব্যবস্থা তাঁরা করছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
