অলস্পোর্ট ডেস্ক: আইচি-নাগোয়া ২০২৬ এশিয়ান গেমসে দ্বিতীয় সারির পুরুষ ও মহিলা ক্রিকেট দল পাঠানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই)। এর প্রধান কারণ হল জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ব্যবস্থাপনা ও সুযোগ সুবিধা বিষয়ে অখুশি বিসিসিআই ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)। এশিয়ান গেমস শুরু ১৯ সেপ্টেম্বর থেকে। তবে মহিলা ক্রিকেট দলের খেলা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। পুরুষ দলের খেলা ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত।
জাপানে অনুষ্ঠেয় এশিয়াডে ক্রিকেটারদের জন্য ব্যবস্থাপনা নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন বিসিসিআই ও এসিসির কর্তারা। জাপান অলিম্পিক কমিটির কাছে তাঁদের সেই অসন্তোষের কথা তুলেও ধরেছেন। যার মধ্যে রয়েছে মাঠের ধারে অস্থায়ী তাঁবুর সাজঘর, ৫০০ মিটার দূরত্বে টয়লেট ও ক্রিকেটারদের জন্য হোটেলের ছোট ঘর। কর্তাদের বক্তব্য, ঘর এতটাই ছোট, একজন ক্রিকেটার তার কিটব্যাগ খুললে দ্বিতীয় জনের দাঁড়ানো বা বসার জায়গা থাকবে না।
বিসিসিআই একটি পর্যবেক্ষক দল পাঠাচ্ছে আইচি-নাগোয়াতে সব ব্যবস্থাপনা খতিয়ে দেখতে। সেই পর্যবেক্ষক দলের দেওয়া রিপোর্টের ওপর অনেককিছু নির্ভর করছে। সবকিছু মনোমত না হলে ভারত দ্বিতীয় সারির পুরুষ ও মহিলা ক্রিকেট দল পাঠানোর পথে হাঁটবে। আগে প্রথম সারির শক্তিশালী দল পাঠানোর কথা ভেবেছিল ভারত গত হ্যাংঝৌ এশিয়াডে জেতা সোনার পদক অক্ষুন্ন রাখার লক্ষ্যে। জানিয়েছিল, এশিয়াডে পুরুষ দল লড়বে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে। এছাড়া দলে সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিষাণ, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, আরশদীপ সিংয়ের মতো তারকা ক্রিকেটাররা থাকবেন। কিন্তু এখন পরিবর্তিত পরিস্থিতিতে দ্বিতীয় সারির দল এশিয়াডে অংশ নিলে অবাক হওয়ার কিছু নেই।
ভারতের সঙ্গে সুর মিলিয়ে একই কারণে এশিয়াডে দ্বিতীয় সারির দল পাঠানোর কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
