ছবি: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬
অলস্পোর্ট ডেস্ক: ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের বিশ্বকাপের পরের ম্যাচের জন্য ফোকাস ঠিক থাকলে হয়। প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের শেষে এমবাপের সঙ্গে ঝামেলা বেধেছিল প্রতিপক্ষ গোলকিপারের। ব্যাপারটা মাঠেই মিটে যায়নি। ম্যাচের পর প্যারাগুয়ের রাজ্যসভার সদস্য সেলেস্তে আমারিলা আপত্তিজনক ও বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেন এমবাপের উদ্দেশ্যে। যার পাল্টা জবাব দেন ফ্রান্সের অধিনায়কও। বিষয়টা এতটাই ঘোরালো হয়েছে, ফরাসি ফুটবল ফেডারেশন আইনি পরামর্শ নিয়ে আমারিলার বিরুদ্ধে শাস্তির দাবি চেয়ে আদালতে দারস্থ হচ্ছে।
ঘটনার সূত্রপাত প্যারাগুয়ে ম্যাচ ঘিরে। ফিলাডেলফিয়ায় শনিবার ২৭ বছর বয়সী এমবাপে প্যারাগুয়ের বিরুদ্ধে একমাত্র পেনাল্টি গোল করে ফ্রান্সকে জয় এনে দেন। এটা হজম হয়নি প্যারাগুয়ের সেনেটার আমারিলার। আসলে ম্যাচ শেষে প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো গিল হাত মেলাতে গিয়েছিলেন এমবাপের সঙ্গে। এমবাপে হাত না মিলিয়ে সরে যান। এতে চটে গিয়ে হাতে থাকা বল এমবাপের পিঠে ছুঁড়ে মারেন তিনি। এনিয়ে মাঠে ঝামেলা বেধে যায় দু’দল ফুটবলারের মধ্যে। পরিস্থিতি পরে স্বাভাবিক হলেও প্যারাগুয়ে সেনেটার আমারিলার সোসাল মিডিয়ায় করা বর্ণবৈষম্য মন্তব্য নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢালে।
আমারিলা সোসাল মিডিয়ায় এমবাপেকে ‘ কলোনাইজ ক্যামেরুনিয়ান যে নিজেকে ফরাসি বলে চালানোর চেষ্টা করছে’ বলে উল্লেখ করার পাশাপাশি ‘ জংলী, পশু, একজন অশিক্ষিত’ বলেছেন। একইসঙ্গে বলেন, প্যারাগুয়ের খেলোয়াড়দের উচিত ছিল এমবাপেকে ম্যাচের পর চড় মারা। এমনকি গোলকিপার গিলের উচিত ছিল এমবাপকে ‘মধ্যমা’ দেখানো।
এতে প্রচন্ড চটেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। তারা এমবাপের পাশে দাঁড়িয়ে আমারিলার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। এমবাপে পাল্টা আমারিলাকে আক্রমণ করে বলেছেন, ‘ ম্যাডাম সেলেস্তে আমারিলা, আপনি একজন ঘৃণ্য মহিলা। আপনার পদের যোগ্য নন। আপনি প্যারাগুয়ের মানুষ নন। প্যারাগুয়ের ফুটবলাররা নিজের দেশের দলের হয়ে মাঠে ঘাম ঝরিয়েছে। ওদের আবেগ ও লড়াইকে সম্মান করি। অথচ আপনার এই অর্বাচীন বর্ণবৈষম্যমূলক মন্তব্য গোটা বিশ্বকে স্তম্ভিত করেছে। সবচেয়ে বড় কথা, প্যারাগুয়ে ফুটবলারদের বিশ্বকাপে ঐতিহাসিক লড়াইটা ভুলিয়ে দিয়েছে। আপনার কারণে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আমি কোনওমতেই আপনার মতো মানুষকে বিশ্বে বর্ণবৈষম্য ও ঘৃণা ছড়ানোর সুযোগ দেব না।’
ফ্রান্স ফুটবল ফেডারেশন পাশে দাঁড়িয়েছে এমবাপের। তারা আমারিলার বক্তব্যের তীব্র প্রতিবাদ করে জানিয়েছে, ‘ এই ধরনের মন্তব্য অপরাধমূলক ও গ্রহনযোগ্য নয়। যাঁরা এইধরনের বর্ণবৈষম্যের শিকার, তাঁদের পাশে আমরা আছি। তাই যাঁরা এই ধরনের মন্তব্য করবে, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। আইনজীবির সঙ্গে কথা বলে আদালতের দারস্থ হচ্ছি। আমাদের ফুটবলাররা ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করে। তাঁদের সম্মান আছে। ওদের অসম্মান করা মানে গোটা দেশকে অপমান করা।’
আমারিলা যাই বলুন, প্যারাগুয়ের ভাইস প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা তাঁর বক্তব্য সমর্থন করেননি। বলেছেন, ফুটবল খেলা ভ্রাতৃত্ববোধ জাগায়। দেশ ও মানুষের মধ্যে সংহতি বাড়ায়। তাই আমারিলার বর্ণবৈষম্যমূলক মন্তব্য সমর্থনযোগ্য নয়।’ প্যারাগুয়ে কংগ্রেস মহিলা সদস্য জেহানা অরতেগাও বলেন, ‘ মাঠের লড়াইয়ে থাকবে। কিন্তু মাঠের বাইরে সেই সম্পর্ক থাকবে না। পরস্পরের প্রতি সম্মান, সমতাভাব থাকা উচিত। প্যারাগুয়ে কংগ্রেসের একজন দায়িত্বশীল সদস্য হিসেবে আমারিলার মন্তব্যের জন্য ফ্রান্সের মানুষের কাছে ক্ষমা চাইছি।’
এইসব বিতর্কের মাঝে বৃহস্পতিবার বোস্টনে মরক্কোর বিরুদ্ধে ফিফা ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে এমবাপে ও তাঁর সতীর্থরা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
