Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আমেরিকা ১৯৯৪ বিশ্বকাপে আত্মঘাতী গোলের পর দেশে ফিরে নাইটক্লাবে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন কলম্বিয়ার জনপ্রিয় ফুটবলার ২৭ বছরের আন্দ্রে এসকোবার। আর এবার ফিফা ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার পর দেশে ফিরে অকাল প্রয়াণ ঘটল দক্ষিণ আফ্রিকার ২৫ বছর বয়সী ফুটবলার জেডান অ্যাডামসের। বিশ্বকাপের মাঝে এমন একটা খবরে স্তম্ভিত ও শোকস্তব্ধ ফুটবল বিশ্ব। যদিও এসকোবারের মতো কোনও ঘটনায় তাঁর প্রাণ যায়নি। তবে তাঁর মৃত্যুর কারণটাও অজ্ঞাত। দক্ষিণ আফ্রিকার হয়ে চলতি বিশ্বকাপে তিনটি ম্যাচ খেলা তরুন ফুটবলারের প্রাণহীন দেহ মিলেছে সেন্ট্রাল কেপটাউনের স্কচস্কেপলুফ অঞ্চলের এক বাড়িতে। এটা খুন , না আত্মহত্যা, দক্ষিণ আফ্রিকার পুলিশ মামেলোডি সানডাউনস , স্টেলেনবস্ক এফসির হয়ে খেলা জেডানের মৃত্যু রহস্যের সেই ফাঁস খুলতে তদন্ত শুরু করেছে।

জেডান অ্যাডামস দক্ষিণ আফ্রিকার হয়ে চলতি বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রথম একাদশে থেকে খেলা শুরু করেছিলেন। ম্যাচের ঠিক আগে তাঁর প্রিয় ঠাকুমা মারিয়ান্নার মৃত্যুর খবর পেয়েও ম্যাচে মাঠে নামা থেকে বিরত থাকেনি জেডান। ম্যাচটা ১-‌১ ড্র হয়েছিল। মেক্সিকোর বিরুদ্ধে ০-‌২ গোলে হেরে যাওয়া ম্যাচেও শুরু থেকে দলে ছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-‌০ গোলে জেতা তৃতীয় ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন জেডান। তবে ২৮ জুন রাউন্ড অফ ৩২য়ে কানাডার বিরুদ্ধে হেরে যাওয়া ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি।

জেডান অ্যাডামসের মৃত্যুতে শোকাহত দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জির প্রতিক্রিয়া, ‘‌ জেডানের মতো একজন প্রতিভাবান ফুটবলারের অকালপ্রয়াণের খবর পেয়ে আমি মর্মাহত। স্তম্ভিত। গোটা দেশের মানুষের মতো এটা আমিও মানতে পারছি না। জেডানের মৃত্যুর কারণ এখনও অজানা। যখন সেটা নিশ্চিতভাবে জানা যাবে, তখন বলা হবে। তাই আমি সকলের কাছে অনুরোধ এনিয়ে যেন কোনও জল্পনা বা রটনা করবেন না। বরং জেডানের পরিবারকে এই কঠিন সময়ে শান্তিতে থাকতে দিন। তাঁদের পাশে থাকুন। সহমর্মিতা দেখান। ওর ক্লাব মামেলোডি সানডাউনসের সতীর্থ ও কর্তাদের প্রতি সমবেদনা জানাই।’‌

জেডান অ্যাডামসের ফুটবল জীবন শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকার অ্যাকাদেমিতে। পরে পেশাদার ফুটবল জীবনে পা রাখেন স্টেলেনবস্ক এফসিতে যোগদানের সুবাদে। সেখান থেকে চলে আসেন ২০২৫ সালের জানুয়ারিতে মামেলোডি সানডাউনসে। ওই ক্লাবের হয়ে লিগ ও আ্রফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। ২০২৩ আফ্রিকান নেশনস কাপের সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। ওই দলে ছিলেন জেডান। নজর কাড়া ফুটবল খেলার সুবাদে তাঁকে ২০২৬ বিশ্বকাপের জন্য দলে ডেকে নেন কোচ হুগো ব্রুস।

জেডানের মৃত্যুতে শোকপ্রকাশ করে তাঁর পরিবার ও পুরো দক্ষিণ আফ্রিকা ফুটবলপ্রেমীদের জন্য শোকবার্তা পাঠিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *