ছবি : সিবিএফ
ব্রাজিল ৩ (কুনহা-২, ভিনিসিয়াস) হাইতি ০
অলস্পোর্ট ডেস্ক: ভিনিসিয়াস জুনিয়ার নিজে একটি গোল করে ও ম্যাথিয়াস কুনহার ২ গোলের মধ্যে একটিতে অবদান রেখে ফিফা ২০২৬ বিশ্বকাপে প্রথম জয় পেল ব্রাজিল। হাইতিকে ৩-০ গোলে হারিয়ে। গ্রুপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ ড্র করে সমালোচনার মুখে পড়েছিল কার্লেস আনসেলোত্তির দল। হাইতি ম্যাচে জয়ে কিছুটা হলেও সুনাম ফিরল। ফিট না হওয়ায় হাইতি ম্যাচেও দলে ছিলেন না নেইমার। তাঁকে বাদ দিয়ে জয় আসাতে এটা প্রমাণিত দলে নেইমার নির্ভরতা নেই। আপাতত ব্রাজিল তাকিয়ে থাকবে মরক্কো ও স্কটল্যান্ড ম্যাচের ফলের দিকে। কারণ ব্রাজিল শেষ ম্যাচ খেলবে স্কটল্যান্ডের বিরুদ্ধে, হাইতের মুখোমুখি হবে মরক্কো। সেক্ষেত্রে গোল পার্থক্য একটা বড় ভূমিকা নিতে পারে ব্রাজিলের গ্রুপ শীর্ষে স্থান পাওয়ার ক্ষেত্রে। এই হারে অবশ্য বিশ্বকাপ থেকে ছিটকে গেল হাইতি এক ম্যাচ বাকি থাকতেই।
মরক্কোর বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাথিয়াস কুনহাকে প্রথম একাদশে রাখেননি ব্রাজিল কোচ আনসেলোত্তি। সম্ভবত এটাই ভেতের ভেতরে তাতিয়েছিল কুনহাকে। তিনি জবাব দেওয়ার অপেক্ষাতেই ছিলেন। যেটুকু জানা গেছে, শেষমুহূর্তে কুনহাকে হাইতির বিরুদ্ধে প্রথম একাদশে অন্তর্ভুক্ত করেন ব্রাজিল কোচ। কুনহা সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন। ফিলাডেলফিয়ার মাঠে উপস্থিত ৬৮ হাজার ব্রাজিল সমর্থকদের মন জয় করে নেন ২ গোল করে। বিশ্বকাপে তাঁর জীবনের প্রথম গোল। ব্রাজিলের জার্সিতে তৃতীয় আন্তর্জাতিক গোল।
মরক্কোর বিরুদ্ধে গোল করে দলের হার ও মান বাঁচিয়েছিলেন ভিনিসিয়াস। ২৩ মিনিটে হাইতির বিরদ্ধে তাঁর নেওয়া জোরালো শট হাইতি গোলকিপার জনি প্ল্যাসাইডের হাত থেকে ছিটকে বেরিয়ে আসে। আলগা বল গোলে ঠেলে ব্রাজিলের ১-০ এগিয়ে দেন কুনহা। ৩৬ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকেই গোলার মতো শটে ২-০ করেন কুনহা। গোলকিপার প্ল্যাসাইডের বল গোলে ঢুকতে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। প্রথমার্ধের সংযুক্তি সময়ের তৃতীয় মিনিটে ভিনিসিয়াসের গোলে ৩-০। লুকাস পাকুয়েতার পাস থেকে গোল পান ভিনিসিয়াস।
প্রথমার্ধে তিন গোলে এগিয়ে যাওয়ায় ব্রাজিলের মধ্যে গোল বাড়ানোর কোনও বাড়তি তাগিদ ছিল না। তাও দ্বিতায়ার্ধে পরিবর্ত হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তিনেলির একটি শট ক্রশপিসে লেগে ফেরে। এই জয়ের ফলে ব্রাজিল বিশ্বকাপের ইতিহাসে নতুন এক মাইলফলক অর্জন করল। জার্মানি তাদের প্রথম ম্যাচ ৭-১ গোলে জিতে বিশ্বকাপে সর্বোচ্চ গোল(২৩৯) করার রেকর্ড করেছিল। হাইতি ম্যাচে ৩-০ জিতে ২৪২ গোল করে তাদের আপাতত ছাপিয়ে গেল ব্রাজিল। চলতি বিশ্বকাপে এই দুই দল কতদূর এগোয় তারওপর নির্ভর করছে কার দখলে শেষপর্যন্ত থাকবে বিশ্বকাপে সর্বাধিক গোল করার রেকর্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
