অলস্পোর্ট ডেস্ক: চোট সমস্যা কাটিয়ে ছন্দে ফিরেছিলেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী ও প্যারিস অলিম্পিক্সে রুপোজয়ী ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সম্প্রতি গ্লাসগো কমনওয়েলথ গেমসে রুপোও জেতেন। ডায়মন্ড লিগে অংশ নিয়ে ফর্মে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। তৈরি হচ্ছিলেন ২০২৬ জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করার জন্য। আর ঠিক তখনই এল বড় দুঃসংবাদটা। ভারতীয় অ্যাথলেটিক্স দলের জন্য সেটা বিরাট ধাক্কা। চোটের জন্য এশিয়ান গেমস তো বটেই চলতি মরশুমে সব ধরনের প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন নীরজ।
লুসানের ডায়মন্ড লিগের ফাইনালে উঠেছিলেন নীরজ। চলতি মরশুমে সেরা দূরত্বে জ্যাভেলিন ছুঁড়ে পদক জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই অনুশীলন চলাকালীন গোড়ালিতে গুরুতর চোট পান অলিম্পিক্সে পদকজয়ী থ্রোয়ার। শনিবার সোসাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান, লুসানে সেরা দূরত্বে জ্যাভেলিন ছোঁড়ার পরই তিনি গোড়ালিতে চোট অনুভব করেন। চোট পরীক্ষার পর বোঝা গেছে গোড়ালির লিগমেন্ট ছিঁড়েছে।
নীরজ লিখেছেন, ‘ প্রচুর পরিশ্রম করে মনে হয়েছিল নিজের পুরোন ছন্দে ফিরছি। লুসানে মরশুমের সেরা পারফরমেন্স দিতেও চেয়েছিলাম। দিয়েওছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য, তারপরই ট্রেণিংয়ের সময় গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যায়। আমার ডাক্তার ও সাপোর্ট টিমের সদস্যদের সঙ্গে কথা বলে বুঝতে পারি, চলতি মরশুমে কোনও প্রতিযোগিতায় অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এটা আমার পক্ষে অত্যন্ত হতাশাজনক, কারণ আমি নিজের সেরা ছন্দে ফেরার ইঙ্গিত পাচ্ছিলাম। তবে মেনে নিতে হচ্ছে এটা আমার ভবিতব্য। আমার খেলোয়াড় জীবনে এই ধরনের সেট ব্যাক নিয়েই চলতে হবে। এখন আমার ফোকাস হবে চোট সারিয়ে মাঠে ফিরতে যা যা করার সেটা করার। যাতে আমি আরও শক্তিশালী হয়ে প্রতিযোগিতার মঞ্চে ফিরতে পারি।’
চোটের কারণে লুসানের ডায়মন্ড লিগ ফাইনালে উঠেও নীরজের পদক জয়ের লড়াইয়ে নামা সম্ভব হচ্ছে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
