Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি-র জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করে দিল হকি ইন্ডিয়া। সেই দলে জায়গা হল না পাঁচ নিয়মিত ফরোয়ার্ডের। তাঁরা হলেন ললিত উপাধ্যায়, অভিষেক, পবন, দিলপ্রীত সিং এবং সিমরনজিৎ সিং। যারা বর্তমানে স্পেনে ভারতীয় দলের সঙ্গে ১০০তম বার্ষিকী স্প্যানিশ হকি ফেডারেশন-আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ৩ থেকে ১২ অগস্ট মেজর রাধাকৃষ্ণন স্টেডিয়ামে বসতে চলেছে এই টুর্নামেন্টের আসর। তার আগে রয়েছে ২৫ থেকে ৩০ জুলাই স্প্যানিস হকি ফেডারেশনের টুর্নামেন্ট।

ড্র্যাগ ফ্লিকার হরমনপ্রীত সিং দলের নেতৃত্বে থাকবেন এবং মিডফিল্ডার হার্দিক সিং-কে দেখা যাবে সহ-অধিনায়ক হিসেবে। প্রো লিগের ইউরোপীয় পর্বে ডিফেন্ডার হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর মনপ্রীত সিং মিডফিল্ডে ফিরবেন।

টুর্নামেন্টের পুল পর্বে ভারতের মুখোমুখি হবে কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান এবং চিন। এই টুর্নামেন্টটি এক কথায় হ্যাংঝৌ এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দেখছে ভারতীয় হকি দল। যা হকির জন্য ২০২৪-এর প্যারিস অলিম্পিক বাছাইপর্বের টুর্নামেন্টও।

অভিজ্ঞ পিআর শ্রীজেশ এবং কৃষাণ বাহাদুর পাঠক রয়েছেন দলের গোলরক্ষকের ভূমিকায়। ডিফেন্ডার অমিত রোহিদাস, মিডফিল্ডার বিবেক সাগর প্রসাদ এবং প্রাক্তন অধিনায়ক মনপ্রীতের মতো অভিজ্ঞ তারকারাও রয়েছে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য।

মঙ্গলবার এক বিবৃতিতে প্রধান কোচ ক্রেইগ ফুলটন বলেছেন, “আমরা খুব ভেবে এই দল বেছে নিয়েছি। যারা এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের মান রাখবে বিশ্বের দরবারে।”

“স্কোয়াডে তারুণ্য এবং অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে। দলের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ পর্যায় কারণ আমরা বুধবার স্পেনে ১০০তম বার্ষিকী স্প্যানিশ হকি ফেডারেশন-আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করব এবং এই টুর্নামেন্টের পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে খেলতে সরাসরি চেন্নাই উড়ে যাব।”

ভারতীয় হকি দল

গোলরক্ষক: পিআর শ্রীজেশ, কৃষাণ বাহাদুর পাঠক।

ডিফেন্ডার: জার্মানপ্রিত সিং, সুমিত, জুগরাজ সিং, হরমনপ্রীত সিং (অধিনায়ক), বরুণ কুমার, অমিত রোহিদাস।

মিডফিল্ডার: হার্দিক সিং (সহ-অধিনায়ক), বিবেক সাগর প্রসাদ, মনপ্রীত সিং, নীলকান্ত শর্মা, শমসের সিং।

ফরোয়ার্ড: আকাশদীপ সিং, মনদীপ সিং, গুরজন্ত সিং, সুখজিৎ সিং, এস কার্তি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *