Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কথায় আছে বাপ কা বেটা, সিপাহী কা ঘোড়া, কুছ নেহী তো থোড়া থোড়া। বেদান্তের ক্ষেত্রে এই কুছ নেহী তো থোড়া থোড়ার থেকে একটু বেশিই। আসলে বেদান্তর পরিচয় জানার পর আর তাঁর কীর্তির কথা জানার পর যে সংশয়টুকু পাঠকের মনে দেখা দিয়েছে, তা আর থাকবে না। দেশের জনপ্রিয় ফিল্ম স্টার আর মহাদেবনের নাম শোনেননি এমন মানুষ খুব কমই আছেন। থ্রি ইডিয়টস, তনু ওয়েডস মনু, ধুরন্ধরের মতো সিনেমায় মহাদেবনের অভিনয় দেশের দর্শকদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। তাঁর ছেলে বেদান্ত মাধবন।

অনেকেরই মনে হতে পারে, অন্য অনেক ফিল্ম স্টারের ছেলেমেয়ের মতো বেদান্ত বুঝি সিনেমা জগতে নেমে নাম কামিয়েছেন, বা কামাতে চলেছেন। না, বেদান্ত বেছে নিয়েছেন এক অন্য জগত। রুপোলি পর্দার মায়ার জগত ছেড়ে বাস্তবের লড়াইকে। আর সেটা হল খেলার জগত। খোলসা করে বললে আরও বুঝতে সুবিধা হবে সুইমিং পুলকে। সেটা শখ করে সাঁতার কাটার জন্য নয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে প্রতিষ্ঠা করা বাবা আর মাধবনের স্টারডমের ছায়া থেকে বেরিয়ে এসে।

প্রাথমিকভাবে সেই লক্ষ্যে সফল বেদান্ত। ২১ বছরের বেদান্ত ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় সুইমিং টিমের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ফ্রিস্টাইল সাঁতারু বেদান্ত জাপানের আইচি-‌নাগোয়া গেমসের সুইমিং পুলে আলোড়ন তুলবেন, এই অপেক্ষায় রয়েছেন বাবা আর মাধবন ও মা সরিতা বিরজে। অন্যদের মতো তাঁরা কখনও বেদান্তকে জোর করেননি সিনেমায় নামার জন্য। বরং ছেলের মধ্যে খেলাধুলো, বলা ভাল সাঁতারের প্রতি আকর্ষণ দেখে সবসময় উৎসাহ জুগিয়ে এসেছেন ওই ইভেন্টে সাফল্য পেতে। আর তার ফলে বেদান্ত ফ্রিস্টাইল সাঁতারে নিজের জাত চেনাতে পেরেছেন। ইতিমধ্যেই নানা আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে পদক জিতে নজর কেড়েছেন।

আর নিজের যোগ্যতায় আইচি-‌নাগোয়াতে অনুষ্ঠেয় ২০২৬ জাপান এশিয়ান গেমসে অংশগ্রহণের যোগ্যতার্জন করেছেন বেদান্ত। ১২ সদস্যের ভারতীয় সুইমিং দলে বর্ষীয়ান অলিম্পিয়ান শ্রীহরি নটরাজ, সজন প্রকাশের পাশে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে তাঁকে।

বেদান্ত মূলত একটু বেশি দূরত্বের সুইমিং ইভেন্টে নামতে পছন্দ করেন। কিন্তু আইচি-‌নাগোয়াতে সেটা সম্ভব হচ্ছে না দেশের সুইমিং টিমের স্বার্থে। আর সেই কারণে বেদান্তকে নিজের খাওয়া দাওয়ার ব্যাপারে যেমন ভারতীয় দলের ডায়াটেশিয়ানের পরামর্শ নিতে হচ্ছে, তেমন বিশেষ ধরনের ট্রেণিংও করতে হচ্ছে। এনিয়ে বেদান্তের বক্তব্য, ‘‌ গত কয়েকমাস ধরে ভিন্ন ধরনের ট্রেণিং সারছি। কারণ আমি মূলত একজন লং ডিস্টেন্স স্পেশালিস্ট সুইমার। কিন্তু আসন্ন এশিয়ান গেমসে আমি প্রতিদ্বন্দ্বিতা করব ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে, যা আমার কমফর্ট জোনর কিছুটা বাইরে। তার জন্য ওয়েটট্রেণিংয়েও জোর দিয়েছি পায়ের স্ট্রেংথ, কিক, ও গোড়ালির নমনীয়তা বাড়াতে।’‌

এশিয়ান গেমসের মতো বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কী ধরনের মানসিকতা থাকা দরকার, যখন দেশের কোটি কোটি মানুষের নজর থাকবে তাঁর দিকে?‌ আর বিশেষ করে যেখানে তাঁর নামের সঙ্গে বাবা আর মাধবনের একটা খ্যাতির পরিচয় জড়িয়ে আছে। এই প্রশ্নে বেদান্তের প্রতিক্রিয়া,‘‌ প্রথমত আমি বাবা-‌মার পরিচয় মাথায় রেখে প্রতিদ্বন্দ্বিতা করার কোনও চাপ নিয়ে সুইমিং পুলে নামি না। এশিয়ান গেমসেও নামব না। আমার সামনে একটাই লক্ষ্য থাকবে ভাল ফল করা। লক্ষ্য যদি আমি রাখি সুদূর তারার দেশে পৌঁছানোর, তবেই আমি চাঁদে পা রাখতে পারব।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...