দীপ্তি শর্মার ছবি বিসিসিআই-এর এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ মানেই ভারতের কাছে পাকিস্তানের হার। যা বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর সেই ধারা ধরে রাখল ভারতের মেয়েরাও। বার্মিংহ্যামে আইসিসি টি২০ মহিলা বিশ্বকাপের আসরে পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে সহজ জয় তুলে নিল ভারত। গ্রুপ ১-এর ম্যাচে এদিন মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে ব্যাট হাতে স্মৃতির সঙ্গে বল হাতে দাপট দেখালেন দীপ্তি। আর সেখানেই আটকে গেল পাকিস্তানের মেয়েরা। রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে নেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে তিন ওভার বাকি থাকতে ১০৬ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
এদিন স্মৃতি মন্ধনার সঙ্গে ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন শাফালি ভর্মা। যদিও শুরুতেই মাত্র ৬ রান করে ফিরে যান শাফালি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ভরসা দিতে পারেননি জেমিমা রডরিগেজও। মাত্র ১ রান করে ফিরে যান তিনি। ১৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ভারতের ব্যাটিং। এর পর চার নম্বরে নেমে স্মৃতির সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন স্বয়ং ক্যাপ্টেন হরমনপ্রীত। দু’জনের জুটিতে ভারতের রান ১০৯-এ পৌঁছে যায়। ৪৪ বলে ৬৮ রান করে ফেরেন মন্ধনা। হরমনপ্রীতের ব্যাট থেকে আসে ৩৬ রান। ভারতী ফুলমনি ১ রানে ফেরার পর শেষবেলায় ১৭ বলে ৩৪ রান যোগ করে ভারতের দলগত রানকে বড় জায়গায় পৌঁছে দেন রিচা ঘোষ। দীপ্তি শর্মা ১২ ও শ্রেয়াঙ্কা পাটিল ১ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে ভারত থামে ১৭০-৬-এ।
পাকিস্তানের হয়ে দুটো করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ফতিমা সানা। একটি করে উইকেট নেন তাসমিনা রুবাব ও রামিন শামিম। ১৭১ রানের লক্ষ্যে নেমে শুরুটা ভারতের থেকে ভালোই করেছিল পাকিস্তান কিন্তু পরবর্তী সময়ে একই গতি ধরে রাখতে ব্যর্থ হন পাকিস্তান ব্যাটাররা। দুই ওপেনার মুনিবা আলি ৪১ ও গুল ফিরোজা ১২ রান করে আউট হন। তিন নম্বরে নেমে আয়েষা জাফরও ফেরেন ১২ রানে। এর পর সায়রা জাভিন ২, নাতালিয়া পারভেজ ৭, ফতিমা সানা ০, আলিয়া রিয়াজ ১৮, রামিম শামিম ৪, নাশরা সান্ধু ৪ ও তাসমিয়া রুবাব ০ রানে ফিরে যান। ১ রানে অপরাজিত থাকেন সাদিয়া ইকবাল। ১৭ ওভারে ১০৬ রানেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
বল হাতে একাই পাকিস্তানের ব্যাটিংকে শেষ করে দেন দীপ্তি শর্মা। চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন দীপ্তি। তার সঙ্গে সমানে সমানে পাকিস্তান ব্যাটিংকে চাপে রাখেন শ্রী চরণি। তিনিও তুলে নেন তিন উইকেট। ১ উইকেট নেন শাফালি ভর্মা। ম্যাচের সেরা হয়েছেন দীপ্তি শর্মা। গ্রুপ ১-এ প্রথম ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশ। ভারতের পরের ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ জুন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
