অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রীড়াপ্রেমী মানুষের জন্য খুশির খবর। ভারতের দুই ব্যাডমিন্টন তারকা সাত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি চীন মাস্টার্স বিডব্লিউএফ সুপার ৭৫০ টুর্নামেন্টের পুরুষ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন। বিশ্বের ৫ নম্বরে থাকা দুই ভারতীয় শাটলার এর আগে ২০২৩ ও ২০২৫য়ে এই টুর্নামেন্টে রানার্স হয়েছিলেন এবং ২০২৪য়ে সেমিফাইনালে উঠেই থেমে যান। রবিবার অবশ্য ফাইনালে সাত্বিকরাজ ও চিরাগ এক ঘন্টা ১০ মিনিট লড়াইয়ের পর বিশ্বের প্রাক্তন ৪ নম্বর চীনের হি জি তিং ও রেন জিয়াং ইউ জুটিকে ১১-২১, ২১-১৩ ও ২১-১৭ ফলে হারিয়ে খেতাব জিতে নেন।
গতমাসে দিল্লিতে অনুষ্ঠিত বিডব্লিউএফ চ্যাম্পিয়নশিপের কোয়ার্টারফাইনালে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন সাত্বিক ও চিরাগ জুটি। সেখানে এটা তাঁদের দ্বিতীয় সুপার ৭৫০ খেতাব, বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুরের ১০ নম্বর খেতাব ও সব মিলিয়ে এই বছরে চতুর্থ সাফল্য। পুরুষ ডাবলসে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন সাত্বিক ও চিরাগের এটা প্রথম চীন মাস্টার্স খেতাব প্রাপ্তি এই টুর্নামেন্ট ২০০৫ থেকে শুরু হওয়ার পর। এটা নিয়ে ভারতীয় দুই চ্যাম্পিয়ন জুটির ২০২৬য়ে বিডব্লিউএফ ওয়ার্ল্ড টুর টুর্নামেন্টের ফাইনালে ওঠা। এর আগে তাঁরা মে মাসে থাইল্যান্ড ওপেনে রানার্স ও সিঙ্গাপুর ওপেনে চ্যাম্পিয়ন হন।
চীন মাস্টার্সের এই সাফল্য জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের আগে নিজেদের সোনার পদক ধরে রাখার লড়াইয়ে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে সাত্বিক ও চিরাগ জুটিকে। চ্যাম্পিয়ন হয়ে সাত্বিকের প্রতিক্রিয়া, ‘ এখানে খেলার অভিজ্ঞতা ও অনুভূতি সবসময়ই অন্যরকম। আমরা চোট সারিয়ে দু’জনে এর আগে খেলেছিলাম। ২০২৪য়ে প্যারিস অলিম্পিক্সের পর খেলে সেমিফাইনালে উঠেছিলাম। গতবছরেও খেলেছিলাম, তবে ফর্মে না থাকলেও ফাইনালে উঠে হেরে যাই। এবার অবশ্য খালি হাতে ফিরতে হচ্ছে না বলে বেশি ভাল লাগছে। বিশেষ করে চোট সারিয়ে উঠে সাফল্য পাওয়ায়। প্রথম রাউন্ড ছাড়া প্রতিটি ম্যাচ গড়িয়েছিল তিন গেম পর্যন্ত। আমরা এবার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম। সেটা কাজে লাগায় খুশি।’
চিরাগের মতে, ‘ এটা একটা বিশেষ ধরনের অনুভূতি খেতাব জেতার কারণে। চীন মাস্টার্স জিতে এশিয়ান গেমসে খেলতে নামাটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াচ্ছে। একন ঘরে ফিরে পরবর্তী ১০ দিন কঠোর পরিশ্রম করব এশিয়ান গেমসে পদক জিততে। সোনা জিতে দেশকে গর্বিত করতে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
