রোহন বোপন্না-ম্যাথু এবডেন
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় টেনিস তারকা রোহন বোপন্না এবং তাঁর অস্ট্রেলিয়ান সতীর্থ ম্যাথিউ এবডেন তাঁদের স্বপ্নের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন। ৬-৭ (৬-৩),৭-৫, ৬-২ সেটে তাঁরা ডাচ জুটি ট্যালন গ্রিকস্পুর-বার্ট স্টিভেন্সকে হারিয়ে পৌঁছে গেলেন পুরুষ ডবলসের সেমিফাইনালে। ১ঘন্টা ৫৪ মিনিটের লড়াইয়ের পর শেষ চারে জায়গা করে নেয় এই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি। এর আগে শেষ বার ২০১৫-তে উইম্বলডন সেমিফাইনালে পৌঁছেছিলেন ৪৩ বছরের বোপন্না। প্রায় আট বছর পর আবার শেষ চারে জায়গা করে নিলেন তিনি। তবে সেমিফাইনালে কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন তাঁরা।
চলতি উইম্বলডনে পুরুষদের ডাবলসের ষষ্ঠ বাছাই রোহন বোপন্না এবং ম্যাথিউ এবডেন। কোয়ার্টার ফাইনালে ডাচ জুটির বিরুদ্ধে প্রথম সেটে হেরে যান তাঁরা। প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। সেই সেটের ফল ৬-৭ (৬-৩)। তবে প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান তাঁরা। ৭-৫ ব্যবধানে দ্বিতীয় সেটে জয় লাভ করেন রোহনরা। দ্বিতীয় সেটে জেতার পর তৃতীয় সেটে দাঁড়াতেই দেননি ডাচ জুটিকে। তৃতীয় সেটে ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি জেতে ৬-২ ব্যবধানে।
পুরুষদের ডবলসের এটিপি র্যাংঙ্কিয়ে ১২ নম্বরে রয়েছেন বোপন্না এবং ১৬ নম্বরে রয়েছেন ম্যাথিউ। তবে সেমিফাইনালে চাপের সম্মুখীন হতে চলেছেন তাঁরা। কারণ, ফাইনালে যেতে হলে তাঁদের হারাতে হবে উম্বলডন পুরুষদের শীর্ষ বাছাই ডাচ-ব্রিটিশ ওয়েলসলি কুলহফ এবং নীল স্কুপটি জুটিকে।
আজ,বৃহস্পতিবার সেমিফাইনালে নামবেন রোহনরা। চলতি বছর দোহা এবং ইন্ডিয়ান ওয়েলসে খেতাব জিতেছেন বোপন্না-ম্যাথেউ। এই বছর উইম্বলডন জিততে পারলে ওপেন এরায় সবচেয়ে বয়স্ক হিসেবে রেকর্ড গড়বেন বোপন্না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
