Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি তামিম ইকবল ভারত ও বাংলাদেশের মধ্যে হোয়াইট বল সিরিজ খেলা নিয়ে আশা ছাড়ছেন না। বিসিবি সভাপতি তামিমের বিশ্বাস, দু’‌দেশের ক্রিকেট দলের ঠাসা সূচীর মধ্যে আলোচনার মাধ্যমে একটা সমাধানসূত্র বেরোবে, যাতে ঘরের মাঠে তিনটি একদিনের ও তিনদিনের টি২০ ম্যাচের আয়োজন সম্ভব হয়।

‘‌নট আউট নরম্যান’‌ নামে এক ইউ টিউব চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে বিসিবি চিফ তামিম ইকবাল জানান, আগের পরিকল্পনামতো সেপ্টেম্বরে তিনটি একদিনের ও তিনটি টি২০ ম্যাচ হচ্ছে না। কারণ ওই সময়ে ১৩ সেপ্টেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দল টি২০ তিন ম্যাচের সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তামিমের মতে, ‘‌ দু’‌দেশের বোর্ড সিরিয়াসলি পরস্পরের মধ্যে ক্রিকেট সিরিজে অংশ নিতে আগ্রহী। একটা চেষ্টা চলছে সেই সময়টা বের করতে।’‌

তামিম জোর দিয়ে বলেন,‘‌যদি এই উদ্যোগটা নেতিবাচক হত, তাহলে এনিয়ে একটি কথাও আমি প্রকাশ্যে প্রচারমাধ্যমকে বলতাম না। দেখা যাক শেষপর্যন্ত কী হয়। আমি আশাবাদী। মনে করি সিরিজটা শেষপর্যন্ত হবেই। আলোচনা চলছে সিরিজের তারিখ বের করতে।’‌

এর আগে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে চিড় ধরে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া কেন্দ্র করে। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তি করার পর বিসিসিআইয়ের আপত্তিতে মুস্তাফিজুরকে বিনা কারণ না দর্শিয়ে বিদায় করা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। শুধু তাই নয়, তারা একদিনের ক্রিকেট বিশ্বকাপও বয়কট করে। এরপরই বাংলাদেশে রাজনৈতিক পালাবদল ঘটে। বিসিবির বিভিন্ন পদে ব্যাপক রদবদল ঘটে। বিবিসির মসনদে আসীন হন বাংলাদেশের নামী প্রাক্তন ক্রিকেটার-‌অধিনায়ক তামিম ইকবাল।

তামিমের বক্তব্য,‘‌ এটা ঠিক মুস্তাফিজুর ইস্যুতে গোটা দেশ খুব আঘাত পেয়েছিল, হতাশ হয়েছিল। তবে এই বিষয়টা আরও ভালভাবে হ্যান্ডেল করা যেত। বিশ্বকাপ খেলাটাও উচিত ছিল মনোমালিন্যটা অন্যভাবে মিটিয়ে। বিশ্বকাপ না খেলাটা ঠিক হয়নি। তখনও যেটা বলেছিলাম, এখনও সেটাই বলছি। শুরু থেকেই যদি আমরা গোঁ ধরে বসে থাকি, অনঢ় থাকি নিজের সিদ্ধান্তে, তাহলে ইতিবাচক কোনও সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় না। মনে করি, কিছু কিছু ক্ষেত্রে খেলাধুলোর জায়গাতে খেলাধুলোই অগ্রাধিকার পাওয়া উচিত, রাজনীতির আঙিনা ছেড়ে। সম্প্রতি কতরকম সমস্যা ঘটেছে খেলাধুলোর জগতে। দু’‌দেশের মধ্যে যুদ্ধ চলা সত্ত্বেও ইরান ফিফা ২০২৬ বিশ্বকাপ ফুটবলে অংশই শুধু নেয়নি, আমেরিকার মাটিতেই তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলে। আমি এটাই বোঝাতে চাইছি, মুস্তাফিজুরের বাদ দেওয়ার থেকেও আমেরিকা ও ইরানের মধ্যে লড়াইটা ছিল আরও তীব্র। দু’‌দেশের মধ্যে যুদ্ধ তখনও চলছিল, এখনও অব্যাহত। তাই আবারও বলছি, অসন্তোষ থাকলেও, আমাদের ক্রিকেট বিশ্বকাপ খেলা উচিত ছিল। সমস্যাটা অন্যভাবে মেটানো যেত আলোচনার টেবিলে, বয়কট কোনও সমাধান হতে পারে না।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...