অলস্পোর্ট ডেস্ক: আশঙ্কটাই সত্যি হল। দু’টি অলিম্পিক্সে পদকজয়ী ভারতের নীরজ চোপরাকে পিছনে ফেলে গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসে জ্যাভেলিনে সোনা জিতলেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাজে। তাঁর সাম্প্রতিক ফর্ম ও সাফল্য বলছিল, তিনি কমনওয়েলথ গেমসে সোনা জয়ের অন্যতম দাবিদার। আর সেই সাফল্য তিনি অর্জন করে দেখালেন। নীরজ চোপরাকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল। চোটের জন্য ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারেননি নীরজ। ভারতের আর এক জ্যাভেলিন থ্রোয়ার যশবীর সিং অবশ্য ভারতকে গর্বিত করেছেন ব্রোঞ্জ জিতে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ী পাকিস্তানের জ্যাভেলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে।
গ্লাসগোর ১৪ ডিগ্রির তাপমাত্রার প্রতিকূলতার মধ্যে চমক দিয়েছেন ২৩ বছরের শ্রীলঙ্কার প্রতিযোগী রুমেশ থারাঙ্গা পাথিরাজে। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ৮৯.৭৫ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সোনা জেতেন। পাথিরাজের দূরত্ব নিয়ে বিচারকদের মনে সামান্য সংশয় ছিল। তাঁরা মনে করেছিলেন পাথিরাজে ৯০ মিটার দূরত্ব অতিক্রম করেছেন। কিন্তু পরে মাপজোকের মাধ্যমে নিশ্চিত হল পাথিরাজে ৮৯.৭৫ মিটার দূরত্বেই জ্যাভেলিন ছুঁড়েছেন, তার বেশি নয়।
নীরজ মরশুমের সেরা দূরত্বে (৮৫.৮৩ মিটার) জ্যাভেলিন ছুঁড়ে রুপো পান। ভারতের আর এক থ্রোয়ার যশবীর সিং নিজের ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় ৮৫.৪১ মিটার দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে ভারতের পদক তালিকায় বৃদ্ধি ঘটান। ভারতের রোহিত যাদব ৮১.৫৬ মিটার দুরত্বে জ্যাভেলিন ছুঁড়ে সপ্তম স্থানে শেষ করেন। গ্রেনাডার অ্যান্ডারসন পিটারস ৮৩.৮৮ নিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়ায়, তাঁকে চতুর্থ স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়। গতবারের কমনওয়েলথ চ্যাম্পিয়ন ও প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ী পাকিস্তান আরশাদ নাদিম নিজের ফর্মের ধারেকাছে ছিলেন না। তার ফলে মাত্র ৭৭.৪১ মিটার দূরত্বে নবম স্থানে শেষ করেন। তিনবার ছোঁড়ার পরই তিনি প্রতিদ্বন্দ্বিতার বাইরে চলে যান।
রুপো জেতার পর ভারতের কিংবদন্তী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ বলেন, ‘ রুপো জিতে আমি খুশি। আরও বেশি খুশি কারণ আমরা দুই ভারতীয় রুপো ও ব্রোঞ্জ জিতেছি। ২০২৩ এশিয়ান গেমসে আমি সোনা জিতেছিলাম, কিশোর জেনা পেয়েছিল ব্রোঞ্জ। এখানে ষশবীর ব্রোঞ্জ জিতেছে নিজের সেরা পারফরমেন্স দিয়ে। পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত শুনতে পেলে একটা আলাদা অনুভূতি হয়। রোমাঞ্চ বোধ করি। তবে এক্ষেত্রে রুপো জয়টা মন্দ নয়। চলতি মরশুমে নিজের সেরাটা তুলে ধরতে পেরেছি। নিজেকে ফিরে পাচ্ছি। আশা করছি, এরপর আরও ভাল কিছু করতে পারব।’
সামনেই এশিয়ান গেমস। ২০২৮য়ে লস এঞ্জেলসে অলিম্পিক গেমস রয়েছে। নীরজ এই দুটো মেগা ইভেন্টে নিজের সেরা দিয়ে নিশ্চয়ই প্রমাণ করবেন, তিনি ফুরিয়ে যাননি। এখনও অনেক স্পার্ক বাকি আছে তাঁর মাঝে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
