অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই কয়েকটা চমক দেখা গেছে। তার মধ্যে অন্যতম কেপ ভার্দের পরপর ২ ম্যাচ ড্র করা। আর এবার বড় চমকটা দিল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে মন্টেরেতে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নক আউটে গেল তারা। ২০১০য়ে নিজের দেশে আয়োজক হিসেবে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি।
এবার কিন্তু ছবিটা একেবারেই আলাদা। মেক্সিকোর কাছে ০-২ গোলে প্রথম ম্যাচে হারার পর মনে হয়েছিল, দক্ষিণ আফ্রিকাকে গ্রুপ পর্ব খেলেই বিদায় নিতে হবে। কিন্তু চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ড্র তাদের রাউন্ড অফ ৩২য়ে যাওয়ার আশা জিইয়ে রাখে। মেক্সিকো শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারানোয়, চলতি বিশ্বকাপের অন্যতম সংগঠক মেক্সিকোর গ্রুপ শীর্ষে থেকে নকআউট যাওয়া নিশ্চিত হয়ে যায়। এখন দেখার ছিল, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কে দ্বিতীয় স্থান পেয়ে নক আউটে যেতে পারে। দু’দলের কাছে ম্যাচটা বলতে গেলে একপ্রকার মরণ বাঁচন ম্যাচ ছিল বিশ্বকাপের দৌড়ে টিঁকে থাকতে।
সেই লড়াইয়ে বাজিমাত দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেপাং মোরেমির ক্রশে থাপেলো মাসেকোর দুরন্ত গোলে তারা দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছে। চেষ্টা করেও ম্যাচ বাঁচাতে পারেনি দক্ষিণ কোরিয়া। ২৮ জুন লস এঞ্জেলসে কানাডার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা রাউন্ড অফ ৩২য়ের ম্যাচে।
এর পিছনে দক্ষিণ আফ্রিকার ৭৪ বছর বয়সী বেলজিয়ান কোচ হুগো ব্রুসের অবদান অনস্বীকার্য। মেক্সিকোর কাছে প্রথম ম্যাচে দল হারার পরও তিনি ফুটবলারদের হাল ছাড়তে নিষেধ করেছিলেন। তারই সুফল মিলল। ২০২১ সালে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ফুটবলারদের মানসিকতার বদল ঘটিয়েছেন ব্রুস। হার না মানা মনোভাবের সঙ্গে দক্ষতায় উন্নতি ঘটিয়েছেন। নক আউটে দল যাওয়ার পর একাধারে যখন নিজের খুশি চেপে রাখেননি ব্রুস, ক্ষোভ প্রকাশ করেন সেইসব মানুষদের উদ্দেশ্যে, যারা তাঁদের ধর্তব্যের মধ্যেই আনেনি।
ব্রুস বলেন, ‘ আমি দলের পারফরমেন্স গর্বিত। মনে করি, একটা মোক্ষম জবাব দেওয়া গেছে, যারা কয়েক সপ্তাহ আগেও আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করছিলেন। আমাদের নিজেদের ওপর বিশ্বাস ছিল। সেইমতো পরিকল্পনা মেনে এগিয়েছি। ফুটবলাররা আমার নির্দেশ সঠিকভাবে পালন করেছে। আমি বলেছিলাম, সম্ভবত এটাই আমার কোচিং জীবনের শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে। তাই দল বিশ্বকাপের নক আউটে প্রথমবার যাওয়ার পর বলতি দ্বিধা আমার কোচিং জীবনের শেষটা মধুরেণ সমাপয়েত হতে চলেছে। একজন কোচের জন্য এর থেকে ভাল আর কী হতে পারে। ফুটবলারদের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। বলতে গেলে পরিবারের মতো। আমি ওদের কোচের থেকেও বেশি কিছু। বলতে গেলে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ।’
রাউন্ড অফ ৩২য়ে গিয়েই থেমে থাকতে চান না দক্ষিণ আফ্রিকার কোচ ব্রুস। তাঁর লক্ষ্য বিশ্বকাপের আর এক আয়োজক দেশ কানাডাকে হারিয়ে শেষ ১৬য় জায়গা করে নেওয়া। আর সেই লক্ষ্যে ফুটবলারদের নতুন করে মনঃসংযোগের পরামর্শ দিয়েছেন। বলেন, ‘ জানি, ফুটবলাররা আবার নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি শুরু করবে। ওরা ইতিহাস গড়ার কাজটা চালিয়ে যেতে চায়। শেষ ১৬য় যাওয়াটা হবে আরও কৃতিত্বের। ফুটবলাররা নিজেদের প্রমাণ করতে ও সমালোচকদের জবাব দিতে বদ্ধপরিকর। আর সেই লক্ষ্যেই কানাডাকে হারাতে মাঠে নামবে রবিবার। দেখাই যাক না, সেটা সম্ভব হয় কিনা।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
