Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: সোমবার গ্র্যান্ড চেস ট্যুরের ক্রোয়েশিয়া পর্বে গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানানন্ধা শেষ দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে যৌথভাবে তৃতীয় স্থানে শেষ করেন। ২৩.৫ পয়েন্ট নিয়ে ফ্রান্সের ফিরুজা আলিরেজা শীর্ষস্থান দখল করেন। ২১.৫ পয়েন্ট সংগ্রহ করে প্রজ্ঞানানন্ধা আর এক ফরাসি খেলোয়াড় ম্যাক্সিম ভাচিয়ার-লাগ্রাভের সঙ্গে যৌথভাবে তৃতীয় হন। ভারতীয় এই তারকা শেষ দিনটি ভিনসেন্ট কেমারের কাছে পরাজয় দিয়ে শুরু করলেও, পরবর্তী আটটি গেমের মধ্যে ৬ পয়েন্ট তুলে নিয়ে ভালো পারফরম্যান্স দেখান। স্বদেশি ডি. গুকেশের কাছেও তিনি একবার পরাজিত হন, তবে আলিরেজাকে পরাজিত করাই ছিল প্রজ্ঞানানন্ধের বড় সাফল্য।

উদ্বোধনী দিনে ব্লিৎজ বিভাগে ৯ পয়েন্টের মধ্যে ৮ পয়েন্ট নিয়ে দুর্দান্ত সূচনা করলেও, আলিরেজার শেষ দিনটি ছিল হতাশাজনক; তিনি মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করতে পারেন। এর ফলে সামগ্রিক পয়েন্ট তালিকায় উজবেকিস্তানের নোদিরবেক আবদুসাত্তোরভ ২৩.৫ পয়েন্ট নিয়ে তাঁকে ছুঁয়ে ফেলেন।

এর ফলে টাই-ব্রেকার পর্বের প্রয়োজন হয়, যেখানে প্রথম দু’টি গেম ড্র হয়। এরপর ‘আর্মাগেডন’ রাউন্ডেও আবদুসাত্তোরভের সঙ্গে ড্র করেন এই ফরাসি খেলোয়াড় এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, কারণ কালো ঘুঁটি নিয়ে খেলার কারণে ড্র করলেই তাঁর শিরোপা জয়ের জন্য যথেষ্ট ছিল।

জার্মানির কেমার মোট ২০ পয়েন্ট অর্জন করেন; তিনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশের চেয়ে ১.৫ পয়েন্ট এগিয়ে ছিলেন, যিনি ষষ্ঠ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেন। ডাচ গ্র্যান্ডমাস্টার অনীশ গিরি ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম এবং ডিয়াক বোগদান ড্যানিয়েল ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থান অধিকার করেন।

১০ জন খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় হল্যান্ডের জর্ডেন ভ্যান ফরেস্ট ১২.৫ পয়েন্ট নিয়ে নবম এবং স্থানীয় তারকা ইভান সারিক মাত্র ৭ পয়েন্ট নিয়ে দশম স্থান অর্জন করেন। আলিরেজা তাঁর পারফরম্যান্সের জন্য ৪৭,০০০ মার্কিন ডলার এবং নোদিরবেক ৪২,০০০ মার্কিন ডলার পুরস্কার পান; অন্যদিকে প্রজ্ঞানানন্ধা ও ভাচিয়ার-লাগ্রাভে প্রত্যেকে ২৫,০০০ মার্কিন ডলার করে ভাগ করে নেন।

গ্র্যান্ড চেস ট্যুরের সামগ্রিক পয়েন্ট তালিকায় ২০ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা শীর্ষে রয়েছেন এবং ১৯ পয়েন্ট নিয়ে কেমার দ্বিতীয় স্থানে আছেন, যিনি আলিরেজার চেয়ে এক পয়েন্ট এগিয়ে। বর্তমানে ১১.৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা প্রজ্ঞানানন্ধের জন্য সামনের পথটা বেশ কঠিন।

এই বছরের শেষের দিকে নির্ধারিত জিসিটি-র ফাইনালে জায়গা করে নিতে হলে এই ভারতীয় খেলোয়াড়কে আরও শক্তিশালীভাবে ঘুরে দাঁড়াতে হবে। এই ট্যুরের পরবর্তী দু’টি ইভেন্ট সেন্ট লুইসে অনুষ্ঠিত হবে। সেখানে একটি র‍্যাপিড ও ব্লিৎজ ইভেন্ট এবং এরপর একটি ক্লাসিক্যাল ইভেন্ট আয়োজিত হবে।

পয়েন্ট তালিকা— ১) ফিরুজজা আলিরেজা (ফ্রান্স) ২৩.৫; ২) নোদিরবেক আবদুসাত্তোরভ (উজবেকিস্তান) ২৩.৫; ৩) ম্যাক্সিম ভাচিয়ার-লাগ্রাভ (ফ্রান্স) ২১.৫ ও ৪) আর প্রজ্ঞানানন্ধা (ভারত) ২১.৫; ৫) ভিনসেন্ট কেমার (জার্মানি) ২০; ৬) ডি গুকেশ (ভারত) ১৮.৫; ৭) অনীশ গিরি (নেদারল্যান্ডস) ১৭; ৮) ডিয়াক বোগদান-ড্যানিয়েল (রোমানিয়া) ১৫; ৯) জর্ডেন ভ্যান ফরেস্ট (নেদারল্যান্ডস) ১২.৫; ১০) ইভান সারিক (ক্রোয়েশিয়া) ৭।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *