মুনাল চট্টোপাধ্যায় : বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখতে লাখ লাখ খরচ করে আয়োজক দেশের স্টেডিয়ামে পৌঁছে যান ভারতীয়, বিশেষ করে কলকাতার ফুটবলপ্রেমীরা। আর সেখানে ঘরের মাঠে যুবভারতীতে ৩ অক্টোবর অনুষ্ঠেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে ভারতীয় ফুটবল দলের ম্যাচের খেলা দেখার সুযোগ। সেটা কী ছাড়া চলে নাকি। আর তাই বুধবার বিকেল ৪টেতে অফিসিয়াল টিকেটিং পার্টনারের তরফে সরকারিভাবে বাজারে ভারত-ব্রাজিল ম্যাচের টিকিট ছাড়তেই প্রিমিয়ার ক্যাটিগরির ৯৯৯ থেকে ৫০০০ টাকা দামের টিকিট ২০ মিনিটে নিঃশেষিত। পরিস্থিতি এমন দাঁড়ায় টিকিট সংগ্রহকারীদের অনলাইন বুকিং অ্যাপে প্রবেশ করতে হিমসিম খেতে হয়েছে। থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ ওয়েটিংয়ে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি প্রথমবার হবে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা ভারত। এর থেকে বড় সুযোগ আর সাম্প্রতিককালে আর আসেনি ভারতীয় ফুটবলারদের কাছে। যেটুকু জানা গেছে ব্রাজিল কোচ কার্লেস আনসেলোত্তি পুরো শক্তির দল নিয়েই আসছেন। সেই দলে ভিনিসিয়াস জুনিয়ার, রডড্রিগো, এন্ডরিকের মতো মতো তারকারা থাকছেন। নেইমারও হয়ত আসতেন, যদি না তিনি ফিফা ২০২৬ বিশ্বকাপ খেলে জাতীয় দল থেকে অবসর নিয়ে না ফেলতেন।
বিশ্বফুটবলে সাড়াজাগানো ব্রাজিলের সঙ্গে ভারতীয় ও কলকাতার ফুটবল সমর্থকদের একটা সম্পর্ক দীর্ঘকাল ধরে রয়েছে। ফুটবল সম্রাট পেলে ইডেন গার্ডনসের মাঠে কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় খেলে মন জয় করেছিলেন সকলের। খেলা ছাড়ার পরও কলকাতায় এসেছিলেন পেলে আবার। তখনও তাঁর জনপ্রিয়তা ছিল সমান। তবে ফুটবলের আর এক জাদুকর মারাদোনার খেলায় মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়ে ভারতবাসী। কলকাতার ফুটবলভক্তরা ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থনে দু’ভাগ হয়ে যান। কলকাতায় খেলা ছাড়াও পর দু’বার পা রেখেছিলেন মারাদোনা। কিন্তু পেলে ও মারাদোনার পর যাঁর জন্য ইদানিংকালে সবচেয়ে বেশি গলা ফাটিয়েছেন কলকাতার মানুষ, তিনি হলেন লিওনেল মেসি। ফর্মের শিখরে থাকার সময় তৎকালীন কোচ সাবেয়ার তত্ত্বাবধানে যুবভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেন মেসি ও পুরো শক্তির আর্জেন্টিনা দল। সেখানে এবার ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার মুখোমুখি হওয়ার পর ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিল জাতীয় দলের মোকাবিলা করবে ভারতীয় দল খালিদ জামিলের কোচিংয়ে। যুবভারতীতেই ৬ অক্টোবর দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারত। উরুগুয়ে দলের কোচের দায়িত্বে আছে বিশ্বকাপার দিয়েগো ফোরলান, যিনি কলকাতার মাঠে এটিকের বিরুদ্ধে মুম্বই সিটি এফসির জার্সিতে আইএসএলে খেলে গেছেন। পরেও আবার কলকাতায় এসেছিলেন একটি ফুটবলের রিয়েলিটি শোতে যোগ দিতে।
প্রিমিয়ার ক্যাটিগরির ১০ হাজার থেকে ১৫ হাজার টাকার টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। সেটাই স্বাভাবিক। কারণ ভারতীয় ফুটবলাররা বিশ্বকাপের ম্যাচ দেখতে এক লাখের ওপর দামের টিকিট কেটে থাকেন। সে তুলনায় তাঁদের কাছে টিকিটের এই মূল্য তো খুব বেশি নয়। সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম ৯৯৯ টাকা। যা টিকিট বিক্রির বুকিং শুরুর ২০ মিনিটের মধ্যে ফুরিয়ে গেছে। বাকি বিভিন্ন ক্যাটিগরির টিকিটের দাম রাখা হয়েছে, ১৫০০, ২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ টাকা। ভিআইপি টিকিটের মূল্য ১৫ হাজার টাকা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের তরফে বলা হয়েছে, ফিফা ২০২৬ বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও ভারতীয় ফুটবল দলের বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় দল। এটা ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির অঙ্গ। ব্রাজিলের জাতীয় কোচ কার্লেস আনসেলোত্তি দলটাকে নতুন করে গোছাতে চান ফুটবলারদের এই ম্যাচগুলোতে দেখে নিয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
