ছবি— বিসিসিআই এক্স থেকে
অলস্পোর্ট ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ওডিআই জিতেই সিরিজ জয় সম্পূর্ণ করল ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজ প্রথম দুই ম্যাচ জিতেই পকেটে পুড়ে নিয়েছিল ভারত। শেষ ম্যাচ তাই ছিল নিয়মরক্ষার। তবে দাপটের সঙ্গে জিতেই সিরিজ শেষ করল ভারত। শনিবার চেন্নাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে আফগানিস্তানের ব্যাটে যেমন সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি এল তেমনই ৪৪.৪ ওভারেই গুটিয়ে গেল আফগানদের ইনিংস। যার ফলে সেঞ্চুরি করেও দলকে বড় রানে পৌঁছে দিতে পারলেন না অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি। ভারতের সামনে ২১৮ রানের লক্ষ্য২৮.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়েই তুলে দিল যশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি। যার ফলে ৯ উইকেটে শেষ ম্যাচ জিতে সিরিজ ৩-০ করল ভারত।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের প্রথম তিন ব্যাটার দলের ভিত গড়তে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ৫, ইব্রাহিম জারদান ১১ ও রহমত শাহ ৫ রান করে আউট হয়ে যান। ৩৬ রানে চার উইকেট থেকে দলের ব্যাটিংয়ের হাল ধরেন হশমতুল্লাহ ও আজমাতুল্লাহ। মাঝে ১ রান করে ফেরেন দারউইস রসোলি। এর পর ভারতীয় বোলারদের চাপে ফেলে দেন দুই ব্যাটার। অধিনায়ক হশমতুল্লাহ ১০২ রানে ফেরেন। আজমাতুল্লাহের সংযোজন ৫০ রান। এর পর ২১ রান যোগ করেন মহম্মদ নবি। এছাড়া রশিদ খান ৫, এএম গজনফার ১, ফরিদ আহমেদ ০ রানে ফেরেন। যার ফল ৩৪ বল বাকি থাকতেই ২১৮ রানে অল আউট হয়ে যায় আফগানিস্তান।
ভারতের হয়ে বল হাতে এদিন বিধ্বংসী হয়ে উঠেছিলেন প্রসিধ কৃষ্ণা। ৮.২ ওভারে মাত্র ২৩ রান দিয়ে পাঁট উইকেট তুলে নেন প্রসিধ। একটি করে উইকেট নেন গুরনূর ব্রার, প্রিন্স যাদব ও হর্ষ দুবে। এছাড়া শুভমান গিল ও ঈশান কিষাণের যৌথ উদ্যোগে দুটো রান আউটও হয়। এর পর জবাবে ব্যাট করতে নেমে সহজ জয় তুলে নেয় ভারতের টপ অর্ডার।
ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা জয়ের রাস্তা তৈরিই করে দিয়েছিলেন প্রথম থেকে। ওপেনিং জুটিতে ১৭০ রান তুলে নেয় ভারত। সেখানে যশস্বীর ব্যাট থেকে আসে সেঞ্চুরি। ৮৬ বলে অপরাজিত ১১০ রানের দাপুটে ইনিংস খেলেন তিনি। তাঁর এই ইনিংস সাজানো ছিল ১৪টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি দিয়ে। এই সিরিজে এই নিয়ে দুটো সেঞ্চুরি করলেন তিনি। সমানে সমানে লড়াই দেন রোহিত শর্মা। ৬৯ বলে ৭৯ রান করে আউট হন তিনি। ততক্ষণে যদিও জয়ের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে ভারতের। তিন নম্বরে নেমে ১৯ বলে ২০ রান করে দ্রুত জয় নিশ্চিত করেন শ্রেয়াস আইয়ার। ১২৮ বল বাকি থাকতে ২২৪-১ করে ৯ উইকেটে জয় তুলে নেয় ভারত।
ভারতের একমাত্র উইকেটটি নেন মহম্মদ নবি। ম্যাচের সেরা হয়েছেন প্রসিধ কৃষ্ণা ও টুর্নামেন্টের সেরা হয়েছেন ভারত অধিনায়ক শুভমান গিল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
