Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টও জিতে নিতে পারত ভারত। পরিস্থিতি তেমনই ছিল। কিন্তু বাধ সাধল বৃষ্টি। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্লিনশিট না করেই দেশে ফিরতে হচ্ছে ভারতীয় ক্রিকেট দল-কে। দ্বিতীয় টেস্টে পোর্ট অফ স্পেনে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ভারত প্রথম ইনিংস শেষ করে ৪৩৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২৫৫ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে বেশি সময় নষ্ট করেনি ভারত। বৃষ্টির কারণে ম্যাচ বিঘ্নিত হওয়ায় ১৮১-২-এ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় ভারত। পঞ্চম দিন ৭৬-২ নিয়ে শুরু করার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু বৃষ্টি সব ভেস্তে দিল। ম্যাচ শুরুই করা গেল না। শেষ পর্যন্ত ড্র ঘোষণা করে দেওয়া হল। তাঁর ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুতে পুরো পয়েন্ট ঘরে তোলা হল না ভারতের।

প্রথম ইনিংসে ভারতীয় দল তথা ভারতীয় ব্যাটাররা একগুচ্ছ রেকর্ড করেছেন। যশস্বী জয়সওয়ালকে নিয়ে ওপেন করতে নেমে রোহিত শর্মা ১৩৯ রানের পার্টনারশিপ করেন। যশশ্বী ৫৭ ও রোহিত ৮০ রানে আউট হন। তিন নম্বরে নেমে আবার হতাশ করলেন শুবমান গিল। ১০ রান করে আউট হলেন তিনি। এখান থেকেই নিজের সেরা ইনিংস খেলে ফেললেন বিরাট কোহলি। রান আউট হওয়ার আগে ১১টি বাউন্ডারি হাঁকিয়ে ২০৬ বলে ১২১ রানের ইনিংস খেলেন তিনি।

অজিঙ্ক রাহানে ৮ রানে আউট হওয়ার পর রবীন্দ্র জাডেজা। ঈশান কিষান ও রবীচন্দ্রন অশ্বিন ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। জাডেজা ৬১, ঈশান ২৫ ও অশ্বিন ৫৬ রান করে আউট হন। এছাড়া জয়দেব উনাদকট ৭ ও মহম্মদ সিরাজ ০ রানে আউট হন। ১২৮ ওভার খেলে প্রথম ইনিংসে ৪৩৮ রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নেন কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। দুই উইকেট নেন জেসন হোল্ডার। একটি উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল।

প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৭৫ রান করে আউট হন। আর এক ওপেনার তেজিনারিন চন্দ্রপল ৩৩ রান করে আউট হন।  এছাড়া কার্ক ম্যাকেঞ্জি ৩২, জার্মিন ব্ল্যাকউড ২০, অ্যালিক অ্যাথানেজ ৩৭, জোশুয়া দা সিলভা ১০, জেসন হোল্ডার ১৫, আলজারি জোসেফ ৪, কেমার রোচ ৪ ও শ্যানন গ্যাব্রিয়েল কোনও রান না করেই আউট হয়ে যান। ৭ রানে অপরাজিত থাকেন জোমেল ওয়ারিকান।

ভারতের হয়ে পাঁচ উইকেট তুলে নেন মহম্মদ সিরাজ। দু’টি করে উইকেট নেন মুকেশ কুমার ও রবীন্দ্র জাডেজা। এক উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টিতে ভারতের ব্যাটিং বাধাপ্রাপ্ত হয়। বেশিক্ষণ ব্যাট করেনি ভারত। যশস্বী জয়সওয়াল ৩৮ ও রোহিত শর্মা ৫৭ রান করে আউট হন। শুবমান গিল ২৯ ও ঈশান কিষান ৫২ রান করে অপরাজিত থাকেন। ২৪ ওভার ব্যাট করে ১৮১-এ-এ ইনিংস ঘোষণা করে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্বিতীয় ইনিংসে শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান একটি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ থেমেছিল ৭৬-২-এ। ক্রেইগ ব্রেথওয়েট ২৮ ও কার্ক ম্যাকেঞ্জি কোনও রান না করেই আউট হয়ে যান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন অশ্বিন। পঞ্চম দিন ২৪ রান নিয়ে তেজিনারিন চন্দ্রপল ও ২০ রান নিয়ে জার্মিন ব্ল্যাকউডের ব্যাট করতে নামার কথা ছিল। শেষ দিন ভারতের জিততে হলে দরকার ছিল ৮ উইকেট। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের জিততে হলে দরকার ছিল ২৮৯ রান। কিন্তু ম্যাচই শুরু হল না। সময় পিছতে পিছতে শেষ দিনের খেলা বাতিল হয়ে গেল। ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হল। যার ফল ১-০-তে সিরিজ জিতে নিল ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *