অলস্পোর্ট ডেস্ক: দেশের আসন্ন ঘরোয়া ক্লাব মরশুম শুরু হচ্ছে আগামী ৩ অগস্ট ডুরান্ড ২০২৩-এর প্রথম ম্যাচের মধ্যে দিয়ে। এই ম্যাচে মুখোমুখি হতে চলেছে গত মরশুমের হিরো ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও বাংলাদেশ আর্মি।
দেশের সবচেয়ে পুরনো এই ফুটবল টুর্নামেন্টেই দেখা যাবে এ মরশুমের প্রথম কলকাতা ডার্বি। যা হবে ১২ অগাস্ট বিকেলে, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। গত মরশুমে ডুরান্ড কাপ ও হিরো আইএসএলে যে তিনবার দেখা হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দীর মধ্যে, প্রতিবারই সবুজ-মেরুন শিবির জয়ী হয়েছে। এ বার ঘুরে দাঁড়াতে পারবে কি না, লাল হলুদ শিবির, এই মরশুমে সেটাই দেখার বিষয়। তবে যেহেতু, দুই দলই এ বার শক্তিশালী দল গড়ার দিকে মন দিয়েছে, তাই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা যথেষ্ট।
এ বছরই ২৫ ফেব্রুয়ারি যুবভারতীতে শেষ দেখা হয়েছিল কলকাতার দুই জীবন্ত ফুটবল-দৈত্যের। হিরো আইএসএলের সেই ম্যাচে ২-০-য় জিতেছিল মোহনবাগান এসজি (তৎকালীন এটিকে মোহনবাগান)। তার ছ’মাস পরে ফের দেখা যাবে ভারতীয় ফুটবলের সেরা দ্বৈরথ।
ভারত স্বাধীন হওয়ার ৫৯ বছর আগে শুরু হয়েছিল যে ফুটবল টুর্নামেন্ট, সেই ডুরান্ড কাপের এ বার ১৩২তম সংষ্করণ হতে চলেছে। কলকাতা ছাড়াও গুয়াহাটি ও কোকড়াঝারেও হবে এ বারের ডুরান্ড কাপের ম্যাচগুলি। এই প্রথম ২৪টি দল এই টুর্নামেন্টে খেলবে। ভারত, নেপাল ও বাংলাদেশের ১৯টি ক্লাব ও পাঁচটি সেনা দলকে মোট ছ’টি গ্রুপে ভাগ করা হচ্ছে। প্রতি গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে সরাসরি উঠবে এবং ছয় গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলগুলির মধ্যে দু’টি সেরা দলও যাবে শেষ আটে। তার পরে সেমিফাইনাল ও ফাইনাল, যার পুরোটাই হবে কলকাতায়। গতবার ফাইনালে মুম্বই সিটি এফসি-কে ২-১-এ হারিয়ে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল বেঙ্গালুরু এফসি।
‘এ’ গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ আর্মি ও পাঞ্জাব এফসি। ‘বি’ গ্রুপে থাকছে ভারতীয় নৌসেনা, জামশেদপুর এফসি, মহমেডান এফসি ও গতবারের হিরো আইএসএলে লিগশিল্ডজয়ী মুম্বই সিটি এফসি। ‘সি’ গ্রুপে গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি, কেরালা ব্লাস্টার্সের সঙ্গে রয়েছে গোকুলম কেরালা এফসি ও ভারতীয় বিমানবাহিনীর দল। ‘ডি’ গ্রুপে এফসি গোয়া ও নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে থাকছে ডাউনটাউন হিরোজ এফসি ও শিলং লাজং এফসি। গ্রুপ ‘ই’-তে চেন্নাইন এফসি, হায়দরাবাদ এফসি-র সঙ্গে থাকবে ত্রিভূবন আর্মি এফসি ও দিল্লি এফসি। গ্রুপ ‘এফ’-এ ভারতীয় সেনাবাহিনী ও বোড়োল্যান্ড এফসি-র সঙ্গে থাকবে ওডিশা এফসি ও রাজস্থান ইউনাইটেড এফসি।
এ দিকে মরশুমের প্রথম টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতার দুই হিরো আইএসএল ক্লাব। রবিবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান এসজি এবং সোমবার থেকে প্রস্তুতি শুরু হচ্ছে ইস্টবেঙ্গল এফসি-র। স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে রবি ও সোমবার মূলত ডাক্তারী পরীক্ষা ও শারীরিক সক্ষমতা বাড়ানোর অনুশীলন হয়েছে বলে ক্লাবসূত্রে জানা গিয়েছে। তাদের বেশিরভাগ ফুটবলারই শিবিরে যোগ দিয়েছেন বলে জানিয়েছে ক্লাব।
অন্যদিকে, সোমবার ভোরে কলকাতায় এসে পৌঁছন ইস্টবেঙ্গল এফসি-র স্প্যানিশ কোচ কার্লস কুয়াদ্রাত। ভারতে কোচিং করানোর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ৫৪ বছর বয়সী কুয়াদ্রাতের। ২০১৬ থেকে ২০১৮—ভারতে তাঁর প্রথম পর্বে কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসি-র সহকারী কোচের পদে ছিলেন ও তাদের ফেডারেশন কাপ, প্রথম হিরো সুপার কাপ জিততে সাহায্য করেন। সেই সময়ে বেঙ্গালুরু এফসি প্রথম ভারতীয় দল হিসেবে এএফসি কাপের ফাইনালে উঠেছিল। এর পরে, ২০১৮-য় প্রধান কোচ হিসেবে বেঙ্গালুরু এফসি-র দায়িত্ব নেন তিনি। প্রথম মরশুমেই (২০১৮-১৯) দলকে প্রথম হিরো আইএসএল চ্যাম্পিয়ন করেন কুয়াদ্রাত। তাঁরই প্রশিক্ষণে বেঙ্গালুরু একই মরশুমে লিগসেরা ও ট্রফিজয়ী দুইই হয়। তিনি ভারতে কোচিং করতে এসে বেশিরভাগ ক্ষেত্রে সাফল্যই পেয়েছেন। তাঁরও দল নিয়ে মঙ্গলবার থেকে অনুশীলনে নামার কথা।
দুই ক্লাবই কলকাতায় চলতি প্রিমিয়ার ডিভিশন লিগে খেলছে। মোহনবাগান এসজি ও ইস্টবেঙ্গল এফসি দুই ভিন্ন গ্রুপে রয়েছে। গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে। ১৩টি গোল করে চারটি গোল খেয়েছে তারা। গ্রুপ ‘এ’-তে ইস্টবেঙ্গল এফসি তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে ও একটিতে ড্র করেছে। ড্র দিয়েই এই লিগ শুরু করে তারা। সোমবার টানা তিন ম্যাচ জিতে হ্যাটট্রিকের মুখে রয়েছে তারা।
ডুরান্ডের লিগ পর্বের ম্যাচ শেষ করে মোহনবাগানকে খেলতে যেতে হবে এএফসি কাপের প্রাথমিক পর্বে। সেখানে তাদের প্রথম ম্যাচ ১৫ অগাস্ট। হিরো আইএসএল ২০২২-২৩-এর নক আউট চ্যাম্পিয়নদের খেলতে হবে নেপালের মাচিন্দ্রা এফসি অথবা ভুটানের পারো এফসি-র বিরুদ্ধে। ৮ অগাস্ট মাচিন্দ্রা ও পারোর মধ্যে ম্যাচ দিয়ে এই অঞ্চলের পর্ব শুরু হবে। এই ম্যাচে যারা জিতবে, তারাই এক সপ্তাহ পরে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে। তাদের ম্যাচের দিনই বাংলাদেশের আবাহনী লিমিটেড ঢাকা মুখোমুখি হবে মলদ্বীপের ক্লাব ঈগলসের। মোহনবাগান ১৫ অগাস্টের ম্যাচে জিতলে সে দিনের এই অন্য ম্যাচের বিজয়ীদের বিরুদ্ধে খেলবে। তবে ১৫ অগাস্টের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তাদের নামতে হবে মরশুমের প্রথম ডার্বিতে। যে ম্যাচের অপেক্ষায় গত ছ’মাস ধরে রয়েছেন দুই ক্লাবের লক্ষ লক্ষ সমর্থকেরা।
ডুরান্ড কাপ ২০২৩-এ কলকাতার দুই দলের গ্রুপ পর্ব ও নক আউট পর্বের সূচী
৩ অগস্ট- মোহনবাগান এসজি বনাম বাংলাদেশ আর্মি (সন্ধ্যা ৫.৪৫)
৬ অগস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম বাংলাদেশ আর্মি (বিকেল ৪.৪৫)
৭ অগস্ট- মোহনবাগান এসজি বনাম পাঞ্জাব এফসি (সন্ধ্যা ৬.০০)
১২ অগস্ট- মোহনবাগান এসজি বনাম ইস্টবেঙ্গল এফসি (বিকেল ৪.৪৫)
১৬ অগস্ট- ইস্টবেঙ্গল এফসি বনাম পাঞ্জাব এফসি ( সন্ধ্যা ৬.০০)
কোয়ার্টার ফাইনাল
২৪-২৭ অগস্ট (প্রতিদিন সন্ধ্যা ৬.০০)
সেমিফাইনাল
২৯ অগস্ট- কোয়ার্টার ফাইনাল ১ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ২ জয়ী (বিকেল ৪.০০)
৩১ অগস্ট কোয়ার্টার ফাইনাল ৩ জয়ী বনাম কোয়ার্টার ফাইনাল ৪ জয়ী (বিকেল ৪.০০)
ফাইনাল
৩ সেপ্টেম্বর-(৪.০০)
সরাসরি সম্প্রচার
সোনি স্পোর্টস টেন ২ ও সোনি লিভ অ্যাপ
(লেখা আইএসএল ওয়েবসাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
